স্টেইনকে বিপজ্জনক মনে করেন না শেহজাদ!

অঘটনের সম্ভাবনা কাল ভালোমতোই জাগিয়েছিল আফগানিস্তান। অন্তত উইকেটে মোহাম্মদ শেহজাদ যতক্ষণ ছিলেন ততক্ষণ তো বটেই। ১৯ বলে ৪৪ রানের বিস্ফোরক এক ইনিংসে শেহজাদই আফগানিস্তানকে আশা দেখাচ্ছিলেন। দক্ষিণ আফ্রিকার বেধে দেওয়া ২১০ রানের লক্ষ্যটাও বেশি বড় মনে হচ্ছিল না ওই সময়টায়। শেষ পর্যন্ত অবশ্য ম্যাচটা আফগানিস্তান ৩৭ রানে হারলেও দুই দলের শক্তির বিচারে এটাও এক ধরনের সাফল্যই। ২০ ওভারের ম্যাচে ২১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৭ রানে হারাটাও কিন্তু কম কৃতিত্বের নয়। প্রশংসা আফগানদের জন্য থাকছেই। কিন্তু ম্যাচ শেষে মোহাম্মদ শেহজাদ যা বলেছেন, তা শুনে আক্কেল গুড়ুম সবার। বলেছেন, ডেল স্টেইন থাকলে নাকি আফগানরা আরও কম ব্যবধানে হারত!
কুঁচকির চোটে গত ছয় মাস ধরেই ভুগছেন স্টেইন। এই বিশ্বকাপেও ঠিক ছন্দে নেই। ইংল্যান্ডের সঙ্গে ম্যাচে তো প্রথম ২ ওভারে ৩৫ রান দেওয়ার পর স্টেইনকে বল দেওয়ারই সাহস করেননি দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসি। কাল তো তাঁকে বসিয়েই রাখা হলো। একজন বোলারের খারাপ সময় আসতেই পারে। কিন্তু তাই বলে স্টেইনের সামর্থ্য-প্রতিভা নিয়ে নতুন করে বলার যে কিছু নেই, সেটা সবাই জানে। দক্ষিণ আফ্রিকার সর্বকালের সেরা বোলারদের তালিকাতেও নাম থাকবে তাঁর। অথচ, শেহজাদ কিনা বলছেন, স্টেইন থাকলে নাকি আফগানিস্তান আরও ভালো করতে পারত!
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শেহজাদকে প্রশ্ন করা হয়েছিল, ডেল স্টেইন থাকলে ওভাবে মারতে পারতেন কি না। আফগান ব্যাটসম্যান স্ট্রেইট ড্রাইভ খেললেন, ‘কে খেলল না খেলল তাতে আমার কিছু যায় আসে না।’ এর পরেই সবাইকে চমকে দিয়েছেন, ‘আমি স্টেইনের মুখোমুখি হতে পছন্দ করি। আমার চোখে ও এমন বিপজ্জনক কিছু নয়।’ কারণটাও একই সঙ্গে ব্যাখ্যা দিয়েছেন, ‘স্টেইনের পেস ছাড়া তেমন কিছু নেই। এই উইকেট এ ধরনের বোলারদের খেলার জন্য খুব ভালো, কারণ বল খুব সুন্দরভাবে ব্যাটে আসছিল।’
সংবাদ সম্মেলনে উপস্থিত এক সাংবাদিক একটু হতভম্ব হয়েই শেহজাদকে বললেন, কথাটা আসলেই বুঝেশুনে বলেছেন কি না! এবার আফগান ব্যাটসম্যানের উত্তর আরও সোজাসাপটা, ‘আমি তো বলেছি, ও না নামায় আমি খুব একটা খুশি নই।’
পরে ডু প্লেসিও জানিয়ে গেছেন, ‘টেকনিক্যাল’ কারণেই স্টেইনকে বসিয়ে রাখা হয়েছিল। বেঙ্গালুরুর পিচে বল খুব দ্রুত পিছলে যায়, সেটার সঙ্গে স্টেইন খাপ খাওয়াতে পারবেন কি না সেই দ্বিধা থেকে বসিয়ে রাখা হয়েছে তাঁকে। অবশ্য স্টেইনের জায়গায় যিনি খেলেছেন, সেই ডেভিড ভিসেও তেমন কিছু করতে পারেননি, ৪ ওভারে ৪৭ রান দিয়ে একটা উইকেটও পাননি।
গ্রায়েম স্মিথও তার আগে টুইট করে জানিয়েছেন, ছন্দ ফিরে পাওয়ার জন্য এই ম্যাচে স্টেইনকে নামানো উচিত ছিল। তবে শেহজাদের কথা শুনে মনে হতেই পারে, স্টেইন এ যাত্রা বেঁচে গেছেন!