স্টার্ক নেই বলেই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাফ ডু প্লেসি
ফাফ ডু প্লেসি

ইনিংসের প্রথম বলেই বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন। পরশু ফাফ ডু প্লেসির পুরো ইনিংসে একবারও সে কথা মনে পড়েনি! অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৯৩ বলে ১১১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন ডু প্লেসি। আর এই ইনিংসেই ইতিহাসের অংশ হয়ে গেলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।
না, শুধু ডু প্লেসির এই ইনিংসটিই ইতিহাসে জায়গা পাওয়ার মতো কিছু নয়। এ মাঠের সবচেয়ে বড় ইনিংসও এটি নয়। তবে পরশু ডু প্লেসি যা করলেন তা ক্রিকেট ইতিহাসেই প্রথম। ২০১৩ সালে ভারতের বিপক্ষে টেস্টে এই মাঠে প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন। আর ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে পান নিজের দ্বিতীয় সেঞ্চুরি। পরশু চক্রটা পূরণ করলেন প্রোটিয়া ব্যাটসম্যান, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে সেঞ্চুরি করে।
ক্রিকেটের তিন সংস্করণে সেঞ্চুরি করা ১১ ব্যাটসম্যানের তালিকায় আগেই ছিলেন ডু প্লেসি। কিন্তু একই মাঠে টেস্ট, টি-টোয়েন্টি, ওয়ানডে—তিন সংস্করণেই সেঞ্চুরির কীর্তি শুধু তাঁরই। ব্যক্তিগত কীর্তির সঙ্গে অস্ট্রেলিয়াকে ১৪২ রানে হারানোর তৃপ্তিও সঙ্গী ডু প্লেসির। তবে নিজেদের এমন সাফল্যের পেছনে প্রতিপক্ষেরও ‘অবদান’ দেখছেন ডু প্লেসি। বলা ভালো, একজনের অনুপস্থিতিকে! ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল স্টার্ককে। ডু প্লেসির ধারণা, স্টার্ক থাকলে প্রোটিয়াদের কাজটা অনেক কঠিন হতো, ‘এই দলেই স্টার্ককে যোগ করুন, সঙ্গে সঙ্গে দলটির চেহারা বদলে যাবে। সে বারবার প্রমাণ করেছে সে উইকেটশিকারি বোলার, তার বাড়তি গতি আছে। বিশেষ করে টেলএন্ডারদের বিপক্ষে সে ভয়ংকর। সে রিভার্স সুইংও পায়, বল করতে আসে আর ইনিংসের লেজ ছেঁটে দেয়, ওয়েস্ট ইন্ডিজেও সে আমাদের সঙ্গে দুবার (আসলে একবার) এটা করেছে। যেকোনো সংস্করণেই বাড়তি গতি এমন এক অস্ত্র যা একজন অধিনায়ক পেতে চাইবে।’
নিয়মিত অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের অনুপস্থিতিতে এই সিরিজে অধিনায়কত্ব করছেন ডু প্লেসি। আর তাতেই আরেকটি রেকর্ড হয়ে গেল, অধিনায়ক হিসেবে তিন সংস্করণেই সেঞ্চুরি। তাঁর আগে এ কীর্তি ছিল শুধু শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশানের। ফ্যাফ অবশ্য ডি ভিলিয়ার্স ও হাশিম আমলাকে ছাড়া অস্ট্রেলিয়াকে টানা দুই ম্যাচে হারাতে পারাটাই তাঁর কাছে বেশি তৃপ্তির, ‘পরিপূর্ণ একটা ম্যাচ ছিল। ব্যাটিং পারফরম্যান্সটা দারুণ ছিল, আমাদের সেরাটাই। ওয়ানডেতে অস্ট্রেলিয়া অসাধারণ দল, ওদের এভাবে হারানো মানেই সবকিছু দারুণ হয়েছে এ ম্যাচে। তা-ও বিশ্বের সেরা দুই খেলোয়াড়কে ছাড়াই এমন পারফরম্যান্স। এতে বোঝা গেল, এবি ছাড়াও আমাদের ভবিষ্যৎ খারাপ নয়।’ ক্রিকইনফো।