সৌরভের হয়ে চ্যাপেলের সঙ্গে লড়েছিলেন দ্রাবিড়?

গ্রেগ চ্যাপেলের সঙ্গে সৌরভ গাঙ্গুলির দা-কুমড়ো সম্পর্কের ব্যাপারটা সর্বজনবিদিত। অস্ট্রেলীয় এই ক্রিকেট ব্যক্তিত্ব খেলোয়াড় হিসেবে গ্রেট ছিলেন ঠিকই, কিন্তু কোচ হিসেবে তিনি যে ভারতীয় ক্রিকেটে এক খলচরিত্র, সেটা মোটামুটি প্রতিষ্ঠিত এক সত্যই। কোচ হয়ে এসে সৌরভের পেছনে লাগা থেকে শুরু করে তাঁকে দল থেকে বাদ দেওয়া—ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে সবকিছুই করেছিলেন চ্যাপেলদের মেজ ভাই। অনেকেই সৌরভের দল থেকে বাদ দেওয়ার অন্যতম ক্রীড়নক হিসেবে রাহুল দ্রাবিড়ের কথা বলেন। কিন্তু আসল সত্যটা হল দ্রাবিড়ই নাকি সৌরভের হয়ে গ্রেগের সঙ্গে লড়েছিলেন।
আজ থেকে দশ বছর আগের এই ঘটনা উল্লেখ করেছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক ম্যানেজার অমিতাভ চৌধুরী। ২০০৫ সালের সেপ্টেম্বর মাসে জিম্বাবুয়ে সফরের আগে গ্রেগ সৌরভকে দল থেকেই বাদ দিতে চেয়েছিলেন। সময়টা তখন সৌরভের খারাপ যাচ্ছিল ঠিকই, কিন্তু তাঁকে বাদ দেওয়াটা যে কতটা অবাস্তব এক চিন্তা দ্রাবিড় নাকি গ্রেগ চ্যাপেলকে সেটাই বুঝিয়েছিলেন।
জিম্বাবুয়ে সফরের প্রথম টেস্টের (বুলাওয়ে) আগে নেটে ব্যাটিং অনুশীলনের সময়ই সৌরভকে দল থেকে বাদ দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন গ্রেগ। সেটা বুঝতে পেরে নিজের উষ্মা চেপে রাখতে পারেননি ভারতের সাবেক এই অধিনায়ক। অনুশীলনের মাঝপথে সাজঘরে ফিরে ম্যানেজার অমিতাভ চৌধুরীর কাছে নিজের ক্ষোভের কথা জানিয়ে দিয়েছিলেন তিনি। এরপর অমিতাভ রাহুলকে সঙ্গে নিয়ে গ্রেগের কাছে গিয়ে তাঁকে বোঝান। দ্রাবিড় কোচের কাছে গিয়ে ‘দাদা’র প্রতি নিজের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছিলেন।
দ্রাবিড় ও ম্যানেজারের বিরোধিতায় সে যাত্রা বেঁচে গিয়েছিলেন সৌরভ। বুলাওয়ে টেস্টে অবশ্য একটি শতক হাঁকিয়েছিলেন। কিন্তু জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে সেই শতককে ‘শম্বুক গতির’ আখ্যা দিয়ে শেষ পর্যন্ত সিরিজ শেষে সৌরভকে দল থেকে বাদই দেওয়া হয়েছিল। সৌরভ বাদ পড়ার পর অবশ্য নতুন অধিনায়ক হয়েছিলেন ওই রাহুল দ্রাবিড়ই। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।