স্টিভ ওয়াহ সবচেয়ে 'স্বার্থপর ক্রিকেটার'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় এক বোমাই ফাটালেন শেন ওয়ার্ন। টেলিভিশনের এক অনুষ্ঠানে এসে তিনি যা বললেন, তা অবাক করে দেওয়ার মতোই। ওয়ার্ন কোনো রাখঢাক না রেখেই বললেন, অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহর সঙ্গে তাঁর সম্পর্কের ব্যাপারটা। বললেন, তিনি নাকি ওয়াহর মতো স্বার্থপর ক্রিকেটার আর দেখেননি!


ইংল্যান্ডের রিয়েলিটি টেলিভিশনের অনুষ্ঠান ‘আই অ্যাম এ সেলেব্রিটি, গেট মি আউট অব হেয়ার’-এ উপস্থিত হয়ে ওয়ার্ন শীতল কণ্ঠেই জানিয়েছেন স্টিভ ওয়াহর সঙ্গে তাঁর সম্পর্ক, ‘আমি স্টিভ ওয়াহকে পছন্দ করি না অনেক কারণে। ওর মতো স্বার্থপর ক্রিকেটার আর কোথাও দেখিনি।’

ওয়াহকে পছন্দ না করার অনেক কারণ আছে ওয়ার্নের। কিন্তু ক্রিকেটের অন্যতম সেরা এই বোলার অনুষ্ঠানের দর্শকদের একটি ঘটনার কথাই জানিয়েছেন। ১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ টেস্টটিতে ওয়ার্নকে দর্শক হিসেবে বসে রেখেছিলেন ওয়াহ। ব্যাপারটা গত ১৭ বছরেও মেনে নিতে পারেননি।

১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের একেবারেই ভালো করতে পারেননি ওয়ার্ন। সদ্যই কাঁধের অস্ত্রোপচার সেরে মাঠে ফিরে সে সিরিজে খুব একটা উইকেটও পাননি। ওয়াহর ডেপুটি হিসেবে ওই সিরিজে খেলা ওয়ার্ন অ্যান্টিগার শেষ টেস্টের দল নির্বাচনের সময় জানতে পারেন তাঁর খেলা হচ্ছে না।

ওয়ার্ন এখনো মনে করেন, ওয়াহ তাঁকে বলির পাঁঠাই বানিয়েছিলেন, ‘সে সিরিজে আমি ভালো করতে পারিনি। তবে সেটা আমার দোষ ছিল না। আমি সদ্যই একটা কাঁধের অস্ত্রোপচার করিয়ে এসেছিলাম। আমি মনে করি সে টেস্টে বাদ দিয়ে আমাকে বলির পাঁঠা বানানো হয়েছিল।’

অ্যান্টিগার সেই টেস্ট ম্যাচটি না জিততে পারলে সিরিজ খুইয়ে দেশে ফিরতে হতো অস্ট্রেলিয়াকে। চার টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকায় অ্যান্টিগা টেস্টটি অস্ট্রেলিয়ার জন্য পরিণত হয়েছিল বাঁচা-মরার লড়াইয়ে।

ওয়ার্নের আফসোস সে টেস্টের আবহটাকে ঘিরেই, ‘ওই টেস্টের পরিস্থিতিটাই এমন ছিল যে তা আমার ভেতর থেকে সেরাটা বের করে নিতে পারত।’

অ্যান্টিগা টেস্ট থেকে বাদ পড়ার পর ওয়ার্ন জানতে চেয়েছিলেন সংবাদটা দলের অন্য সবাই জানে কিনা! উত্তরে স্টিভ যা বলেছিলেন, তা আজও পীড়িত করে ওয়ার্নকে, ‘আমি দলের অধিনায়ক। আমি বলছি তুমি এই টেস্টে খেলছ না’—আজ ১৭ বছর পরেও স্টিভের এই কথাটা অপমানে নীল করে দেয় সর্বকালের অন্যতম সেরা এই লেগ স্পিনারকে।

তবে ওয়াহর সিদ্ধান্তই কিন্তু সঠিক ছিল। শেষ পর্যন্ত ওই ম্যাচটি জিতে সিরিজে ২-২ সমতা ফেরায় অস্ট্রেলিয়া। ওয়ার্নের অনুপস্থিতি ম্যাচের ফলে প্রভাব ফেলতে পারেনি। সূত্র: পিটিআই।