স্টার্ক-বিতর্ক আর অস্ট্রেলিয়ার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেস্ট জিতেছেন বাবারা, উদ্‌যাপন করতে মাঠে চলে এল কন্যারাও। অস্ট্রেলিয়ার জার্সি পরা মেয়েটি নাথান লায়নের, নাম হারপার। অন্যজন ব্রিসবেন টেস্টের ম্যাচসেরা ডেভিড ওয়ার্নারের মেয়ে আইভি। দুজনের খুনসুটি দারুণ উপভোগ করলেন ওয়ার্নারও   l রয়টার্স
টেস্ট জিতেছেন বাবারা, উদ্‌যাপন করতে মাঠে চলে এল কন্যারাও। অস্ট্রেলিয়ার জার্সি পরা মেয়েটি নাথান লায়নের, নাম হারপার। অন্যজন ব্রিসবেন টেস্টের ম্যাচসেরা ডেভিড ওয়ার্নারের মেয়ে আইভি। দুজনের খুনসুটি দারুণ উপভোগ করলেন ওয়ার্নারও l রয়টার্স

ব্রিসবেন টেস্টে কী হবে, সেটি জানা হয়ে গিয়েছিল চতুর্থ দিন শেষেই। কিংবা তারও আগে। আর সাদা চোখে সেই ফলটা ছিল অস্ট্রেলিয়ার জয়। এর বাইরে গিয়ে যদি নিউজিল্যান্ড জিতে যেত, তাহলে টেস্ট ক্রিকেটেই একটা নতুন রূপকথার জন্ম হতো। এমনকি ড্র হলেও সেটা কম বিস্ময়কর হতো না।
ওসব কিছুই হলো না। টম ল্যাথামরা অনেক বড় বড় কথা বললেও আদতে পঞ্চম দিনে নিউজিল্যান্ডের বাকি ইনিংসটা টিকল মাত্র ৩৫.৩ ওভার। আগের দিনের ৩ উইকেটে ১৪২ রানের সঙ্গে যোগ হলো আর ১৫৩ রান। ২০৮ রানের বিশাল জয় দিয়ে স্টিভেন স্মিথের নেতৃত্বে তরুণ অস্ট্রেলিয়া দলটি বুঝিয়ে দিল, অভিজ্ঞতায় তরুণ হলেও মাঠের খেলায় তারা সেই পুরোনো অস্ট্রেলিয়াই।
অস্ট্রেলিয়ার জয় আর নিউজিল্যান্ডের হার নিশ্চিত হতে যেটুকু সময় লেগেছে, তাতে নাটকীয়তা কম বরং বিতর্কের উপাদানই বেশি ছিল। সবচেয়ে বড় বিতর্কটা নিউজিল্যান্ডের ইনিংসের ৮৪তম ওভারে। কিউইদের শেষ জুটি মার্ক ক্রেগ আর ট্রেন্ট বোল্ট মিলে ছোটখাটো একটা ‘প্রতিরোধ’ গড়ে অস্ট্রেলিয়ার উদ্যাপনের অপেক্ষাটা দীর্ঘায়িত করে যাচ্ছেন যতটুকু পারা যায়। ওই ওভারেরই প্রথম দুই বলে ক্রেগ পরপর দুটি চার মারলেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ককে। তাতেই বোধ হয় মেজাজ খারাপ হয়ে গেল স্টার্কের। তৃতীয় বলটা খেলে ক্রেগ কিছুটা বেরিয়ে এসেছিলেন, স্টার্ক সেই বল ধরে ছুড়ে মারলেন স্টাম্পের বাইরে থাকা ক্রেগের দিকে। কোনোমতে সরে গিয়ে বাঁচলেন ক্রেগ। দুঃখ প্রকাশ-টকাশ দূরে থাকে, স্টার্ক রাগে গনগনে চেহারা নিয়ে ফিরে গেলেন বোলিং মার্কে। ম্যাচ রেফারি রোশান মহানামা ওই কাণ্ডের জন্য ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করেছেন স্টার্ককে।
অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথেরও পছন্দ হয়নি ব্যাপারটা। ম্যাচের পর তাঁর নিজের দলের পেসারকে সতর্ক করার কণ্ঠেই বললেন, ‘এটা খুবই হতাশাজনক। ও আগেও কয়েকবার এ রকম করেছে। আমি এটা নিয়ে পরে ওর সঙ্গে কথা বলব। ওই সময়ে এটা করার দরকার ছিল না।’
প্রতিপক্ষ নিউজিল্যান্ড অধিনায়ক অবশ্য স্বভাবসুলভ সৌজন্য ধরে রেখে খুব একটা পাত্তা দেননি ব্যাপারটাকে, ‘আমার মনে হয় ও স্টাম্পের দিকেই মারতে চেয়েছিল, ফসকে গেছে। আমরা ওকে “বেনিফিট অব ডাউট” দিচ্ছি।’
স্টার্ক-বিতর্কে যিনি এত সৌজন্য দেখালেন, সেই ম্যাককালাম নিজেই অবশ্য এর আগে শিকার হয়েছেন একটা বিতর্কিত সিদ্ধান্তের। ব্যাট হাতে একাই লড়ছিলেন, ৭৯ বলে ৮০ রানও করে ফেলেছেন ততক্ষণে। কিন্তু ৭৯তম ওভারে শন মার্শের বলে স্লিপে ক্যাচের আবেদন হওয়ার পর আঙুল তুলে দিলেন আম্পায়ার নাইজেল লং। যদিও রিপ্লেতে স্পষ্ট বোঝা গেছে বল ম্যাককালামের ব্যাট নয়, প্যাডে লেগে গেছে। দুর্ভাগ্যজনকভাবে ততক্ষণে কিউইদের ডিআরএসের কোটা শেষ!
বিতর্কিত সেই সিদ্ধান্ত নিয়ে কথা বলতে গিয়েও ম্যাককালাম খেলোয়াড়ি ভদ্রতার প্রতিমূর্তি, ‘এটাই খেলা। লং আর রিচার্ড ইলিংওয়ার্থ দুজনই বিশ্বের অন্যতম সেরা আম্পায়ার। কিন্তু কখনো কখনো তাঁরাও ভুল করতেই পারেন।’ রয়টার্স।