বাংলাদেশ দল প্রস্তুতি ম্যাচগুলো ভালো খেলেনি। টানা দুটি ম্যাচ হেরে বিশ্বকাপের মতো একটি টুর্নামেন্টে খেলতে নামলে যেকোনো দলই মানসিকভাবে পিছিয়ে থাকবে। তবে যা হওয়ার হয়েছে। এখন ঘুরে দাঁড়িয়ে বিশ্বকাপের শুরুটা জয় দিয়ে করার চেষ্টা করতে হবে। আজ স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটা তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দল হিসেবে স্কটিশরা খারাপ নয়। বাংলাদেশের জন্য খুব সহজ ম্যাচ হবে না এটি।
শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দুটি জেতা গেলে ব্যাপারটা অন্য রকম হতো। মানসিক দিক থেকে খেলোয়াড়েরা তখন চাঙা থাকত। এখন উল্টো স্কটল্যান্ডই মানসিকভাবে এগিয়ে থাকবে।
তবে বাংলাদেশ আজ সাকিব আল হাসানকে পাচ্ছে। এটা দলের মধ্যে ইতিবাচক আবহ নিয়ে আসবে আশা করি। অনেকে হয়তো বলবেন সাকিব আইপিএলে ভালো করতে পারেনি। কিন্তু আমি বলব, আইপিএল আর জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলা এক নয়। এখানে প্রেরণাটাই থাকবে অন্য রকম। সাকিবের মতো বড় তারকারা বড় মঞ্চে জ্বলে ওঠার অপেক্ষায় থাকে। ২০১৯ বিশ্বকাপে সে সেটা করেও দেখিয়েছে।
বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানদের অবশ্যই ভালো করতে হবে। প্রস্তুতি ম্যাচ, এমনকি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও তাদের ধুঁকতে দেখেছি। অনেক দিন ধরে মুশফিকও ছন্দে নেই।
বিশ্বকাপে তার জ্বলে ওঠার অপেক্ষায় আছি। আমাদের বেশি উইকেট হারানো চলবে না। খেলাটা ১২০ বলের, কোনো দল অলআউট হওয়া মানে তাদের আরও কম বল খেলা। টি-টোয়েন্টিতে ১০টি বল কমবেশি খেলাও অনেক বড় ব্যাপার।
বাংলাদেশের বোলিং আক্রমণে বৈচিত্র্য আছে। মূল ভরসা মোস্তাফিজুর রহমানই। তাঁকে সাহায্য করার জন্য সাকিব তো আছেই। এ দুজন ৮ ওভার ভালো বোলিং করতে পারলে প্রতিপক্ষের জন্য এমনিতেই খেলাটা ছোট হয়ে যাবে। তখন বুদ্ধিদীপ্ত বোলিং করে নাসুম, মেহেদীরা উইকেট তুলে নিতে পারবে। দলের বোলিং নিয়েই আমি বেশি আশাবাদী। তবে আমাদের স্পিনারদের মাথায় রাখতে হবে, ওখানকার উইকেট বাংলাদেশের মতো এত স্পিন সহায়ক হবে না। বিশ্বকাপের উইকেট আরও স্পোর্টিংই হওয়ার কথা। তাই সতর্ক বোলিং করেই উইকেট নিতে হবে।