স্কটল্যান্ড ম্যাচের আগে নতুন সমীকরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উৎপল শুভ্র
উৎপল শুভ্র

ব্রিসবেনে বৃষ্টিতে পাওয়া ১ পয়েন্টের মাহাত্ম্য এখন খুব ভালো বোঝা যাচ্ছে!
কোয়ার্টার ফাইনালে ওঠার সমীকরণটাই যে বদলে গেছে এতে। কী ছিল সেই সমীকরণ? গ্রুপে সহযোগী দুই সদস্য দেশ আফগানিস্তান ও স্কটল্যান্ডের বিপক্ষে জিততেই হবে। সঙ্গে হারাতে হবে অন্তত কোনো একটি ‘বড়’ দলকে। এখন তো দেখা যাচ্ছে, স্কটল্যান্ডের বিপক্ষে না জিতেও বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে যাওয়া সম্ভব!
আগামীকাল স্যাক্সটন ওভালে স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ জিতুক-হারুক, ইংল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচটাই আসলে নির্ধারক। বাংলাদেশ জিতলেও কোয়ার্টার ফাইনালে উঠতে ইংল্যান্ডকে হারাতে হবে। ওই ১ পয়েন্ট যা করছে, তা হলো স্কটিশদের কাছে হেরে বসলেও সমীকরণটা একই থাকছে।
শুধু নির্দিষ্ট করে ইংল্যান্ডের কথা বলা কেন? বাংলাদেশের তো এর পরও একটা ম্যাচ আছে। সাম্প্রতিক অতীতে যে দলটির বিপক্ষে সবচেয়ে বেশি সাফল্য। সর্বশেষ ৭টি ওয়ানডে যদি ধরেন, স্কোরলাইনটা বিস্ময়কর—বাংলাদেশ ৭: নিউজিল্যান্ড ০।
সমস্যা হলো, বিশ্বকাপের ম্যাচটা মিরপুর বা ফতুল্লায় হচ্ছে না। নিজেদের দেশে নিউজিল্যান্ড অন্য দল। কোয়ার্টার ফাইনালে ওঠাটা যদি ১৩ মার্চ হ্যামিল্টনে গ্রুপের শেষ ম্যাচটির ওপর নির্ভর করে, তাহলে স্বপ্নভঙ্গের সম্ভাবনাই বেশি। ২০১০ সালে প্রথম ‘বাংলাওয়াশ’-এর নায়ক সাকিব আল হাসান যদিও আগেই হার মেনে নেওয়ার পাত্র নন। ‘ম্যাককালামকে তাড়াতাড়ি ফিরিয়ে দিতে পারলে অবশ্যই নিউজিল্যান্ডকে হারানো সম্ভব’—সাকিব যা বললেন, এই বিশ্বকাপে সব দলের জন্যই যেন তা নিউজিল্যান্ডকে হারানোর পূর্বশর্তে পরিণত।

নেলসনে গতকাল দলের প্রতিনিধি হয়ে সংবাদমাধ্যমের সামনে এলেন সাকিব আল হাসান। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে সবচেয়ে বড় আশাটাও তাঁর কাছেই l প্রথম আলো
নেলসনে গতকাল দলের প্রতিনিধি হয়ে সংবাদমাধ্যমের সামনে এলেন সাকিব আল হাসান। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে সবচেয়ে বড় আশাটাও তাঁর কাছেই l প্রথম আলো

