‘মিচেল স্টার্ক এখানে ছিলেন!’ ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) এই টুইটই বলে ফেলল পরশু অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটির অর্ধেক গল্প। ছয় মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই গতির ঝড় তুলে স্টার্ক জানালেন, ফিরেছেন তিনি।
তৃতীয় বলে পায়ের পাতা তাক করা ইয়র্কার, কোনোমতে বাঁচলেন আন্দ্রে ফ্লেচার। পঞ্চম বলেই ম্যাক্সওয়েলের ক্যাচ হয়ে ফিরলেন ফ্লেচার। দ্বিতীয় স্পেলের দ্বিতীয় বলেই দ্বিতীয় উইকেট, দুর্দান্ত আরেকটি ইয়র্কারে উইন্ডিজের সর্বোচ্চ রানসংগ্রাহক জনসন চার্লসের স্টাম্প উপড়ে ফেললেন স্টার্ক। তখনই সিএর ওই টুইট।
তবে এরপরই শুরু হলো স্পিনারদের গল্প। প্রভিডেন্সের উইকেট দেখে কোনোভাবেই সেটি ক্যারিবীয় উইকেট মনে হচ্ছিল না বরং ভারতীয় কোনো স্পিনস্বর্গই মনে হচ্ছিল। সেখানে ছড়ি ঘোরালেন স্পিনাররাই। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে স্পিনে নাকানিচুবানি খাওয়ানো ওয়েস্ট ইন্ডিজ কাল খাবি খেল অস্ট্রেলিয়ার স্পিনারদের কাছে। উইন্ডিজ মিডল অর্ডারকে ধসিয়ে দিলেন ম্যাচসেরা নাথান লায়ন, আর লোয়ার অর্ডারদের নিয়ে খেললেন অ্যাডাম জাম্পা। দুজনই নিয়েছেন ৩ উইকেট করে। তাতেই মাত্র ১১৬ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারানোর সুখস্মৃতি পরের ম্যাচেই মিইয়ে গেল উইন্ডিজের।
ম্যাচের বাকি কাহিনি লেখা হয়েছে আরেকটি টুইটে, ‘ডেভিড ওয়ার্নার, নিজের সমকক্ষ কারও সঙ্গে লড়ো!’ ওয়ার্নারের ব্যাটের সামনে উইন্ডিজ বোলারদের অসহায় আত্মসমর্পণ দেখে কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল, ওয়ার্নারের যোগ্য বোলিং এটা নয়। আইপিএলের দুর্দান্ত ফর্ম ওয়েস্ট ইন্ডিজেও নিয়ে গেছেন ওয়ার্নার। যে পিচে অন্য ব্যাটসম্যানরা খাবি খাচ্ছিলেন রানের জন্য, সেখানে বলপ্রতি ৫৫ রান করে ছড়ি ঘোরালেন অস্ট্রেলীয় ওপেনার। ক্যারিবীয় স্পিনারদের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে ওয়ার্নারই ম্যাচ শেষ করে এসেছেন। ১৪৬ বল ও ৬ উইকেট বাকি রেখে জিতে যায় অস্ট্রেলিয়া। আজ একই মাঠে প্রোটিয়াদের মুখোমুখি অস্ট্রেলিয়া। এএফপি।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ৩২.৩ ওভারে ১১৬ (চার্লস ২২, ব্রাফেট ২১, ব্রাভো ১৯; জাম্পা ১৬/৩, লায়ন ৩৯/৩, স্টার্ক ৩৭/২)।
অস্ট্রেলিয়া: ২৫.৪ ওভারে ১১৭/৪ (ওয়ার্নার ৫৫*, খাজা ২৭, ফিঞ্চ ১৯; নারাইন ২/৩৬, বেন ১/২১, হোল্ডার ১/২১)।
ফল: অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: নাথান লায়ন।