স্টার্কের স্কট শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিচেল স্টার্কের এই আবেদনে সাড়া দেননি আম্পায়ার। তবে কাল হোবার্টে ছিলেন বল হতে সবচেয়ে সফল—১৪ রানে নিয়েছেন ৪ উইকেট l রয়টার্স
মিচেল স্টার্কের এই আবেদনে সাড়া দেননি আম্পায়ার। তবে কাল হোবার্টে ছিলেন বল হতে সবচেয়ে সফল—১৪ রানে নিয়েছেন ৪ উইকেট l রয়টার্স

তৃতীয়বারও খালি হাতে ফিরল স্কটল্যান্ড। বিশ্বকাপে ১৪ ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছে স্কটিশরা

টস জেতো, ব্যাটিং নাও। বড় রান করো, এরপর প্রতিপক্ষকে গুঁড়িয়ে দাও। ছোট দলের বিপক্ষে শক্তিমত্তায় অনেক এগিয়ে থাকা দলগুলো এই রীতিটাই মেনে চলে। কিন্তু কাল স্কটল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক হাঁটলেন উল্টো পথে। বলা ভালো, বাধ্য হলেন। হোবার্টের কালোমেঘ বলছিল যেকোনো সময়ে হানা দিতে পারে বৃষ্টি। জয় পেয়ে গ্রুপের দ্বিতীয় হতে মরিয়া ক্লার্ক তাই কাল টস জিতে কোনো ঝুঁকি নিলেন না, নিলেন ব্যাটিং। এবং স্কটল্যান্ডকে অল্পতে গুটিয়ে দিয়ে বড় জয় তুলেই ‘এ’ গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়া।
বৃষ্টি যখন প্রথম খেলা থামাল, ১৩০ রানেই স্কটল্যান্ডের ৮ উইকেট তুলে কাজ অনেকটাই এগিয়ে রেখেছে অস্ট্রেলিয়া। আধা ঘণ্টার বৃষ্টি-বিরতির পর ইনিংস বিরতি নিতেও সময় নেয়নি সহ-স্বাগতিকেরা। আবার খেলা শুরু হওয়ার ৪ বলের মধ্যেই মিচেল স্টার্কের দুই ইয়র্কারে বোল্ড শেষ দুই স্কটিশ ব্যাটসম্যান। জোড়া এই আঘাতের আগে স্কটল্যান্ডের দুই ওপেনারকেও ফিরিয়েছেন স্টার্ক। ৪.৪ ওভারে ১৪ রানে ৪ উইকেট, দিন শেষে এবারের বিশ্বকাপের উইকেটশিকারিদের তালিকায় সবার ওপরে বসিয়েছে এই বাঁহাতি পেসারকে। ৫ ম্যাচে ৮.৫০ গড়ে ১৬ উইকেট নেওয়া স্টার্ক এবার উইকেট নিয়েছেন প্রতি ১৩.৮ বলে, ওভারপিছু রান ৩.৬৭।
জবাব দিতে নেমে চমকেই দিয়েছিল অস্ট্রেলিয়া। কাল বেলেরিভ ওভালে অ্যারন ফিঞ্চের ওপেনিং সঙ্গী ডেভিড ওয়ার্নার নন, ছিলেন মাইকেল ক্লার্ক। প্রায় ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো ইনিংস উদ্বোধন করে ৪৭ বলে ৪৭ রান করেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক। ১৪তম ওভারে দ্বিতীয় বলে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ক্লার্কের আউটের পরই আবারও বৃষ্টির হানা। অস্ট্রেলিয়ার রান তখন ৯২। আবার খেলা শুরু হওয়ার পর আর সময় নেননি ওয়ার্নার ও জেমস ফকনার। দুই ওভারের মধ্যেই প্রয়োজনীয় রান তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটের জয় এনে দেন তাঁরা। ৬ বলে ১৬ রান করেছেন ফকনার, সমান বলে ২১ রান ওয়ার্নারের। ফকনার ম্যাচের ইতি টেনেছেন ছক্কা মেরে।

হোক না স্কটল্যান্ড ছোট দল, ম্যান অব দ্য ম্যাচ স্টার্কের কাছে এই জয়ের গুরুত্বও কম নয়, ‘যতক্ষণ পর্যন্ত আমরা জিততে থাকব, আত্মবিশ্বাসের পারদ ততই চড়তে থাকবে। বিশেষ করে জয়ের এই ধারা ধরে রেখে নকআউট পর্বে ওঠার গুরুত্ব অনেক।’
দেশের মাটিতে বিশ্বকাপ জয়ের অভিযানে অস্ট্রেলিয়া কোয়ার্টার ফাইনাল খেলবে ২০ মার্চ অ্যাডিলেডে। প্রতিপক্ষ ‘বি’ গ্রুপে তৃতীয় হওয়া দল। যেটা নির্ধারিত হবে আজকের পাকিস্তান-আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ-আরব আমিরাত ম্যাচের পর। ক্রিকইনফো, এএফপি।