
গলায়-গলায় ভাব দুজনের। ক্যারিয়ারে ক্লার্ক যখনই সমালোচনার মুখে পড়েছেন, ঢাল হয়ে সামনে দাঁড়িয়েছেন ওয়ার্ন। কিছুদিন আগে ক্লার্ক অবসর নেওয়ার আগের ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময়টায় আরও বেশি বোঝা গেছে এটি। বন্ধুকে নিয়ে স্বাভাবিক আবেগ আছে, হয়তো থাকবেও। কিন্তু শেন ওয়ার্ন দেখালেন, ক্রিকেটীয় চোখে কোনো কিছু বিচার করতে গেলে সেই বন্ধুত্বকে দূরে সরিয়ে রাখতেও জানেন তিনি। গত ২৫ বছরে অস্ট্রেলিয়ার সেরা ওয়ানডে একাদশ বেছে নিতে গিয়ে তাই ওয়ার্ন জায়গা দিতে পারেননি বন্ধু ক্লার্ককে। চার নম্বরে ক্লার্কের জায়গায় সাবেক অস্ট্রেলিয়ান লেগ স্পিনার বেছে নিয়েছেন মাইক হাসিকে।
সর্বশেষ বিশ্বকাপ জিতে ওয়ানডে থেকে অবসর নেওয়ার সময় ক্লার্কের নামের পাশে ২৪৫ ম্যাচে ৪৪.৫৮ গড়ে ৭৯৮১ রান, স্ট্রাইক রেট ৭৮.৯৮। ওয়ানডেতে অস্ট্রেলিয়ার হয়ে তাঁর চেয়ে বেশি রান আছে মাত্র তিনজনের—রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট ও মার্ক ওয়াহর। নিজের বেছে নেওয়া গত ২৫ বছরে অস্ট্রেলিয়ার সেরা ওয়ানডে দলে ওয়ার্ন তাই ক্লার্ককে রাখলেও প্রশ্ন তোলার অবকাশ ছিল না। ফেসবুকে গতকাল একাদশটা প্রকাশ করার পর ওয়ার্নও স্বীকার করেছেন, ‘৪ নম্বর ব্যাটসম্যান নিয়ে সিদ্ধান্ত নেওয়াটাই সবচেয়ে কঠিন ছিল। কিন্তু শেষ পর্যন্ত ডেমিয়েন মার্টিন, ড্যারেন লেম্যান আর মাইকেল ক্লার্ককে পেছনে ফেলে হাসিই জিতল।’ ক্যারিয়ার ক্লার্কের মতো দীর্ঘ না হলেও ১৮৫ ম্যাচে গড় (৪৮.১৫) ও স্ট্রাইক রেট (৮৭.১৬) অবশ্য হাসিরই ভালো। সেই সঙ্গে তাঁর ম্যাচ শেষ করে আসার সামর্থ্যও নিশ্চয়ই মাথায় ছিল ওয়ার্নের।
ওয়ার্নের এই দলের সঙ্গে ২০০৭ সালে অস্ট্রেলিয়ার ওয়ানডে ক্রিকেটারদের নির্বাচিত অস্ট্রেলিয়ার সেরা ওয়ানডে দলের একটা তুলনা হতেই পারে। অস্ট্রেলিয়ার পক্ষে খেলা ১৬৩ জন ওয়ানডে ক্রিকেটারের ৮০ শতাংশ অংশ নিয়েছিল ওই জরিপে। দলের অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন স্টিভ ওয়াহ। কিন্তু ওয়ার্নের দলে স্টিভের জায়গাই হয়নি! কিংবদন্তি লেগ স্পিনার তাঁর অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন অ্যালান বোর্ডারকে। একাদশটা গত ২৫ বছরের, তার মানে ১৯৯০ সাল থেকে পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে। কিন্তু বোর্ডার অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জিতিয়েছিলেন ১৯৮৭ সালে, খেলেছেন ১৯৯৪ পর্যন্ত। বিবেচিত সময়ে তো তাঁর ক্যারিয়ারের পড়ন্ত বেলা।
২০০৭ সালের ওই সেরা একাদশের ৮ জন আছেন ওয়ার্নের দলে। স্টিভ ওয়াহর জায়গায় বোর্ডারকে রাখা ছাড়াও আরও দুটি পরিবর্তন আছে। চার নম্বরে ডিন জোন্সের জায়গায় মাইক হাসি আর পেসার ডেনিস লিলির জায়গায় মিচেল জনসন। লিলি অবশ্য গত ২৫ বছরে ওয়ানডে খেলেননি। ২০০৭ সালের দলে দ্বাদশ খেলোয়াড় ছিলেন গ্রেগ চ্যাপেল, ওয়ার্নের বিবেচিত সময়টাতে খেলেননি তিনিও। সিডনি মর্নিং হেরাল্ড।
ওয়ার্নের চোখে গত ২৫ বছরে অস্ট্রেলিয়ার সেরা ওয়ানডে একাদশ
মার্ক ওয়াহ, অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিং, মাইক হাসি, অ্যালান বোর্ডার (অধিনায়ক), মাইকেল বেভান, অ্যান্ড্রু সাইমন্ডস, মিচেল জনসন, শেন ওয়ার্ন, ব্রেট লি, গ্লেন ম্যাকগ্রা।
২০০৭ সালে ভোটে অস্ট্রেলিয়ার সেরা ওয়ানডে একাদশ
মার্ক ওয়াহ, অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিং, ডিন জোন্স, স্টিভ ওয়াহ (অধিনায়ক), মাইকেল বেভান, অ্যান্ড্রু সাইমন্ডস, শেন ওয়ার্ন, ব্রেট লি, ডেনিস লিলি, গ্লেন ম্যাকগ্রা, গ্রেগ চ্যাপেল (দ্বাদশ খেলোয়াড়)।