স্টেইন-ফিল্যান্ডার ছাড়াই দ. আফ্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহালিতে প্রথম টেস্টে ১০৮ রানের বিশাল হার। সেটাও মাত্র তিন দিনে! বেঙ্গালুরুতে আজ থেকে শুরু সিরিজের দ্বিতীয় টেস্ট দিয়ে যখন দক্ষিণ আফ্রিকা সেটা সামলে ওঠার কথা ভাবছে, তখনই আরেকটা দুঃসংবাদ। অনুশীলনে চোট পেয়ে ছিটকে গেছেন ভারনন ফিল্যান্ডার, মোহালিতে পাওয়া চোট থেকে সেরে উঠতে পারেননি ডেল স্টেইনও। ভারতের বিপক্ষে মাঠে নামার আগেই কি কিছুটা পিছিয়ে পড়ল দক্ষিণ আফ্রিকা?
এমন দুজনকে হারানো যে বড় ধাক্কা সেটা মানছেন প্রোটিয়া অধিনায়ক হাশিম আমলাও, ‘ডেলের মতো বিশ্বের অন্যতম সেরা বোলার আর ফিল্যান্ডারের মতো বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের না থাকাটা তো দলের ছন্দ কিছুটা বদলে দেবেই।’
তবে বদলি হিসেবে যাঁরা খেলবেন, তাঁদের ওপরও যথেষ্ট আস্থা দক্ষিণ আফ্রিকার অধিনায়কের, ‘আমরা সৌভাগ্যবান যে আমাদের দলের গভীরতা অনেক। বিশেষ করে বোলিংয়ে। আমাদের বিকল্প বোলিং আক্রমণও যথেষ্ট শক্তিশালী।’ ফিল্যান্ডারের বিকল্প হিসেবে দক্ষিণ আফ্রিকা থেকে উড়িয়ে আনা হয়েছে কাইল অ্যাবটকে, ফিট হয়ে দলে ফিরেছেন মোহালিতে না-খেলা মরনে মরকেলও।
পরিবর্তন আছে ভারত দলেও। এক টেস্টের নিষেধাজ্ঞা কাটিয়ে আজ দলে ফিরছেন পেসার ঈশান্ত শর্মা। তাঁকে জায়গা দিতে সরে দাঁড়াতে হবে উমেশ যাদব কিংবা বরুন অ্যারনকে। অবশ্য ভারত তিন পেসার নিয়ে খেলতে চাইলে ভিন্ন কথা। মোহালিতে দক্ষিণ আফ্রিকার ২০ উইকেটের ১৯টিই ভারতীয় স্পিনাররা নিলেও বেঙ্গালুরুতে কন্ডিশনটা একই রকম থাকছে কি না, সেটি নিয়ে সংশয় আছে যথেষ্টই। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী কয়েক দিন সেখানে বৃষ্টিরও সম্ভাবনা আছে। সেটা মাথায় রেখেই প্রোটিয়া অধিনায়ক হাশিম আমলা বলেছেন, ‘সাধারণত এ ধরনের কন্ডিশন পেসারদের সাহায্য করে। আশা করি সে রকম হলে আমাদের বোলাররা সুযোগটা নিতে পারবে।’
বিরাট কোহলি অবশ্য এ নিয়ে আগেই কিছু বলতে রাজি নন। একাদশ ঠিক করার জন্য ভারত অধিনায়ক অপেক্ষা করতে চান আজ টসের কিছু সময় আগ পর্যন্ত। এএফপি।