স্কুল ক্রিকেটে দুর্নীতি, ভাড়াটে ক্রিকেটার নিয়ে দল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স জাতীয় স্কুল টুর্নামেন্টে শিরোপা জয়ের লক্ষ্যেই এগোচ্ছিল শামসুল হক স্কুল অ্যান্ড কলেজ। কিন্তু তারা এগোচ্ছিল নিয়ম ভেঙে, অবৈধ উপায়ে। হাতেনাতে ধরাও পড়েছে । শাস্তি হিসেবে এবার টুর্নামেন্টে স্কুলটি বহিষ্কৃত হয়েছে, আগামী পাঁচ বছর স্কুল পর্যায়ের এই টুর্নামেন্টে খেলতেই পারবে না ঢাকা মহানগর ‘চ্যাম্পিয়ন’রা।
মজাটা হচ্ছে, যে কাশীনাথ আলাউদ্দিন হাইস্কুলের সেমিফাইনালেই ওঠার কথা নয়, তারা আজ রাজশাহীতে ইসদাইর রাবেয়া হোসেন হাই স্কুলকে ৭৭ রানে হারিয়ে ফাইনালে উঠে গেছে! শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ বালিয়াপুর বিদ্যানিকেতন।
গত পরশু রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে জাতীয় স্কুল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল শামসুল হক স্কুল ও কাশীনাথ আলাউদ্দিন হাইস্কুল। ম্যাচটা শামসুল হক শেষপর্যন্ত জিতেছিল ৪ উইকেট । কিন্তু বিসিবি তদন্তে বেরিয়ে আসে শামসুল হক স্কুলের জালিয়াতি। তাদের ১৫ খেলোয়াড়ের ১১ জনই ছিল ধার করা!
স্কুল ক্রিকেটে অংশ নিতে পারে অনূর্ধ্ব-১৬ বয়সী ক্রিকেটাররা। এ ক্ষেত্রেও নিয়ম ভেঙেছে শামসুল হক। তাদের অন্তত সাতজন খেলোয়াড়ের বয়স নাকি ১৬-এর বেশি ছিল। এই অভিযোগেরও সত্যতা পেয়েছে বিসিবি। শামসুল হক স্কুলের কোচ সাদ্দাম হোসেন পাচ্ছেন কড়া শাস্তিই। বিসিবির সব প্রশিক্ষণ কর্মসূচি ও প্রতিযোগিতায় ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাঁকে।