স্কুল ক্রিকেটে প্রাইম ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুল ক্রিকেটের নতুন স্পনসর হয়েছে প্রাইম ব্যাংক। আগামী ছয় বছরের জন্য এ বাবদ বিসিবিকে ৬ কোটি ৯৪ লাখ টাকা দেবে বেসরকারি এই ব্যাংকটি। জানুয়ারিতে ২০১৫-১৬ মৌসুমের আসর থেকেই স্কুল ক্রিকেটের সঙ্গে থাকবে প্রাইম ব্যাংকের নাম।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল এক সংবাদ সম্মেলনে যৌথভাবে ঘোষণাটা দিয়েছেন বিসিবি ও প্রাইম ব্যাংকের কর্মকর্তারা। উন্মোচন করা হয়েছে স্কুল ক্রিকেটের মাসকট ব্যাঘ্রশাবক ‘টিংগা’র প্রতিকৃতি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস, গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান খালেদ মাহমুদ, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী ও বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির প্রধান তানজিল চৌধুরী।
শেষজন আবার প্রাইম ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটিরও চেয়ারম্যান। স্পনসর প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে বাংলাদেশের তৃণমূল ক্রিকেটের সঙ্গে ভবিষ্যতেও সম্পৃক্ত থাকার আশা প্রকাশ করেছেন তিনি।
এর আগে প্রায় আট বছর স্কুল ক্রিকেটের স্পনসর ছিল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। দীর্ঘ সম্পৃক্ততার কারণে বাংলাদেশের স্কুল ক্রিকেটের প্রায় সমার্থকই হয়ে গিয়েছিল ব্যাংকটির নাম।