স্কুল ক্রিকেটের উৎসব শুরু আজ
প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স জাতীয় স্কুল টুর্নামেন্ট শুধু প্রতিযোগিতাই নয়, এটিকে উৎসবও বলতে পারেন। জেলা থেকে জাতীয় পর্যায়ে ৯৬৫টি ম্যাচ খেলবে ৫৪০টি স্কুলের প্রায় ১০ হাজার ৮০০ ক্রিকেটার—খেলোয়াড়, কোচ, অভিভাবকদের উপস্থিতিতে খুদে ক্রিকেটারদের বিরাট এই ক্রীড়াযজ্ঞ রূপ নেবে উৎসবে। আর সেটির শুরু আজ থেকে।
প্রাইম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় গত বছরও স্কুল ক্রিকেট আয়োজন করেছে বিসিবি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিনাজপুর হাইস্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় টাঙ্গাইল স্কুল অ্যান্ড কলেজ। এবারও দেশের বিভিন্ন জেলার ৭০টি মাঠে আয়োজিত হবে স্কুল ক্রিকেটের এই জাতীয় আসর। জেলা পর্যায়ে মোট ম্যাচ হবে ৯০১টি। জেলা চ্যাম্পিয়ন দলগুলো অংশ নেবে বিভাগীয় পর্যায়ে। এই পর্যায়ে ম্যাচ হবে ৫৭টি। জাতীয় পর্যায়ে সাত ম্যাচ শেষে পাওয়া যাবে জাতীয় স্কুল ক্রিকেটের নতুন চ্যাম্পিয়ন।
বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ আশাবাদী, অনেক প্রতিভাবান খেলোয়াড় বেরিয়ে আসবে টুর্নামেন্ট থেকে, ‘গত বছর এই টুর্নামেন্ট থেকে আসা ৩৩ জন খেলোয়াড় জাতীয় বয়সভিত্তিক দলগুলোতে খেলছে। আশা করি, এবারও ধারাটা অব্যাহত থাকবে। বাংলাদেশ ক্রিকেটের আগামী প্রজন্ম বেরিয়ে আসবে এই টুর্নামেন্ট থেকে।’
স্কুল ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনে বিসিবির সঙ্গে ছয় বছরের চুক্তি প্রাইম ব্যাংকের। টুর্নামেন্টের সাফল্য নিয়ে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী বললেন, ‘আগামী এপ্রিলে ইন্টারন্যাশনাল স্কুল স্পোর্ট ফেডারেশন ও স্কুল গেমস ফেডারেশন অব ইন্ডিয়ার যৌথ উদ্যোগে মুম্বাইয়ে ওয়ার্ল্ড স্কুল চ্যাম্পিয়নশিপে অংশ নেবে গত আসর থেকে বাছাই করা খেলোয়াড় নিয়ে তৈরি একটা বিশেষ দল।’