স্টার্ক-বোল্টের সঙ্গী মুস্তাফিজ
ধূমকেতুর মতোই তাঁর আবির্ভাব বাংলাদেশের ক্রিকেটে। গত জুনে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেকেই নিলেন ৫ উইকেট। পরের ম্যাচেই ৬ উইকেট। মুস্তাফিজুর রহমানের স্বপ্নযাত্রা চলেছে বছরজুড়েই। ৯ ওয়ানডেতে ২৬ উইকেট নেওয়া এই বাঁহাতি পেসার জায়গা পেয়ে গেলেন আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে।
বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে বর্ষসেরা ওয়ানডে দলে সুযোগ পাওয়া মুস্তাফিজ একাদশে জায়গা পেয়েছেন প্রথম ৬ ম্যাচের পারফরম্যান্স দিয়েই। ২০১৫ সালের বর্ষসেরা দল গড়তে আইসিসি বিবেচনা করেছে ২০১৪ সালের ১৫ সেপ্টেম্বর থেকে এ বছরের ১৩ সেপ্টেম্বর সময়কালে ক্রিকেটারদের পারফরম্যান্স। এই সময়ে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৮ উইকেট পেয়েছেন মুস্তাফিজ। আইসিসির বর্ষসেরা একাদশে সুযোগ পাওয়া বাংলাদেশের দ্বিতীয় খেলোয়াড় মুস্তাফিজ। ২০০৯ সালে সাকিব আল হাসান নির্বাচিত হয়েছিলেন টেস্ট দলে।
গতকাল একই সঙ্গে ঘোষিত টেস্ট দলে জায়গা পাননি টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর দল দক্ষিণ আফ্রিকার কোনো ক্রিকেটার। অবশ্য ২০১৫ সালে টেস্টে প্রোটিয়াদের পারফরম্যান্স আহামরি কিছু হয়নি। একাদশে আছেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও পাকিস্তানের ৩ জন করে ক্রিকেটার। বাকি দুজন নিউজিল্যান্ডের। দ্বাদশ খেলোয়াড় ভারতের রবিচন্দ্রন অশ্বিন।
ওয়ানডে দলে মুস্তাফিজের সঙ্গী হিসেবে সবচেয়ে বেশি পেয়েছেন কিউইদের। বিশ্বকাপ রানার্সআপদের তিনজন আছেন ৫০ ওভারের দলে। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার আছে দুজন—স্টিভেন স্মিথ ও বিশ্বকাপের সেরা খেলোয়াড় মিচেল স্টার্ক। বিশ্বকাপে টানা চার ম্যাচে সেঞ্চুরি করা কুমার সাঙ্গাকারাকে নেওয়া হয়েছে উইকেটকিপার হিসেবে।
আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান ও ভারতের সাবেক অধিনায়ক অনিল কুম্বলের নেতৃত্বে একটি বিশেষ প্যানেল দল দুটির নির্বাচক। কুম্বলের সহ-নির্বাচক ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার ইয়ান বিশপ, ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান মার্ক বুচার, অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বেলিন্ডা ক্লার্ক ও ভারতের দৈনিক দ্য হিন্দু ও ক্রীড়া সাময়িকী স্পোর্টস্টার-এর ডেপুটি এডিটর জি বিশ্বনাথ। তথ্যসূত্র: আইসিসি বিজ্ঞপ্তি।