
২৭০ ওভারে ৩৮৮ রান।
কী সহজ সমীকরণ, তাই না? স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের অনুপ্রেরণা হওয়া উচিত এটাই। অন্য কোনো দিকে যে তাকানোর জো নেই তাঁদের!
গলের উইকেটে চতুর্থ ইনিংসে ৪১৩ রানের লক্ষ্য পেয়েছে অস্ট্রেলিয়া। কাল ৩ উইকেটে ২৫ রানে দিন শেষ করার পর টেস্টে বড় হারই চোখ রাঙাচ্ছে তাদের। সিরিজ পরাজয়েরই কিনারায় দাঁড়িয়ে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দল।
অথচ দিনটি হতে পারত মিচেল স্টার্কের। কাল ৫০ রানে ৬ উইকেট নিয়েছেন এই ফাস্ট বোলার। ম্যাচে ৯৪ রানে ১১ উইকেট, শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ার হয়ে সেরা বোলিং। তাঁর বোলিং তোপেই শ্রীলঙ্কা অলআউট হয় ২৩৭ রানে, কিন্তু এমন বোলিংয়েও দিনটি স্টার্কের হলো না। দিনের সব আলো কেড়ে নিলেন রঙ্গনা হেরাথ আর দিলরুয়ান পেরেরা।
২ উইকেটে ৫৪ রানে দিন শুরু করে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে অলআউট হয় ১০৬ রানেই। ধ্বংসযজ্ঞ চালান হেরাথ ও পেরেরা। দুজনই নিয়েছেন ৪টি করে উইকেট। হেরাথ তাঁর ৪ উইকেটের তিনটিই নিয়েছেন ১ ওভারে। ২৫তম ওভারের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলে ফিরিয়ে দিয়েছেন অ্যাডাম ভোজেস, পিটার নেভিল ও মিচেল স্টার্ককে। তার মানে হ্যাটট্রিক! নুয়ান জয়সার পর টেস্টে দ্বিতীয় শ্রীলঙ্কান হিসেবে হ্যাটট্রিক করেছেন হেরাথ। দিলরুয়ান বোলিংয়ে ৪ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও করেছেন ৬৪ রান।
দিনের শেষ ভাগে এই দুজনের স্পিন বিষে মাত্র ১০ রানেই ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া। সূত্র: ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা: ৭৩.১ ওভারে ২৮১ (মেন্ডিস ৮৬, ম্যাথুস ৫৪; স্টার্ক ৫/৪৪, লায়ন ২/৭৮) ও ৫৯.৩ ওভারে ২৩৭ (দিলরুয়ান ৬৪, ম্যাথুস ৪৭; স্টার্ক ৬/৫০, লায়ন ২/৮০)। অস্ট্রেলিয়া: ৩৩.২ ওভারে ১০৬ (ওয়ার্নার ৪২, মার্শ ২৭; দিলরুয়ান ৪/২৯, হেরাথ ৪/৩৫) ও ৬ ওভারে ২৫/৩ (লক্ষ্য ৪১৩): (ওয়ার্নার ২২*; দিলরুয়ান ২/৯, হেরাথ ১/১৬)।