সৌরভের আমন্ত্রণের কোপ প্রিমিয়ার লিগে
ঢাকার প্রিমিয়ার ক্রিকেট লিগ পিছিয়ে যাওয়া অনুমিতই ছিল। কিন্তু সম্ভাব্য সময়ের চেয়ে সেটি আরও পিছিয়ে গেল কালকের বিসিবি সভায়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী লিগ শুরু হবে আগামী ২ নভেম্বর।
১০ অক্টোবর থেকে পিছিয়ে লিগ শুরুর তারিখ ছিল ১৪ অক্টোবর। কিন্তু জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতির জন্য ১৬ থেকে ১৮ অক্টোবর একটি তিন দিনের ম্যাচ খেলতে চান জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। শীর্ষ ২৬-২৮ জন ক্রিকেটার ওই ম্যাচে খেলবেন বলে ধারণা করা হচ্ছিল, লিগ পিছিয়ে যেতে পারে ৮-১০ দিন। লিগ শুরুর পথে নতুন বাধা হয়ে এল সৌরভ গাঙ্গুলীর আমন্ত্রণ। কলকাতার ইডেন গার্ডেনের দেড় শ বছর পূর্তি উপলক্ষে চার দলের একটি টুর্নামেন্ট আয়োজন করছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। ওই টুর্নামেন্টে বাংলাদেশের একটি দল চেয়ে অনুরোধ জানিয়েছেন সিএবির যুগ্ম সচিব সৌরভ।
সাবেক ভারত অধিনায়কের ওই অনুরোধে সাড়া দিতেই পিছিয়ে দেওয়া হয়েছে লিগ, জানালেন বিসিবি প্রধান নাজমুল হাসান, ‘এই টুর্নামেন্টে অংশগ্রহণ অত্যন্ত জরুরি আমাদের জন্য। যেহেতু মাত্র এক সপ্তাহের টুর্নামেন্ট (২৩ থেকে ৩০ অক্টোবর), এ কারণে আমরা সিসিডিএমকে বলেছি দরকার হলে প্রিমিয়ার লিগ পিছিয়ে দেব। সে অনুযায়ীই সিদ্ধান্ত হয়েছে লিগ শুরু হবে ২ নভেম্বর। আর ওই টুর্নামেন্ট “এ” দলের ক্রিকেটারদের দিয়ে মোটামুটি একটা দল পাঠাব।’
এ টুর্নামেন্টে অংশগ্রহণ কেন ‘অত্যন্ত জরুরি’, সেটা অনেকেরই বোধগম্য নয়। বন্ধুতার জন্য দল পাঠাতে হলেও সেই দল কেন খুব ভালো মানের হতে হবে, সেই প্রশ্নও থাকছে। সবচেয়ে বড় প্রশ্ন, তিন দিনের প্রস্তুতি ম্যাচই হোক বা পশ্চিমবঙ্গে দল পাঠানো, সেটার কোপ কেন পড়বে প্রিমিয়ার লিগে? বিসিবি কর্তাদের মুখস্থ উত্তরটাও জানা, ‘ক্লাবগুলো রাজি হয় না মূল ক্রিকেটারদের ছাড়া খেলতে।’ কিন্তু ক্লাব কর্তারাই তো বোর্ড কর্তা! বাংলাদেশের ক্রিকেট প্রশাসনের মূল সমস্যাটিই আরেকবার উঠে আসছে এতে। ক্লাবগুলোর কাছে জিম্মি ক্রিকেট!