স্কটিশ-স্বপ্ন ভেঙে আফগান-ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টাম্পে থাকা লেংথ বলটাকে গ্যালারিতে পাঠানোর চেষ্টায় তুলে দিলেন মিড উইকেট বাউন্ডারির হাতে। ফিল্ডারের হাতে বল জমতেই হাঁটু মুড়ে বসে পড়লেন সামিউল্লাহ শেনওয়ারি, চোখে-মুখে দুনিয়া শেষ হয়ে যাওয়ার হতাশা। ডুবতে থাকা স্বপ্নতরির হাল ধরে এগিয়ে নিয়েছেন শক্ত হাতে। তীর যখন দৃষ্টিসীমায়, ওই শটেই ছিঁড়ল পাল!
খানিক পর সেই শেনওয়ারির মুখেই বিশ্বজয়ের হাসি। ছেঁড়া পালেই হাওয়া লাগিয়ে দলকে স্বপ্নের ঠিকানায় পৌঁছে দিয়েছেন আফগানিস্তানের শেষ জুটি হামিদ হাসান ও শাপুর জাদরান!
২১১ রান তাড়ায় ৯৭ রানেই নেই ৭ উইকেট। সেখান থেকে দলকে বলতে গেলে একাই টেনেছেন শেনওয়ারি। দলের উইকেট পতনের মিছিলে আগলে ছিলেন একপ্রান্ত। সময়ের দাবি মিটিয়েই আবার তুলেছেন ঝড়। আউট হওয়ার আগের চার বলে ওই মাজিদকেই মেরেছেন তিন ছক্কা। কিন্তু আরেকটি ছক্কার চেষ্টায় যখন আউট হলেন, জিততে তখনো চাই ১৯ বলে ১৯। কিন্তু শেষ জুটির অসাধারণ দৃঢ়তায় বিফল হলো না শেনওয়ারির বীরত্ব। চার বলে যখন চাই ৪, ওয়ার্ডল কে চার মেরেই ডানা মেলে দিলেন শাপুর। সতীর্থ আফগানরাও তখন আনন্দে আত্মহারা। প্রথম বিশ্বকাপে প্রথম জয়! হৃদয়ভাঙা স্কটিশরা তখন একেকজন যেন মানবমূর্তি। হাতের মুঠো থেকে বেরিয়ে গেল জয়। তৃতীয় বিশ্বকাপ খেলতে এসেও জয় অধরা স্কটল্যান্ডের!
শেনওয়ারির প্রতিরোধের আগেই ৫১ বলে ৫১ রানের দারুণ এক ইনিংস খেলেছেন আফগান ওপেনার জাভেদ আহমাদি। কিন্তু বাকিদের শুধু আসা আর যাওয়া। দলের রান এক শ হওয়ার আগেই নেই ৭ উইকেট। দওলত জাদরানের সঙ্গে শেনওয়ারির ৩৫ রানের জুটিতে প্রথম প্রতিরোধ। নবম উইকেটে আরেক পেসার হামিদ হাসানের সঙ্গে শেনওয়ারির জুটি ৬০ রানের। তাতে হামিদের অবদান মাত্র ১১। ১১৩ বলে পঞ্চাশ ছুঁয়েছিলেন শেনওয়ারি, পরের ৩৩ বলে ৫ ছক্কায় ৪৬! শেষটা যদিও করে আসতে পারেননি। তবে সতীর্থকে ট্র্যাজেডির নায়ক হতে দেননি হামিদ ও শাপুর। ম্যাচসেরা শেনওয়ারিই, যেমন সেরা হয়েছিলেন গত এশিয়া কাপে বাংলাদেশকে হারানো ম্যাচে।
তিন পেসারের ব্যাটিংয়ের দৃঢ়তা আফগানিস্তানকে ম্যাচ জিতিয়েছে। আর জয়ের ভিত্তি গড়ে দিয়েছিলেন তিনজন বল হাতে। স্কটিশ টপ অর্ডারকে নাড়িয়ে দিয়েছেন দওলত ও হামিদ। লোয়ার মিডল ও লোয়ার অর্ডারের ৪ উইকেট তুলে নিয়ে সফলতম বোলার বাঁহাতি পেসার শাপুর। ৬ স্কটিশ ব্যাটসম্যান পেরিয়েছেন ২০, কিন্তু ৪০ ছুঁতে পারেননি একজনও। বিশ্বকাপে প্রথমবার দুই শ ছুঁয়েও স্কটল্যান্ড থমকে যায় ২১০ রানে।
কে ভাবতে পেরেছিল, অপেক্ষায় তখন কত নাটক আর রোমাঞ্চ!