ছুটছে কুমার সাঙ্গাকারার রান-মেশিন। যেন ব্যাট নামক তুলি হাতে দিচ্ছেন শেষ আঁচড়! বিশ্বকাপে টানা তিন সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। আজ কি ‘বিশ্বকাপের রেকর্ড’কে ‘বিশ্ব রেকর্ড’-এ পরিণত করতে পারবেন ‘শিল্পী’ সাঙ্গা? ওয়ানডেতে টানা চার সেঞ্চুরি যে এখনো কারোরই নেই!
এক দলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত, আরেক দলের বিদায়ের ঘণ্টা বেজে উঠেছে। হোবার্টে আজ শ্রীলঙ্কা ও স্কটল্যান্ডের ম্যাচটি তাই এক প্রকার নিয়মরক্ষারই। তবে আগের ম্যাচেই অস্ট্রেলিয়ার কাছে হারায় শ্রীলঙ্কা চাইবে গ্রুপ পর্বের শেষটা জয় দিয়ে করতে। আর স্কটল্যান্ড তাকিয়ে বিশ্বকাপে অধরা জয়টার দিকে। ম্যাচে বাড়তি রোমাঞ্চ জোগাতে পারে সাঙ্গার রেকর্ডও।
বেলেরিভ ওভালে নামার আগে শ্রীলঙ্কার দুশ্চিন্তা দুটি। চোট যেন আটঘাট বেঁধেই নেমেছে শ্রীলঙ্কার ওপর। জীবন মেন্ডিস, দিমুথ করুনারত্নের পর দিনেশ চান্ডিমালও চোটে পড়ে বিশ্বকাপকে বিদায় বলেছেন। হাতের আঙুলের চোটে ভুগছেন রঙ্গনা হেরাথ আর ওপেনার লাহিরু থিরিমান্নে। দলটার আরেক দুশ্চিন্তা ‘ডেথ ওভারের’ বোলিং। কিউইরা শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ১৪ ওভারে নিয়েছে ১৩৪, ইংলিশরা ১৫ ওভারে ১৪৮ আর অস্ট্রেলিয়ানরা ১৮ ওভারে ২০০। অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের কপালের ভাঁজ দিন দিন তাই বাড়ছেই।
অভিজ্ঞতার কথা বললে দুই মেরুতে দাঁড়িয়ে দুদল। স্কটল্যান্ডের পুরো স্কোয়াডের সবাই মিলে খেলেছে ৩৩২টি ওয়ানডে। অন্যদিকে মাহেলা জয়াবর্ধনে একাই ওয়ানডে খেলেছেন ৪৪৬টি! তবে স্কটিশদের প্রেরণা হয়ে এসেছে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়। কোয়ার্টার ফাইনালে যাওয়াটা বাংলাদেশের জন্য ‘প্রাপ্য’ ছিল বলে মনে করা স্কটিশ অধিনায়ক প্রেস্টন মমসেন উদ্দীপনা খুঁজছেন তা থেকেই, ‘বাংলাদেশ আর আয়ারল্যান্ডের মতো দল এ রকম ম্যাচ যত বেশি জিতবে, বিশ্ব ক্রিকেটের জন্য ততই ভালো। অবশ্যই এ থেকে আমরা প্রেরণা নেব।’
বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত। তার পরও অন্তত একটা জয় পারে স্কটল্যান্ডকে আনন্দে ভাসার উপলক্ষ এনে দিতে। সে সুযোগ কি তাদের দেবে শ্রীলঙ্কা? নাকি তাদের অঘটন ঘটানোর স্বপ্নটা ধূলিসাৎ করে সব আলো কেড়ে নেবেন একজন সাঙ্গাকারাই! এএফপি, ক্রিকইনফো।