‘আমিই আগে নামব, নইলে খেলব না’—অলি-গলিতে কান পাতলেই শোনা যায় এমন হুমকি-ধমকি। কিশোর বয়সীদের খেলায় এটি প্রতিদিনকার ঘটনা। কিন্তু বড়দের ক্রিকেটেও যে সেই স্মৃতি ফিরিয়ে আনলেন সৌরভ গাঙ্গুলী! যুক্তরাষ্ট্রে অল স্টারস টি-টোয়েন্টি টুর্নামেন্টে শচীন টেন্ডুলকারের দলের হয়ে খেলবেন সৌরভ। তার আগেই রসিকতা করে অধিনায়ক টেন্ডুলকারকে একটা হুমকি দিয়ে রাখলেন সৌরভ, ‘আমাকে ওপেনিংয়েই নামাতে হবে, না হলে পরের দিনই দেশে ফিরে আসব! এ কথা যেন মাথায় রাখে শচীন!’ অনেক দিন পর কাল অনুশীলন করতে নেমেছিলেন সাবেক ভারত অধিনায়ক। অনুশীলনটা মনে হয় ভালো হয়নি, তাই দলে জায়গা নিশ্চিত করতে আগে থেকেই এমন ‘হুমকি’ দিয়ে রাখতে হলো! তাঁর দীর্ঘদিনের ওপেনিং সঙ্গী টেন্ডুলকার অবশ্য এ আবদার মাথায় রাখবেন কি না, তা বোঝা যাবে ৭ তারিখেই। সেদিনই নিউইয়র্কে ‘শচীনস্ ব্লাস্টার্স’-এর মুখোমুখি হবে ‘ওয়ার্নস ওয়ারিয়র্স’। এনডিটিভি।