স্টিভ স্মিথকে নিতেই পারছেন না ওয়ার্ন
টিম পেইনের জায়গায় প্যাট কামিন্সকে অস্ট্রেলীয় টেস্ট দলের অধিনায়ক করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এ যেন অস্ট্রেলীয় ক্রিকেটের নতুন এক যুগ। কিন্তু এই নতুন যুগে নতুন মোড়কে পুরোনো জিনিস কেন, সেটিই ঠিক মেনে নিতে পারছেন না কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। তাঁর কাছে ‘পুরোনো জিনিস’ হচ্ছেন স্টিভ স্মিথ। কামিন্সকে টেস্ট দলের অধিনায়ক করায় খুশি ওয়ার্ন, কিন্তু স্মিথকে কেন সহ অধিনায়ক করা হলো, সেটি নিয়েই আপত্তি তাঁর।
স্মিথের হাতেই এক সময় টেস্ট অধিনায়কত্ব তুলে দিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল বিকৃতির কারণে নিষিদ্ধ হয়েছিলেন তিনি। এরপর এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেও তাঁর হাতে আর অধিনায়কত্ব দেওয়ার কারণ দেখেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। এবারও এক কেলেঙ্কারিতে জড়িয়ে পেইন যখন অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন, কামিন্সের সঙ্গে নতুন টেস্ট অধিনায়ক হিসেবে আলোচিত হয়েছিল স্মিথের নামও। কিন্তু ২০১৮ সালের বল বিকৃতি-কাণ্ড এবারও তাঁর বিরুদ্ধে গেছে। তবে দলের সহ অধিনায়কত্বটা ঠিকই পেয়ে গেছেন তিনি। ওয়ার্ন স্মিথের ব্যাপারে সোজা-সাপ্টাই, ‘স্মিথকে পছন্দ না করার কিছু নেই। আমরা সবাই তাঁকে ভালোবাসি। সে আবারও টেস্টের সেরা ব্যাটসম্যান হয়েছে। কিন্তু তাঁকে সহ অধিনায়ক করাটা উচিত হয়নি।’
জীবনে ভুল তো অনেকেই করেন। সে ভুলের শাস্তি পেয়েছেন স্মিথ। কিন্তু তা-ই বলে ভুলের শাস্তি সারা জীবন স্মিথ পাবেন কেন! ওয়ার্নের অবশ্য এ ব্যাপারে মতামত খুব পরিষ্কার। তিনি মনে করেন যেহেতু ২০১৮ সালে কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনাটা স্মিথের অধিনায়কত্বেই হয়েছে, তাই এটির দায় তাঁকে বয়ে বেড়াতেই হবে, ‘সবাই ভুল করে মানছি। কিন্তু বল বিকৃতির ঘটনাটা স্মিথের অধিনায়কত্বেই হয়েছিল, আর সে সব জেনে শুনেই এমন একটা ঘটনা ঘটতে দিয়েছিল। হ্যাঁ, সে তার জন্য অনেক বড় শাস্তি পেয়েছে। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া আবার তাঁকে সহ অধিনায়ক করে নতুন করে সেটি নিয়ে আলোচনার সুযোগ করে দিয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার উচিত যে আচরণবিধিটা তারা বানিয়েছে, সেটি বাইরে ছুড়ে ফেলে দেওয়া।’