সৌম্যর ব্যাটে রানে ফেরার আভাস

মেঘলা আবহাওয়ার কারণে খেলা শুরু হতে দেরি হলো দেড় ঘণ্টা। ম্যাচের দৈর্ঘ্যও কমে গেল ৫ ওভার। কিন্তু তারপরেও মোহামেডানের সামনে বাধার দেয়ালটা মন্দ তোলেনি লিজেন্ড অব রূপগঞ্জ।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৪৫ ওভারের ম্যাচে মোহামেডানের বিপক্ষে ৮ উইকেটে ২৩২ রান তুলেছে রূপগঞ্জ।
গতকালের বৃষ্টির পার্শ্বপ্রতিক্রিয়ায় আজ উইকেট একেবারে খটখটে নয়। মোহামেডান বোলাররা শুরুর দিকে একটু সুবিধাই পাচ্ছিলেন। তার মধ্যেই রূপগঞ্জের দুই ওপেনার মোহাম্মদ মিঠুন ও সৌম্য সরকার গড়ে ফেললেন ৮৯ রানের জুটি। প্রথম পর্বে আবাহনীর বিপক্ষে ৮৪ রানের ইনিংসের পর গত পাঁচ ম্যাচে রান পাননি সৌম্য। সর্বোচ্চ ইনিংস ছিল শেখ জামাল ধানমন্ডির বিপক্ষে সর্বশেষ ম্যাচের ২৯। তবে আজ শুরু থেকেই তার ব্যাটে আক্রমণ। মিলল রানে ফেরার আভাসও। প্রথম রানটা পেতে আট বল খেলেছেন, কিন্তু শুভাশিস রায়কে মারা সৌম্যর প্রথম স্কোরিং শটটাই ছিল বাউন্ডারি।
নাঈম ইসলামের বলে বদলি ফিল্ডার ফয়সাল হোসেনের ক্যাচ হওয়ার আগে ৪৩ বলে করেছেন ৪০ রান। আরও তিনটি বাউন্ডারির সঙ্গে সৌম্য নিজের একমাত্র ছক্কাটি মেরেছেন নাঈম ইসলাম জুনিয়রকে।
সৌম্যর ফিরে যাওয়া ছোটখাট একটা ধসই নামিয়েছিল রূপগঞ্জের ইনিংসে। ৪০ রানের ব্যবধানে পড়ে ৫ উইকেট। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম উইকেট তে পড়েছে মাত্র ৭ রানের ব্যবধানে! বিপর্যয়ের এই সময়টায় রূপগঞ্জ হারায় দলের পক্ষে একমাত্র ফিফটি করা মোহাম্মদ মিঠুনকে (৫৯)।
সাজ্জাদুল হক (২৪) ও মোশাররফ হোসেনের (৩২) ৫১ রানের ষষ্ঠ উইকেটে জুটিটা না হলে পরিস্থিতি হতে পারত আরও খারাপ। সেটা তো হয়ইনি, বরং ওই জুটিতে অনুপ্রাণিত হয়েই শেষ দিকে আক্রমণাত্মক হয়ে উঠল আলাউদ্দিন বাবু আর ভারতীয় অলরাউন্ডার পবন নেগীর ব্যাট।
৪২ তম ওভারের চতুর্থ বলে জুটি গড়ে দুজনে একসঙ্গে ছিলেন ৪৫ তম ওভারের পঞ্চম বল পর্যন্ত। রূপগঞ্জের স্কোরবোর্ডে এই সময়ে যোগ হয়েছে ৪১ রান। হাবিবুর রহমানের ৪৪ তম ওভারেই এসেছে ১৭। তৃতীয় বলে পবনের বাউন্ডারির পর শেষ দুই বলে ছক্কা আর চার মেরেছেন আলাউদ্দিন বাবুও। পবনের চার আর ছক্কায় ইনিংসের শেষ ওভারেও এসেছে ১৬।