সৌরভকে নিয়ে মুখ খুললেন রবি শাস্ত্রী

>সৌরভ গাঙ্গুলি বিসিসিআইয়ের সভাপতি হওয়ার পর এই প্রথম নিজের মতামত জানালেন ভারতের কোচ রবি শাস্ত্রী।
সৌরভ গাঙ্গুলি বিসিসিআইয়ের সভাপতি হয়েছেন, তাও বেশ কয়েক দিন হয়ে গেল। এটি নিয়ে ভারতের কোচ রবি শাস্ত্রীর কোনো বক্তব্য শোনা যায়নি। এত দিন পরে এসে মুখ খুললেন শাস্ত্রী।
সৌরভকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন শাস্ত্রী, ‘বিসিসিআইয়ের সভাপতি হওয়ার জন্য আমার পক্ষ থেকে সৌরভকে প্রাণঢালা অভিনন্দন। আবারও প্রমাণিত হলো, যে ভারতের ক্রিকেট ঠিক দিকেই এগিয়ে যাচ্ছে।’
শাস্ত্রীর সঙ্গে সৌরভের সম্পর্ক যে খুব ভালো, তা বলা যাবে না। ওদিকে সৌরভ গাঙ্গুলীর বন্ধুতালিকায়ও শাস্ত্রী নাম আছে, তা মনে হয় না। এর পেছনে কারণও আছে। ২০১৬ সালে ভারতের কোচ নির্বাচন করার দায়িত্ব দেওয়া হয়েছিল ক্রিকেট পরামর্শক কমিটিকে, যে কমিটিতে ছিলেন সৌরভও। সেবার শাস্ত্রীকে বাদ দিয়ে অনিল কুম্বলেকে কোচ বানিয়েছিলেন সৌরভরা।
ব্যাপারটা হজম করতে পারেননি শাস্ত্রী। এক বছর পর কুম্বলেকে সরিয়ে সেই শাস্ত্রীকেই কোচ বানায় ক্রিকেট পরামর্শক কমিটি। পরের কমিটিতেও ছিলেন সৌরভ। তাও, প্রথমবারের পর দুজনের সম্পর্কের যে অবনতি হয়েছিল, তা মাথায় রেখে অনেকে ভেবেছিলেন বিসিসিআইয়ের সভাপতি হওয়ার পর সবার আগে শাস্ত্রীর ওপরই হবেন খড়্গহস্ত।
আপাতত দুজন সেই ‘শত্রুতা’ এক পাশে সরিয়ে রেখেছেন বলেই মনে হচ্ছে। অন্তত দুজনের কথা শুনে এটাই মনে হচ্ছে। বিসিসিআইয়ের সভাপতি হওয়ার পর সৌরভ নিজেও বলেছিলেন, শাস্ত্রীকে তাঁর চাকরি নিয়ে চিন্তা করলেও চলবে। শাস্ত্রী কোচ হিসেবে বেশ ভালো করছেন, তাই তাঁকে সরানোর প্রশ্নই আসে না, বলেছিলেন সৌরভ।
সৌরভের নরম সুর শুনেই কি না, এবার সৌরভ-বন্দনায় যোগ দিলেন শাস্ত্রীও। যোগ্য হাতেই বিসিসিআইয়ের দায়িত্ব গিয়েছে বলে মনে করছেন তিনি, ‘ও একজন জাত নেতা। ওর মতো কেউ যখন বিসিসিআইয়ের সভাপতি হয়, যে কিনা চার-পাঁচ বছর আগে থেকেই ক্রিকেট প্রশাসনের সঙ্গে জড়িয়ে পড়েছে, সেটা ভারতীয় ক্রিকেটের জন্যই সুসংবাদ। বিসিসিআইয়ের অবস্থা এখন তেমন ভালো নয়। অনেক কাজ করতে হবে এখন বিসিসিআইকে ঠিক পথে আনতে গেলে। সে জন্য সৌরভই উপযুক্ত লোক। ওর প্রতি আমার শুভকামনা রইল।’
একই সঙ্গে শাস্ত্রী আশা করছেন, সৌরভ আসার ফলে দেশের একাডেমি থেকেও প্রতিভাবান তরুণেরা উঠে আসবে আরও বেশি, 'জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি বিসিসিআইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠন। অ্যাকাডেমিটা যেন সব সময় ভালো ভাবে চলে, সে দিকে নজর রাখতে হবে। কারণ ওখান থেকেই তরুণেরা উঠে আসবে। সৌরভ যেহেতু বিসিসিআইয়ের সভাপতি হয়েছে, আর ওদিকে জাতীয় অ্যাকাডেমির দায়িত্বে যেহেতু রাহুল দ্রাবিড় আছে, এর থেকে ভালো কিছু হতেই পারে না!’