স্কটল্যান্ড কী আর বাধা!

একাডেমির দ্বিতীয় মাঠে সকাল ৯টায় অনুশীলনে চলে এল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে যথাসময়ে উপস্থিত সংবাদকর্মীরাও। বিশ্বকাপে বাংলাদেশ যুবদলকে নিয়ে সংবাদমাধ্যমের তুমুল আগ্রহ টুর্নামেন্ট শুরুর অনেক আগে ঢাকা থেকেই। সেই আগ্রহের ঢেউ চট্টগ্রাম হয়ে ছড়িয়ে পড়েছে কক্সবাজারের সাগরঘেঁষা এই স্টেডিয়ামে।
সংবাদমাধ্যমের এতটা আগ্রহ দেখে রীতিমতো বিস্মিত অনূর্ধ্ব-১৯ দলের পরামর্শক স্টুয়ার্ট ল। তিনি নাকি অ্যাশেজের অস্ট্রেলিয়া দলকে নিয়েও সংবাদমাধ্যমের এমন আগ্রহ দেখেননি, ‘মিডিয়া যেভাবে আমাদের অনুশীলন দেখছে, অ্যাশেজে অস্ট্রেলিয়া দলের ক্ষেত্রেও তো এমনটা হয় না!’
তবে কি সংবাদমাধ্যম তাদের কাজ করবে না? সেটা করবে। তবে ল মনে করেন, এতে তরুণ খেলোয়াড়দের ওপর চাপ তৈরি হচ্ছে। আসলে যুবাদের নিয়ে এবার যতটা আগ্রহ, আগে কখনো এমনটা হয়েছে কি না সন্দেহ। সেটির যৌক্তিক কারণও আছে। আগের ৮টি প্রতিযোগিতায় বাংলাদেশ একবারই মূল প্রতিযোগিতায় খেলতে পেরেছে-শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ২০০৬ যুব বিশ্বকাপে। বাংলাদেশ সেবার হয়েছিল পঞ্চম। এ ছাড়া প্রতিটি টুর্নামেন্টই বাংলাদেশের জন্য গেছে হতাশার। ভালো দল নিয়েও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের অনিবার্য গন্তব্য যেন ছিল প্লেটপর্ব, অর্থাৎ সেরা আট দলের নিচে। ২০০৪ বাংলাদেশে প্রথমবারের মতো টুর্নামেন্টেও ব্যতিক্রম হয়নি।
আবার বাংলাদেশে বসেছে যুব বিশ্বকাপের আসর। দেশের মেধাবী একগুচ্ছ ক্রিকেটারকে নিয়ে গড়া এবারের অনূর্ধ্ব-১৯ দলকে নিয়ে দেশবাসীর অনেক প্রত্যাশা। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর প্রত্যাশার পারদটা আরও চড়েছে। কোয়ার্টার ফাইনালটা দৃষ্টিসীমায়, আজ স্কটল্যান্ডের বিপক্ষে সহজ জয়ই প্রত্যাশিত। লর কাছে অবশ্য জয়ের ব্যবধান মুখ্য নয়, ‘আমাদের কাছে জয়টাই গুরুত্বপূর্ণ। দাপটের সঙ্গে জিততে পারলে ভালো। অনেকে তো ভেবেই নিয়েছে, আমরা এরই মধ্যে বিশ্বকাপ জিতে ফেলেছি। আসলে এখনো যেতে হবে অনেক দূর। আরও ভালো খেলতে হবে। আরও পরিশ্রম করতে হবে।’
মানুষের প্রত্যাশা আর সংবাদমাধ্যমের বিপুল আগ্রহ যাতে খেলোয়াড়দের স্পর্শ না করে, সব চেষ্টাই করছে টিম ম্যানেজমেন্ট। বাইরের নানা আলোচনায় যাতে অপ্রয়োজনীয় চাপ তৈরি না হয়, সে কারণে খেলোয়াড়দের ফোন বন্ধ করে রাখতে বলা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁরা নিষ্ক্রিয়। মাঠে খেলাটা উপভোগ করতে অনুপ্রাণিত করা হচ্ছে নানাভাবে।
বাংলাদেশ দলের কাছে প্রতিপক্ষ স্কটল্যান্ড অনেকটাই অচেনা। তবু দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের ভাবনায় জয়ই শেষ কথা, ‘প্রথম ম্যাচটি জিতেছি; এখন আমাদের আত্মবিশ্বাস উঁচুতে। তবে গ্রুপে পরের ম্যাচগুলো হালকাভাবে নিচ্ছি না। এখন জয় ছাড়া আর কিছু ভাবছি না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমরা যেভাবে খেলেছি, সেভাবে খেলব কালকের (আজ) ম্যাচেও।’
তবে বাংলাদেশের কাজটা কঠিন করে দিতে চায় স্কটল্যান্ড, যদিও নিজেদের প্রথম ম্যাচে নামিবিয়ার কাছে তারা হেরে গেছে ৯ উইকেটে। কাল দুপুরে একই মাঠে অনুশীলনের ফাঁকে স্কটল্যান্ড দলের অধিনায়ক নিল ফ্ল্যাক অঘটন ঘটানোর ‘স্বপ্নে’র কথা বললেন, ‘এই ম্যাচে অবশ্যই বাংলাদেশ ফেবারিট। তবে আমরা আমাদের কাজটা করে যাব। বাংলাদেশের সহজ জয় হবে না। আমরা অঘটন ঘটাতে চাইব। দেখা যাক কী করতে পারি।’
অনুশীলন শেষে লর সঙ্গে উইকেট দেখতে গিয়েছিলেন কোচ মিজানুর রহমান। খেলোয়াড়েরা বাসে ওঠার পর ফিল্ডিং কোচ সোহেল ইসলামকে নিয়ে আরেক দফা উইকেট দেখলেন মিজান। দুবারের পর্যবেক্ষণেও অবশ্য উইকেটে ভিন্ন কিছু চোখে পড়েনি কোচের, ‘দেশের অন্য মাঠের উইকেটগুলো যেমন হয়, এটাও তেমন হওয়ার কথা।’
এই মাঠে অনূর্ধ্ব-১৯ দলের রেকর্ড অবশ্য খুবই ভালো। গত বছর প্রোটিয়া যুবাদের বিপক্ষে দুই ম্যাচের দুটিতেই জয়। জয়ের ধারা বিশ্বকাপেও ধরে রাখার আশা মিরাজদের। আর সেটি হলে, বড় লক্ষ্যের পথে পেরোনো হবে আরেকটি ধাপ।