স্টার্কের পর ওয়ার্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালই নাকি পুরো দিনের পূর্বাভাস দেয়। পার্থ টেস্টের প্রথম দিনটা অন্তত তা-ই দিল। ওয়াকার সোনালি সকালে মিচেল স্টার্ক সেই যে হাসি এনে দিলেন, দিন শেষে সেটি আরও চওড়া হয়েছে অস্ট্রেলিয়ার। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ২৪২ রানের পর অস্ট্রেলিয়া বিনা উইকেটেই করে ফেলেছে ১০৫ রান।

গত বছর থেকে সব সংস্করণ মিলিয়ে ১৯ ম্যাচে প্রথম ওভারে উইকেট পেয়েছেন স্টার্ক। কাল সকালেও দিনের চতুর্থ বলেই ফিরিয়ে দিলেন স্টিভেন কুককে। চতুর্থ ওভারেই আঘাত হানলেন হ্যাজলউড, ফিরিয়ে দিলেন আমলাকে। পাঁচ রানে ২ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা তখন কাঁপছে। ৩২ রানের ভেতর ফিরে গেলেন এলগার ও ডুমিনিও। লাঞ্চের ঠিক পর ডু প্লেসিও। সেখান থেকে যে দক্ষিণ আফ্রিকা ২৪২ করল, সেটির কৃতিত্ব টেন্ডা বাভুমা ও কুইন্টন ডি ককের। ষষ্ঠ উইকেটে দুজন গড়েছেন ৬৯ রানের জুটি।

বাভুমা ৫১ রান করে ফিরে গেলেও কুইন্টন ডি কক ভাগ্যের একটু ছোঁয়া পেয়ে অস্ট্রেলিয়ার হতাশা বাড়িয়েই যাচ্ছিলেন। দুবার রিভিউ সত্ত্বেও বেঁচে গেছেন। শেষ পর্যন্ত ১০১ বলে ৮৪ রান করে হ্যাজলউডের স্লোয়ারে ক্যাচ তুলে দিয়েছেন। স্টার্ক ৭১ রানে নিয়েছেন ৪ উইকেট, হ্যাজলউড ৭০ রানে ৩ উইকেট।

তবে প্রিয় মাঠ ওয়াকায় অস্ট্রেলিয়ার বিকেলটা আরও রাঙিয়ে দিয়েছেন ওয়ার্নার। ৬২ বলে ৭৩ রান করে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন বাঁহাতি ওপেনার। একটু ভাগ্যের সহায়তাও পেয়েছেন, ১৭ রানে ফিল্যান্ডারের একটা বল ‘নো’ হওয়ায় বেঁচে গেছেন এলবিডব্লু থেকে। ক্রিকইনফো।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৬৩.৪ ওভারে ২৪২ (ডি কক ৮৪, বাভুমা ৫১; স্টার্ক ৪/৭১, হ্যাজলউড ৩/৭০)

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ২১ ওভারে ১০৫ (ওয়ার্নার ৭৩*, মার্শ ২৯*)