স্কটিশদের দুশো রানের স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাপুর জাদরানের আরও একটি আঘাত। আফগান এই বোলার প্রতিনিয়তই চিনিয়ে যাচ্ছেন নিজেকে ছবি: এএফপি
শাপুর জাদরানের আরও একটি আঘাত। আফগান এই বোলার প্রতিনিয়তই চিনিয়ে যাচ্ছেন নিজেকে ছবি: এএফপি

টসে হেরে ব্যাট করতে নেমেই বুঝি স্কটল্যান্ডের শুরুটা একেবারে ভালো হলো না। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে এক পর্যায়ে বেশ অল্প সংগ্রহেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল তারা। কিন্তু নবম উইকেট জুটিতে মাজিদ হক এবং অ্যালাসডাইর ইভান্সের রেকর্ড জুটিতে সংগ্রহটা দু’শোর কোটা পেরিয়েছে তাদের। আফগানিস্তানের মোটামুটি শক্তিশালি বোলিং আক্রমণকে শেষ দিকে ভোঁতা বানিয়ে স্কটিশরা নির্ধারিত ৫০ ওভারে স্কোরবোর্ডে তুলেছেন ২১০ রান। বিশ্বকাপে এই প্রথমবারের মতো দু’শো রানের কোটা পেরোনোর কৃতিত্ব দেখাল দলটি।
ডানেডিনের এই ম্যাচে স্কটল্যান্ডের পক্ষে খুব বড় স্কোর কারোরই নেই। ২৫-৩০-এর মতো রান করেছেন অনেকেই। এই স্কোরগুলোর দুই একটি আরও বড় হলেই স্কটিশদের সংগ্রহটা আড়াইশ’র কাছাকাছি যেতে পারত। ৩১ রান করে করেছেন দু’জন—মাজিদ হক ও ম্যাট ম্যাচান। ২৫ রান করেছেন কাইল কোয়েতজার ও রিচি ব্যারিংটন। ২৮ এসেছে অ্যালাসডাইর ইভান্সের ব্যাট থেকে। পাশাপাশি হোমসেন করেছেন ২৩ আর ম্যাথু ক্রসের সংগ্রহ ১৫। এই বজন বাদে বাকিরা অবশ্য বলার মতো কিছুই করতে পারেননি।
আফগানিস্তানের পক্ষে দারুণ বল করেছেন দুই জাদরান, মানে দুই উদ্বোধনী বোলার—শাপুর ও দৌলত। শাপুর ৩৮ রান দিয়ে ৪ উইকেট নিয়ে স্কটিশ ব্যাটিংয়ের সবচেয়ে বেশি বিব্রত করেছেন। ২৯ রানের বিনিময়ে দৌলতের সংগ্রহ ৩ উইকেট। এছাড়া হামিদ হাসান, গুলবাদিন নাইব ও মোহাম্মদ নবীর ঝুলিতে গেছে একটি করে উইকেট। সূত্র: স্টারস্পোর্টস।