স্টিভ ওয়াহ স্বার্থপর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪৫ বছরে অ্যাশেজের সেরা ২৫ খেলোয়াড় বেছে নিতে গিয়ে চ্যাপেল রাখেননি ওয়াহকে! ফাইল ছবি
৪৫ বছরে অ্যাশেজের সেরা ২৫ খেলোয়াড় বেছে নিতে গিয়ে চ্যাপেল রাখেননি ওয়াহকে! ফাইল ছবি

দুজন দুই প্রজন্মের। তাই একসঙ্গে খেলা হয়নি কখনো। ১৯৮০ সালে মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়েছিল ইয়ান চ্যাপেলের। এর বছর পাঁচেক পর সেই মেলবোর্নেই ভারতের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক অভিষেক স্টিভ ওয়াহর। তবে একসঙ্গে না খেললেও ক্রিকেট বিশ্লেষক ও ভাষ্যকার হিসেবে স্টিভ ওয়াহর পুরো ক্যারিয়ারটাই দেখেছেন চ্যাপেল। সেই দেখার অভিজ্ঞতা থেকেই তাঁর মনে হয়েছে, স্টিভ ওয়াহ ছিলেন স্বার্থপর ক্রিকেটার। আর এ কারণেই তাঁর চোখে সর্বশেষ ৪৫ বছরে অ্যাশেজের সেরা ২৫ খেলোয়াড় বেছে নিতে গিয়ে চ্যাপেল রাখেননি ওয়াহকে! 

দেশের হয়ে ১৬৮ টেস্ট খেলেছেন ওয়াহ (রিকি পন্টিংয়ের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ)। অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন ৫৭ টেস্টে, যার মধ্যে ৪১ টেস্টে জয়। অস্ট্রেলিয়ার অধিনায়কদের মধ্যে তাঁর চেয়ে বেশি টেস্ট জিতেছেন শুধু পন্টিং (৭৭ টেস্টে ৪৮ জয়)। তবে দেশকে কমপক্ষে ২৫ টেস্টে নেতৃত্ব দিয়েছেন, এমন অধিনায়কদের মধ্যে জয়ের হার বিচারে স্টিভ ওয়াহই সফলতম। তাঁর নেতৃত্বে ১৯৯৯ থেকে ২০০১ পর্যন্ত টানা ১৬ টেস্ট জিতেছে অস্ট্রেলিয়া, যে রেকর্ড পরে ছুঁয়েছে পন্টিংয়ের দল। দুটি অ্যাশেজ সিরিজে ৯ টেস্টে নেতৃত্ব দিয়ে ৮ টিতেই জিতেছেন। ইংল্যান্ডের বিপক্ষে ৪৬ টেস্টে ব্যাটসম্যান ওয়াহর গড়ও ৫৮.১৮! অথচ এত কিছুর পরও ১৯৭২ সালের পর অ্যাশেজের সেরা ২৫ খেলোয়াড় হিসেবে চ্যাপেলের তালিকায় ওয়াহর স্থান নেই! জায়গা পাননি অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৮ টেস্টে ৪৭.৫০ গড়ে ২৯৪৫ রান করা ইংল্যান্ডের অন্যতম সফল ওপেনার জিওফ বয়কটও!
কেন? সানডে টেলিগ্রাফ-এ লেখা কলামে কারণটা ব্যাখ্যা করেছেন অকপট কথার জন্য বিখ্যাত চ্যাপেল, ‘অধিনায়ক থাকার সময়েও আমি স্বার্থপর খেলোয়াড়দের পছন্দ করতাম না। আর স্টিভ ওয়াহকে আমি সব সময় স্বার্থপর ক্রিকেটার হিসেবেই দেখে এসেছি। ক্রিকেট শুধু পরিসংখ্যানের চর্চা নয়। আমি স্বার্থপর ক্রিকেটারদের পছন্দ করি না বলেই জিওফ বয়কট আর স্টিভ ওয়াহকে রাখিনি।’
ওয়াহর বিরুদ্ধে এই অভিযোগটা অবশ্য একেবারে নতুন নয়। গত বছরই ইংল্যান্ডের একটি রিয়েলিটি টেলিভিশন শো-তে গিয়ে ‘ওয়াহর মতো স্বার্থপর ক্রিকেটার জীবনে দেখেননি’ বলে মন্তব্য করেছিলেন তাঁরই একসময়ের সতীর্থ কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। এমনকি নিজের সময়ে অস্ট্রেলিয়ার সেরা ওয়ানডে ও টেস্ট একাদশ বেছে নিতে গিয়েও ওয়াহকে কোনো দলেই রাখেননি ওয়ার্ন।
অ্যাশেজ সামনে রেখে টেলিগ্রাফ-এর জন্য করা চ্যাপেলের এই সেরা ২৫ খেলোয়াড়ের তালিকায় অবশ্য আরও কিছু চমক আছে। শীর্ষ পাঁচে ডেনিস লিলি, শেন ওয়ার্ন, গ্রেগ চ্যাপেল, রিকি পন্টিং আর গ্লেন ম্যাকগ্রাকে রাখলেও চ্যাপেল ইয়ান বোথামকে রেখেছেন ১৪ নম্বরে। সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডারকে একটু অবমূল্যায়ন করা হলো কি? এই প্রশ্নের উত্তরও দিয়েছেন ৭৪ বছর বয়সী চ্যাপেল, ‘আমি বোথামকে অন্য অনেকের মতো এত উঁচু মূল্যায়ন করি না। ও ছিল ষন্ডা ধরনের ক্রিকেটার। যারা তাকে ভয় পেত, শুধু তাদের বিপক্ষেই পারত।’
বোথামকে তো তার পরও রেখেছেন। চ্যাপেলের সেরা ২৫-এ জায়গা হয়নি অ্যান্ড্রু ফ্লিনটফ, ম্যাথু হেইডেন, মাইকেল ক্লার্ক, স্টুয়ার্ট ব্রড, মাইকেল ভন ও মার্ক টেলরের। আবার বর্তমান খেলোয়াড়দের মধ্যে আছেন জেমস অ্যান্ডারসন, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, জো রুট, বেন স্টোকস ও অ্যালিস্টার কুক।