স্টার্কের রেকর্ড, তবু হারের মুখে অস্ট্রেলিয়া

কাল শেষ বিকেলে রঙ্গনা হেরাথের স্টাম্প উপড়েছিলেন মিচেল স্টার্ক। তখন নিশ্চয় ভুলেও ভাবেননি, আজ সকালেই আবার বল হাতে নিতে হবে তাঁকে! কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় মধ্যাহ্নবিরতির আগেই বোলিংয়ে আসতে হলো স্টার্ককে। বল হাতে আগুন ঝরালেন আজও, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে সেরা বোলিংয়ের রেকর্ড গড়লেন। কিন্তু তাতেও কি কোনো লাভ হলো? ৪১৩ রান তাড়া করতে নেমে ২৫ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলেছে তাঁর দল।
দেশে বাঘ, বাইরে বিড়াল। এমন অপবাদ উপমহাদেশের দলগুলোকেই বইতে হয়েছে অনেক দিন। কিন্তু অস্ট্রেলিয়া দলের ব্যাটিং যেন যেচে সে অপবাদ নিজেদের কাঁধে নিতে চাইছে! ৫৪ রানে ২ উইকেট নিয়ে আজ নেমেছিল অস্ট্রেলিয়া। আজ সকালের সেশনে আর ৫২ রান করতেই অলআউট সফরকারীরা! প্রথমে টানা দুই বলে ফিরলেন উসমান খাজা ও স্টিভ স্মিথ। আসল ধাক্কাটি এল ২৫তম ওভারের শেষ তিন বলে। অ্যাডাম ভোজেস, পিটার নেভিল ও স্টার্ককে ফিরিয়ে দিয়ে দ্বিতীয় শ্রীলঙ্কান হিসেবে হ্যাটট্রিক করলেন হেরাথ। একটু পরেই ১০৬ রানেই অলআউট অস্ট্রেলিয়া।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বিপাকে পরেছিল শ্রীলঙ্কা। জশ হ্যাজলউড ও স্টার্কের তোপে লাঞ্চের আগেই ৩ উইকেট পড়ে যায় তাদের। কিন্তু বিরতির পরই আক্রমণাত্মক ব্যাটিংয়ে রান তুলতে লাগলেন শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা। তাঁদের ঝোড়ো ব্যাটিংয়ে একমাত্র স্টার্কই কিছুটা বাঁধ দিতে পেরেছেন। ৫০ রানে ৬ উইকেট তুলে নিলেন, দুই ইনিংস মিলে ১১ উইকেট। শ্রীলঙ্কাও অলআউট হয়ে গেল ২৩৭ রানে। কিন্তু ততক্ষণেই তো স্বাগতিকদের লিড ৪১২ রান!
৪১৩ তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। মাত্র ১০ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। প্রথম ওভারেই ফিরেছেন জো বার্নস। চতুর্থ ওভারে দিলরুয়ান পেরেরার টানা দুই বলে ফিরে আরেকটি হ্যাটট্রিক সম্ভাবনা জাগিয়েছিলেন নাথান লায়ন ও খাজা। এক দিনেই দুটি হ্যাটট্রিক দেখার অভূতপূর্ব কীর্তিটা হলো না স্টিভ স্মিথের জন্য।
হ্যাটট্রিক তো আটকাতে পেরেছেন, কিন্তু দলের হার কি এড়াতে পারবেন স্মিথ? জয়ের জন্য যে আরও ৩৮৮ রান করতে হবে অস্ট্রেলিয়াকে।