স্টার্কের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনের প্রথম বলটি জায়গামতো ফেলা খুব কঠিন, মিচেল স্টার্ক তা পারেনওনি। যে বলের ঠিকানা হওয়ার কথা সীমানা দড়ি, সেই বলে ক্যাচ দিয়ে ফিরলেন দিমুথ করুনারত্নে। এভাবেই ভাগ্য ও নৈপুণ্যের মিশেলে গল টেস্টে আলো ছড়ালেন স্টার্ক, ৪৪ রানে ৫ উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে আটকে দিলেন ২৮১ রানে।

৯ রানে দুই ওপেনারকে হারানোর পরও কুশল মেন্ডিসের নেতৃত্বে দিনের শুরুতে দাপট দেখিয়েছে শ্রীলঙ্কা। কুশল পেরেরা (৪৯) ও অ্যাঞ্জেলো ম্যাথুসকে (৫৪) নিয়ে দুই জুটিতে ১৭৫ রান যোগ করেন মেন্ডিস। একপর্যায়ে মাত্র ৩ উইকেটে ১৮৪ রান তুলে ফেলে স্বাগতিক দল। অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরান স্টার্ক। তাঁর দারুণ এক বলে আউট হন মেন্ডিস (৮৬), যেটি ছিল টেস্টে স্টার্কের ১০০তম উইকেট।

অস্ট্রেলিয়ার শুরুটাও ভালো হয়নি। দ্বিতীয় বলেই ফিরে যান জো বার্নস। ঝোড়ো গতিতে ৪২ রান করেও দিনের শেষ বলে ডেভিড ওয়ার্নার আউট হওয়ায় একটু বিপাকেই আছে অস্ট্রেলিয়া। ২ উইকেটে তাদের রান ৫৪। সূত্র: ক্রিকইনফো।