খেলা ছাড়ার পরেও স্বাস্থ্য সচেতন ছিলেন সৌরভ

সৌরভকের বাইপাস লাগছে না।ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যকর জীবন যাপনই করেন সৌরভ গাঙ্গুলী। খেলা ছাড়ার পর থেকে এখনো ফিটনেস ধরে রাখার অভ্যাসটা ছাড়েননি। খাওয়াদাওয়াও খুব পরিমিত। পারতপক্ষে চর্বিজাতীয় খাবার স্পর্শ করেন না। সিগারেটে কোনো দিন টান দেননি। অ্যালকোহলের ধারকাছ দিয়েও যান না। সে কারণেই ভারতের সাবেক অধিনায়কের হৃদ্‌রোগে আক্রান্ত হওয়া বেশ বিহ্বল করে দিয়েছে তাঁর ভক্তদের। তবে স্বস্তির বিষয় তিনি এখন ভালো আছেন।

প্রথম আলোর কলকাতা প্রতিনিধি জানিয়েছেন, আজ সৌরভকে দেখতে কলকাতা আসছেন ভারতের বিখ্যাত হৃদ্‌রোগ বিশেষজ্ঞ দেবি শেঠি। তিনি সব পরীক্ষা–নিরীক্ষা করে সৌরভের ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেবেন। শনিবারই তাঁর হৃদ্‌যন্ত্রের তিনটি ধমনিতে ব্লকেজ ধরা পড়ে। সেদিনই রিং পরানো হয় একটিতে। দেবি শেঠির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বাকি দুটিতে রিং পরানো হবে কি না। তাঁর চিকিৎসার জন্য ইতিমধ্যেই ৮ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

সৌরভ গাঙ্গুলীর জন্য উদ্বেগ সর্বত্র।
ফাইল ছবি

সৌরভের অসুস্থতায় উদ্বেগ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ফোন করে কথা বলেন সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলীর সঙ্গে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌরভকে দেখতে শনিবারই হাসপাতালে গিয়েছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডোনাকে জানিয়েছেন, প্রয়োজনে সৌরভের আরও উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়ার কথা।

শনিবার সকালে বাড়ির ট্রেডমিলে হাঁটার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন বিসিসিআই সভাপতি। তাঁকে প্রায় সঙ্গে সঙ্গেই হাসপাতালে নেওয়া হয়। কলকাতায় যে হাসপাতালে সৌরভ চিকিৎসাধীন আছেন, সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকদের সূত্রে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সৌরভ এখন অনেকটাই সুস্থ বোধ করছেন। তাঁর অক্সিজেন সাপোর্টও লাগছে না। দুই রাতই তাঁর ভালো ঘুম হয়েছে। খাওয়াদাওয়াও করেছেন স্বাভাবিকভাবেই।