বিশ্বকাপের দুই স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কন্ডিশনটা এই উপমহাদেশের দলগুলোর জন্য সহায়ক নয়। ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু ক্রিকেটের বিশ্বযজ্ঞে তাই এবার অনেকেই ভারতের জন্য আশার আলো দেখছেন না। তবে সৌরভ গাঙ্গুলী এই দলে নন। ক্রিকেট ছেড়ে ধারাভাষ্যকার ও টিভি সঞ্চালক হয়ে ওঠা ভারতের সাবেক অধিনায়কের রায়, ভারত এবারও ফেবারিট, ‘বিশ্বকাপ জয়ের ভালো সম্ভাবনা আছে ভারতের। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছি বলেই এটা বলছি না। আমি বিশ্বাস করি খেলাটা যখন ওয়ানডে, সব সময়ই তাতে জেতার সুযোগ ভারতের।’
পরশু কলকাতায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সৌরভ বললেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের সাম্প্রতিক টেস্ট ফর্ম নিয়েও। চার টেস্টের সিরিজ ভারত ২-০-তে হারলেও সৌরভ মনে করেন ওই সিরিজের ফলাফল ওয়ানডের পারফরম্যান্সে প্রভাব ফেলবে না, ‘ব্যাটিংয়ের দিকে তাকিয়ে দেখুন, দলের লম্বা লাইনআপ। তা ছাড়া টেস্টের চেয়ে ওয়ানডে খেলাটাও অপেক্ষাকৃত সহজ। বোলাররাও ভালো করবে এখানে।’ বিশ্বকাপের জন্য ভারতীয় নির্বাচকেরা সময়ের সেরা দলটিকেই বেছে নিয়েছেন বলেও মনে করেন ভারতের সাবেক অধিনায়ক।
বিশ্বকাপে ভারত কেমন করবে তারই একটা পরীক্ষা হয়ে যাবে আজ। ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ধোনি-কোহলিরা আজ মুখোমুখি ফিঞ্চ-ওয়ার্নারদের। পিটিআই।