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটি যে ‘না জিতলেই সব শেষ নয়’, সেটি সাকিবের জানা ছিল না। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজারও না। তবে বদলে যাওয়া সমীকরণটা নিয়ে তাঁকে একটুও আগ্রহী মনে হলো না। বরং তা শুনে এমনভাবে তাকালেন, যেন খুবই অপমানকর কোনো কথা বলা হচ্ছে। বিশ্বকাপে স্কটল্যান্ডের কোনো জয় নেই, ওয়ানডেতে জয় নেই কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষেও। সেই স্কটল্যান্ডের কাছে হেরে গেলে কী হবে, এই আলোচনায় বাংলাদেশ অধিনায়ক বিরক্ত হতেই পারেন। এই ম্যাচ থেকে তাঁর যে অনেক চাওয়া। শুধু জয়ই নয়, মাশরাফি চান দাপুটে জয়। ম্যাচটিকে তিনি দেখছেন দারুণ এক সুযোগ হিসেবে। পরের দুটি বড় ম্যাচের পাথেয় জোগাড় করে নেওয়ার সুযোগ, ‘এই ম্যাচটা যদি আমরা ভালোভাবে জিততে পারি, সেই আত্মবিশ্বাস ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে অনেক কাজে দেবে। ইংল্যান্ডের জন্য একটা বার্তাও দিয়ে দিতে পারব। আমাদের সঙ্গে খেলতে নামার আগে ওদের তখন অনেক বেশি ভাবতে হবে।’ সাকিবের মুখেও একই কথার প্রতিধ্বনি।
তামিম ইকবালের কাছে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটির অর্থ কোয়ার্টার ফাইনালে উঠতে বাংলাদেশ একটি সুযোগ পাবে না দুটি, ‘স্কটল্যান্ডের বিপক্ষে জিতলে আমাদের দুটি সুযোগ থাকবে। ইংল্যান্ডের কাছে হারলেও নিউজিল্যান্ডের বিপক্ষে জিতলেই চলবে। হেরে গেলে তো পরের দুটি ম্যাচই জিততে হবে।’
গত দুদিনের গবেষণায় অচেনা প্রতিপক্ষ থেকে স্কটল্যান্ড এখন অনেকটাই চেনা হয়ে গেছে বাংলাদেশের। ফুটেজ তো সাহায্য করেছেই, ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসলের কাউন্টি অভিজ্ঞতাও খুব কাজে এসেছে। স্কটল্যান্ড দলের বেশ কজনই যে কাউন্টিতে খেলেন। মাশরাফি যেমন বললেন, ‘ওদের চার নম্বরে বাঁহাতিটা ভালো খেলছে। কাউন্টিতে সাসেক্সে খেলে, ভালো ব্যাটসম্যান।’
স্কটল্যান্ড শিবির থেকে যা খবর পাওয়া গেল, বাংলাদেশের স্পিনারদের নিয়ে বাড়তি দুশ্চিন্তা আছে তাদের। মাশরাফিও স্পিনে স্কটিশদের দুর্বলতার প্রমাণ পেয়েছেন। একাদশ এখনো চূড়ান্ত না হলেও যা আভাস পাওয়া গেল, তাতে স্পিনার একজন বাড়ছে। তা আরাফাত সানি হওয়ার সম্ভাবনাই বেশি। বোলারের বদলে বোলার না নিয়ে একজন ব্যাটসম্যান কমানোর চিন্তাই করা হচ্ছে। তা-ই যদি হয়, কোপটা মুমিনুলের ওপর পড়ার সম্ভাবনাই বেশি। স্কটল্যান্ডের অধিনায়ক প্রেস্টন মমসেন যদিও হুমকির মতো করে বলে রেখেছেন, স্যাক্সটন ওভালে ছোট মাঠ, তাই স্পিনারদের ওপর চড়াও হওয়া যাবে।
স্পিন-স্পিন একটা রব উঠে গেলেও সাকিবের কিন্তু মনে হচ্ছে, আসল কাজটা বাংলাদেশের পেসারদেরই করতে হবে, ‘এখন পর্যন্ত যা খেলেছি, উইকেটে স্পিনারদের জন্য খুব একটা কিছু নেই। পেসারদেরই তাই দায়িত্ব নিতে হবে।’
এখন পর্যন্ত বাংলাদেশ যে দুটি ম্যাচ খেলেছে, তাতে মুদ্রার দুই পিঠই দেখা হয়ে গেছে পেসারদের। আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের সুখস্মৃতি ধূসর করে দিয়েছে শ্রীলঙ্কার সামনে বিশৃঙ্খল বোলিং। প্রথম স্পেলের মাশরাফি বিন মুর্তজাই ছিলেন একমাত্র ব্যতিক্রম। সাকিবের অনুমান অনুযায়ী উইকেটে যদি স্পিনারদের জন্য কিছু না থেকে থাকে, পেসারদের জন্যও আসলে কিছু নেই। গত পরশুও উইকেটে ঘাসের আচ্ছাদন ছিল। কাল তা উধাও। দেখেটেখে বাংলাদেশ দলের যা মনে হচ্ছে, এটি হবে নির্ভেজাল ব্যাটিং উইকেট।
সাবেক ইংল্যান্ড অধিনায়ক পল কলিংউড স্কটল্যান্ড দলের সহকারী কোচ। কী ভেবে উইকেট সম্পর্কে তাঁর ভাবনা মাশরাফির সঙ্গে ভাগ করে নিতে চাইলেন কে জানে! কলিংউডের ধারণা, এই উইকেটে প্রথমে ব্যাটিং করা দল কমপক্ষে ২৮০ রান না করলে ভয় থেকে যাবে।
২৮০ রান করলেই যে নিশ্চিন্ত, সেটিই বা কীভাবে বলা যায়! ওয়েস্ট ইন্ডিজের ৩০৪ রান তাড়া করে আয়ারল্যান্ডের জয় তো এই মাঠেই।