
সেঞ্চুরিয়ন টেস্টের তৃতীয় দিনেই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের হার। ফলোঅনে পড়া দলটি দক্ষিণ আফ্রিকার একমাত্র ইনিংস থেকে পিছিয়ে ছিল ২৭৫ রানে। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৭৬ রান তুলে তৃতীয় দিনটি পার করে তারা। এটি যদি খানিকটা আশা জাগিয়ে থাকে ম্যাচ বাঁচানোর, তবে চতুর্থ দিনে ‘অবিশ্বাস্য’ কিছুই করল ক্যারিবীয়রা। তাতে পরাজয়ই এল সাততাড়াতাড়ি। সকালে ঘণ্টা খানেকের মধ্যে মাত্র ১৫.৩ ওভারেই অলআউট ওয়েস্ট ইন্ডিজ! প্রথম টেস্টটা তাই ইনিংস ও ২২০ রানে জিতে নিল দক্ষিণ আফ্রিকা। তবে সব ‘কৃতিত্ব’ ক্যারিবীয়দের দিলে সুবিচার হবে না ডেল স্টেইনের জন্য। ৬ উইকেট নিয়ে প্রোটিয়া ফাস্ট বোলারই ছিঁড়েখুঁড়ে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং।
৩৪ রানে ৬ উইকেট নিয়েছেন টেস্ট ক্রিকেটে বিশ্বের এক নম্বর বোলার। অথচ আগের দিন ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে মাত্র ৫ বল করেই খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছিলেন কুঁচকিতে টান পড়ায়। সেই স্টেইনই কাল ফিরেই দেখালেন রুদ্রমূর্তি। দিনের নিজের তৃতীয় ওভারে লিওন জনসনকে উইকেটকিপারের ক্যাচ বানিয়ে শুরু। চতুর্থ ওভারে লাফিয়ে ওঠা বলে গ্লাভসে লাগিয়ে চন্দরপলও ক্যাচ দিলেন ডি ভিলিয়ার্সকে। পঞ্চম ওভারে স্যামুয়েলসকেও যখন কাভারে ডিন এলগারের ক্যাচ বানালেন, ম্যাচ আসলে তখনই শেষ। একজন কম নিয়ে খেলা ওয়েস্ট ইন্ডিজ অলআউট ১৩১ রানেই।
একমাত্র ইনিংসে ২০৮ রান করে ম্যাচসেরা প্রোটিয়া অধিনায়ক হাশিম আমলা। অন্যদিকে দুই ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের পুরো দল মিলে করেছে মাত্র ২০১ ও ১৩১। ব্যাটিং-দুর্দশার জন্য নিজেদেরই দুষেছেন ক্যারিবীয় অধিনায়ক দিনেশ রামদিন, ‘ভালো শুরু করার পর তারা যেভাবে আউট হয়েছে সেটা হতাশার। দক্ষিণ আফ্রিকা বিশ্বের এক নম্বর দল, সকালে ডেল স্টেইনও অসাধারণ এক স্পেল করেছে। তবে আমাদের সবাইকে ওদের বিপক্ষে আরও গুছিয়ে খেলা উচিত ছিল, যাদের মধ্যে আমিও আছি।’
আমলাও প্রশংসায় ভাসিয়েছেন স্টেইনকে, ‘ডেল অসাধারণ বোলিং করেছে। আমাদের আজকের বোলিং সামলাতে বিশ্বের যেকোনো দলই হিমশিম খেত।’
সিরিজের দ্বিতীয় টেস্ট পোর্ট এলিজাবেথে। শুরু হবে ২৬ ডিসেম্বর, বক্সিং ডেতে। তথ্যসূত্র: এএফপি ও ক্রিকইনফো।