স্কুলের দ্বৈরথ টেস্ট ক্রিকেটেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিন এলগার, নিল ওয়াগনার
ডিন এলগার, নিল ওয়াগনার

ওই বয়সটা অবশ্য শত্রুতার ছিল না, ছিল বন্ধুত্বের। কিন্তু ডিন এলগার আর নিল ওয়াগনারের সেই সুযোগ ছিল না। দুজন পড়তেন দুটি স্কুলে। ক্রিকেট টুর্নামেন্টে যাঁরা একে অন্যের প্রবল প্রতিপক্ষ। আর সেই স্কুল দলে খেলতে গিয়েই দ্বৈরথের শুরু। স্কুল টিম থেকে দক্ষিণ আফ্রিকার টেস্ট দল পর্যন্ত এসেছেন এলগার। দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ওয়াগনারও এখন খেলছেন নিউজিল্যান্ড দলে। ডানেডিনে আগামীকাল তিন টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হচ্ছে এলগারের দক্ষিণ আফ্রিকা আর ওয়াগনারের নিউজিল্যান্ড। স্কুল ক্রিকেটের দ্বৈরথ এখন মঞ্চস্থ হচ্ছে টেস্ট ক্রিকেটে!
প্রিটোরিয়ার আফ্রিকানস বয়েজ হাইস্কুলে পড়তেন ওয়াগনার। যেখান থেকে উঠে এসেছেন এবি ডি ভিলিয়ার্স ও ফাফ ডু প্লেসির মতো ক্রিকেটাররা। এলগার পড়তেন ওয়েলকমের সেন্ট ডমিনিক কলেজে। প্রাদেশিক পর্যায়ে এলগারের দল ছিল অরেঞ্জ ফ্রি স্টেট আর ওয়াগনার খেলতেন নর্দার্নসের হয়ে। স্কুল ক্রিকেট ও প্রাদেশিক পর্যায়ে অনেকবার মুখোমুখি হয়েছেন দুজন। ডানেডিনে কাল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এলগার স্মৃতিচারণা করলেন সেই সময়টার, ‘ফ্রি স্কুল আর নর্দার্নসের দ্বৈরথটা খুবই তিক্ত ছিল। সব সময় উত্তেজনার পারদ চড়ে থাকত।’
দ্বৈরথটা এমন ছিল বলেই ওই সময় একজন অন্যজনকে মোটেও পছন্দ করতেন না। ওয়াগনারও যেমন বললেন, ‘ওই সময় তো আমরা একজন অন্যজনের বিপক্ষে খেলতেই চাইতাম না।’ তাহলে সেই তিক্ততা পরে কীভাবে বন্ধুত্বে রূপ নিল? ওয়াগনার শোনালেন সেই গল্পটাও, ‘ডিন বেশ চমৎকার মানুষ। পরে আমি ওর সঙ্গে আড্ডা দিয়েছি, দুজন একসঙ্গে বিয়ার পান করেছি।’
টেস্টে অবশ্য এবারই দুজন প্রথম মুখোমুখি হচ্ছেন না। ২০১৩ সালে পোর্ট এলিজাবেথে ও গত বছর ডারবানে দুজন মুখোমুখি হয়েছেন। পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকা জিতেছিল ১৯৩ রানে, ডারবান টেস্ট ভেসে গিয়েছিল বৃষ্টিতে। এবার কে হাসবেন? রয়টার্স।