সৌরভের ভাবনাজুড়ে এখন ফুটবল

ফুটবলটাকে বড্ড বেশি ভালোবাসেন সৌরভ গাঙ্গুলি। তিনি নিজে ক্রিকেটের আন্তর্জাতিক তারকা হতে পারেন, কিন্তু ফুটবলটা তাঁর কাছে সব সময়ই এক মধুর নস্টালজিয়া। বিভিন্ন সাক্ষাৎকারে, আলাপে বারবারই জানিয়েছেন ফুটবল তাঁর জীবনের আর এক অনুষঙ্গ। জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় পর্যন্ত ফুটবল খেলেই খুঁজে নিয়েছেন আনন্দের উপলক্ষ। ক্রিকেট হয়তো তাঁকে খ্যাতি দিয়েছে, কিন্তু ফুটবলটা তাঁর কাছে রীতিমতো প্রথম ভালোবাসার মতোই এক ব্যাপার।
সৌরভ এই মুহূর্তে আছেন ফুটবল নিয়েই। আর কদিন পরেই ভারতে শুরু হতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ফুটবল প্রতিযোগিতা—ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)। সৌরভ এই আইএসএলের অন্যতম দল অ্যাটলেটিকো ডি কলকাতার একজন মালিক। ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তাঁর তারকাখ্যাতির পুরোটাই ঢেলে দিয়েছেন ফুটবলকে। কিন্তু কেন? তাঁর মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজির একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে এর রহস্যই ব্যাখ্যা করেছেন ভারতীয় দলের সর্বকালের অন্যতম সফল এই অধিনায়ক।
‘ফুটবলে মেতে থাকার কারণ কিছুই নয়। আমি চাই ভারতীয় ফুটবলের ভালো হোক, ফুটবলেরও উন্নতি হোক। টাকার জন্য এতে যোগ দিয়েছি যদি ভেবে থাকেন, তাহলে ভুল হবে।’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে সোজা ব্যাটেই খেলে দিয়েছেন সৌরভ।
নিজের একটি অতীত অভিজ্ঞতাও তাঁকে ফুটবলের দিকে টেনে নিয়ে এসেছে। সেটাও সবাইকে জানিয়ে দিয়েছেন অকপটেই, ‘১৯৯৬ সালে ইংল্যান্ড সফরে অভিষেকেই পরপর দুই ইনিংসে আমি সেঞ্চুরি করেছিলাম। সেই সফরে আমি নিজেই আমার পারফরম্যান্সে হতবাক হয়েছিলাম। বাড়ি ফিরে আমি এটা নিয়ে খুব ভাবছিলাম। আমার মনে হচ্ছিল, আমি ইংল্যান্ডে যে ব্যাটিং করেছি, সত্যিকার অর্থেই কী আমি এত ভালো ব্যাটসম্যান? তখন অনেকেই আমাকে বলেছিলেন ভারতীয় দলের সেরা ব্যাটসম্যানদের সান্নিধ্যে এসেই তোমার ক্রিকেটের উন্নতি ঘটেছে। ফুটবলে আমি এসেছি এমন চিন্তা থেকেই। আমি মনে করেছি, ভারতীয় ফুটবলারদের যদি বিশ্বমানের তারকাদের সঙ্গে খেলার সুযোগ করে দেওয়া যায়, তাহলে অবশ্যই তাঁদের পারফরম্যান্স ভালো হতে বাধ্য। দেশে ভালো মানের ফুটবল হলে ভারতীয় ফুটবলের সামগ্রিক চেহারাতেই একটা পরিবর্তন আসবে।’
ফুটবলের ‘জঙ্গি দর্শক’দের ভালোই জানা আছে কলকাতার ছেলে সৌরভের। তিনি বলেছেন, ‘ক্রিকেটের দর্শকেরাও কিন্তু কম জঙ্গি নয়। ১৯৯৬ বিশ্বকাপের সেমিফাইনালে ইডেনে কী হয়েছিল খেয়াল নেই? আসলে এখানে ইস্টবেঙ্গল-মোহনবাগান নেই তো অত সমস্যা হওয়ার কথা নয়। তবে আইএসএলে দর্শকেরা ফুটবল দারুণভাবেই উপভোগ করবে।’