স্টাম্পে আলো, কোহলিদের মুখ কালো

ডেভিড ওয়ার্নারদের মতো ব্যাটসম্যানদের একবার আউট করতেই কষ্ট হয়, সেখানে এক ইনিংসে দুইবার আউট করতে হচ্ছে! এবার বিশ্বকাপে আম্পায়ারদের সুবিধার জন্য জিং বেল ব্যবহার করা হচ্ছে স্টাম্পে। স্টাম্প ভেঙে স্থানচ্যুত হলেই বেশ রাঙিয়ে দিচ্ছে বেলগুলো। কিন্তু এতে কষ্ট বাড়ছে বোলারদের।
গতকাল অস্ট্রেলিয়া ইনিংসের দ্বিতীয় ওভারের ঘটনা। জসপ্রীত বুমরার প্রথম বলটি ঠিকভাবে খেলতে পারেননি ওয়ার্নার। ইনসাইড এজ হয়ে বল গিয়ে আঘাত হানে স্টাম্পে। কিন্তু জিং বেলকে নড়ানোর সাধ্য হয়নি সে বলের। আর বেলের রঙিন হতে রাজি না হওয়াতে মাত্র ১ রানে নতুন জীবন পেয়েছেন ওয়ার্নার।
গতকাল ওয়ার্নারের ব্যাটিং হয়তো ভারত নয়, নিজ দল অস্ট্রেলিয়াকে বেশি ভুগিয়েছে। তাই বলে বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় প্রতিপক্ষের মূল ব্যাটসম্যান এভাবে জীবন ফিরে পেলে কার ভালো লাগে। ঘটনার পর যেমন ওয়ার্নার ও মহেন্দ্র সিং ধোনি দুজনেই একটু পরখ করে দেখেছেন বেল কাজ করছে কি না। হাত দিয়ে তোলার পর বেশ আলো ছড়িয়েছে বেল, কিন্তু তাতে বোলার বুমরার উইকেট সংখ্যা তো বাড়েনি।
বিরাট কোহলি তো আর এমনি এমনি বিরক্ত হননি। ৩৬ রানের জয়ের পর এ ঘটনায় অসন্তুষ্টি প্রকাশ করেছেন ভারত অধিনায়ক, ‘আন্তর্জাতিক পর্যায়ে এমন কিছু আশা করা যায় না। প্রযুক্তির ব্যবহার খুব ভালো জিনিস। আলো জ্বললেই আপনি বুঝতে পারছেন স্টাম্পে কিছু হয়েছে। কিন্তু সেটা হওয়ার জন্য আপনাকে স্টাম্পে অনেক জোরে আঘাত করতে হচ্ছে। এবং এটা আমি ব্যাটসম্যান হিসেবেই বলছি। যারা বল করছে তারা কিন্তু ফাস্ট বোলার, মিডিয়াম পেসার নয়।’
এমন ঘটনায় অস্ট্রেলীয় অধিনায়কও খুশি নন। গতকালের ঘটনা অস্ট্রেলিয়ার পক্ষে হয়েছে। কিন্তু পরের ম্যাচগুলোতে ভাগ্য যে প্রতিপক্ষের হয়ে কথা বলবে না তার নিশ্চয়তা নেই, ‘আজ আমাদের পক্ষে ছিল এটি। কিন্তু এটা দুর্ভাগ্যজনক, তাই না। আমি জানি ডেভিডের স্টাম্পে বল বেশ জোরেই লেগেছে। কিন্তু ইদানীং ব্যাপারটা অনেক বেশি বেশি হচ্ছে, যা ঠিক না। ধরুন বিশ্বকাপের ফাইনাল বা সেমিফাইনালে এমন কিছু হলো। একজন বোলার বা ফিল্ডিং দল হিসেবে একজনকে আউট করার সব পরিকল্পনা করলেন, তাকে ভুল করতে বাধ্য করলেন, কিন্তু এর ফলে যোগ্য পুরস্কার পেলেন না। আমি নিশ্চিত না কী করা যেতে পারে। আমি জানি না বেলটা আরও হালকা বানানো সম্ভব কি না।’
বেল ভারী না হালকার প্রসঙ্গে অবশ্য উড়িয়ে দিচ্ছে আইসিসি। তাদের দাবি কাঠের তৈরি বেলের সমান ভারী এই নতুন জিং বেল। ইংল্যান্ড দল যদিও এ কথায় আপত্তি তুলতে পারে। বাংলাদেশের বিপক্ষে বেন স্টোকসের মতো গতিময় বোলারের বলেও মোহাম্মদ সাইফউদ্দিনের বেল ওড়েনি। সে দুঃখ স্টোকস পরের বলেই স্টাম্প ভেঙে ভুলেছেন। ২০১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচেও ইংল্যান্ডের সঙ্গে ভাগ্যের বনিবনা হয়নি। আদিল রশিদের বল লেগেছিল কুইন্টন ডি ককের স্টাম্পে। কিন্তু বেল তো নড়েইনি, উল্টো বাইয়ে চার রান হয়েছে! অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের ৯০ মাইল ছাড়ানো গতির বলে ক্রিস গেইলের বেলে আলো দেখা যায়নি। এমন ভাগ্যের সাহায্য শ্রীলঙ্কার দিমুথ করুনারত্নেও পেয়েছেন।
বিশ্বকাপের প্রথম ১০ দিনেই এমন পাঁচ ঘটনাটাই ভাবাচ্ছে কোহলিকে। গতকালই তারা দেখার চেষ্টা করেছেন সমস্যাটা কোথায়, ‘এমএস স্টাম্পের গর্তটা দেখেছে। স্টাম্প খুব শক্ত করে পোতা হয়নি, আসলে খুব হালকাভাবেই লাগানো হয়েছিল। আমি তাই জানি না স্টাম্পে কোনো সমস্যা আছে কি না, নাকি স্টাম্পের বাইরের স্তরে কোনো সমস্যা। আমি এটাও বুঝছি না আসলে কী হচ্ছে, স্টাম্প বেশি মোটা না বেশি শক্ত—কিছুই জানি না। আপনি ভালো একটা বল করার পরও আউট হচ্ছে না, এমন কিছু কোনো দলই দেখতে চায় না। আমি এমন কিছু খুব বেশি দেখিনি।’
আম্পায়াররা অবশ্য জিং বেলের ভক্ত। খুব কাছাকাছি রান আউট বা স্টাম্পিংয়ের ঘটনায় এই আলো জ্বলার ঘটনা তাদের অনেক সুবিধা করে দেয়। তবে বেলের আলো জ্বালাতে গিয়ে যদি ম্যাচের ফলে প্রভাব পড়ে, তবে কিন্তু বিশ্বকাপই রং হারাবে।