সৌরভ সাকলায়েনের হৃদয় জিতেছিলেন ৪০ মিনিটেই

>এক সময় ইংলিশ কাউন্টি দল সাসেক্সের হয়ে খেলতেন সাকলায়েন মুশতাক। একবার ইংল্যান্ড সফরে গিয়ে নিজের ব্যবহার দিয়েই পাকিস্তানি অফ স্পিনারের হৃদয় জিতেছিলেন সৌরভ গাঙ্গুলী।
চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের হয়ে খেলোয়াড়ি জীবনে তাঁরা দুজন মুখোমুখি হতেন একে-অপরের। ক্রিকেট ছাড়ার পর পথটা আলাদা হয়ে গেছে। সাকলায়েন মুশতাক জড়িয়ে পড়েন কোচিংয়ে। সৌরভ গাঙ্গুলী জড়িয়েছেন ক্রিকেটের সাংগঠনিক কাজে। বর্তমানে সে ভূমিকায় অর্থাৎ, ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে সৌরভ বেশ ভালো করছেন বলেই মনে করেন পাকিস্তানের সাবেক স্পিনার সাকলায়েন মুশতাক। ক্রিকেটার থাকতে সৌরভের সঙ্গে সুখকর একটি স্মৃতিও সবার সঙ্গে ভাগ করে নিলেন সাবেক এ অফ স্পিনার।
ইউটিউবে ঘটনাটি নিয়ে সাকলায়েন বলেন, ‘ভারত ইংল্যান্ড সফরে গিয়েছিল। আমি তখন সাসেক্সের হয়ে খেলি। সাসেক্সে তাদের (ভারত) তিন দিনের অনুশীলন ম্যাচ ছিল কিন্তু তাতে সৌরভ খেলেনি। টস জিতে ব্যাটিংয়ে নেমেছিল সাসেক্স। এটা সম্ভবত ২০০৫-০৬ মৌসুমের ঘটনা। দুই হাঁটুতে অস্ত্রোপচার করিয়ে তখন বিছানায় ছিলাম ৩৬-৩৭ সপ্তাহ। সৌরভরা যখন ইংল্যান্ডে আসে আমি তখন মাঠে ফেরার চেষ্টা করছি। আর সৌরভ খেলা দেখতে এসেছিল মাঠে।সাসেক্স ব্যাটিংয়ে থাকতে বারান্দায় আমাকে দেখতে পায় সৌরভ। আমি তাকে দেখিনি। এরপর সে সাসেক্সের ড্রেসিং রুমে এসে আমার সঙ্গে দেখা করে এবং একসঙ্গে কফি খাওয়ার প্রস্তাব দেয়। আমার হাঁটু, পরিবার ও জীবনযাপনের খোঁজ নিচ্ছিল। এভাবে দুজনের মধ্যে কথা শুরু হয় এবং প্রায় ৪০ মিনিটের মতো আলাপচারিতায় বসে আমার হৃদয় জিতে নেয়।’
সৌরভকে নিয়ে নিজের স্মৃতিচারণ করলেও সাকলায়েনের স্মৃতিতে একটু খাদ আছে। তিনি ২০০৫-০৬ মৌসুমের কথা বললেও সে মৌসুমে ভারত ইংল্যান্ডে কোনো সফরে যায়নি। এমনকি সাকলায়েন নিজেও সাসেক্সের সঙ্গে চুক্তিবদ্ধ হন ২০০৭ সালে। ভারত সে বছর ইংল্যান্ড সফর করেছিল। তবে সন-তারিখ এদিক-সেদিক হলেও সৌরভের প্রতি সাকলায়েনের ইতিবাচকতায় কিন্তু কোনো খাদ নেই। এ ব্যাপারে তিনি শতভাগ আন্তরিক।
৪২ বছর বয়সী সাকলায়েন মনে করেন, ভারতের অধিনায়ক হিসেব সৌরভ যতটা সফল বিসিসিআই সভাপতি হিসেবেও ততটাই সাফল্য পাবেন, ‘ভারতের অধিনায়ক হিসেবে সৌরভ দারুণ করেছে। আমি নিশ্চিত বিসিসিআই সভাপতি হিসেবেও সে একইভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবে।’ তবে সাকলায়েন এসব মন্তব্য পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফের ভালো নাও লাগতে পারে। কিছুদিন আগে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে নিয়ে চার জাতি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথা জানান সৌরভ। রশিদ লতিফ এ পরিকল্পনার তুমুল সমালোচনা করেছেন।