৩২৬-এ থেমে গেল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যারিয়ারের প্রথম অর্ধশতকটি পেয়ে গেলেন লিটন। ছবি: শামসুল হক
ক্যারিয়ারের প্রথম অর্ধশতকটি পেয়ে গেলেন লিটন। ছবি: শামসুল হক

একটা আফসোস কিন্তু থেকেই গেল বাংলাদেশের ইনিংসে। দক্ষিণ আফ্রিকার ২৪৮ রানের জবাবে নিজেরা ৩২৬ রান তুলে ৭৮ রানের লিডই সেই আফসোসটাকে আরও একটু উষ্কে দিল। সাকিব-লিটন তাদের ৮২ রানের জুটিটি যদি আরও একটি লম্বা করতে পারতেন! ষষ্ঠ উইকেট জুটিটি ৮২ রানের চেয়ে একটু লম্বা হলেই কিন্তু লিডটা শতরান ছাড়িয়ে যায়। সাকিব ৪৭ রানে আউট হয়েছেন, লিটন ফিরেছেন ৫০ ছুঁয়েই। এই দুটি ইনিংসের সঙ্গে যোগ হচ্ছে তামিমের ৫৭ আর মাহমুদউল্লাহর ৬৭। এই চারটি ইনিংসের যেকোনো একটি তিন অঙ্কে গেলেই তো দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের দিকে ছুড়ে দেওয়া চ্যালেঞ্জটা হতো আরও মোক্ষম! 

এর পরেও ৭৮ রানে এগিয়ে থাকার ব্যাপারটা কিন্তু নেহাতই মন্দ নয়। এই দুই দলের মুখোমুখি টেস্ট লড়াইয়ে এই প্রথমবারের মতো প্রথম ইনিংসে এগিয়ে বাংলাদেশ। পরের ইনিংসে বল করতে নেমে এই ব্যাপারটা কিন্তু যথেষ্ট অনুপ্রেরণাই জোগাচ্ছে বাংলাদেশকে।
আজ দিনের শুরুটা হয়েছিল বড় স্বপ্নকে লালন করেই। উইকেটে মুশফিকুর রহিম আর সাকিব আল হাসানের উপস্থিতি সেই স্বপ্নকে আকাশ ছোঁয়াচ্ছিল। শুরুটাও খুব খারাপ হয়নি দলের। মুশফিক আর সাকিব যুগল মাথা ঠান্ডা রেখেই সামলাচ্ছিলেন স্টেইন, ফিল্যান্ডারদের। মুশফিক তাঁর আগের দিনের সংগ্রহ ১৬ থেকে দুটো চারে নিমেষেই চলে যান ২৮-এ। কিন্তু ভাগ্য বিড়ম্বনা ঘটে ঠিক এই সময়টাতেই। স্টেইনের একটি ভেতরের দিকের বল মুশফিকের পেছনের পায়ে আঘাত করার সঙ্গে সঙ্গেই এলবি’র জোরালো আবেদন ওঠে প্রোটিয়া শিবির থেকে। সেই আবেদনটি প্রথমে মাঠের আম্পায়ার বাতিল করে দিলেও রিভিউয়ে কাটা পড়েন মুশফিক। তৃতীয় আম্পায়ার স্নিকোমিটারে দেখেন বলটি কোনো জায়গায় ব্যাটের স্পর্শ পেয়েছে কিনা। হক আইতে বলের উচ্চতা একটু বেশি হলেও তা পরিষ্কারভাবেই মিডল স্টাম্প আঘাত করার ইঙ্গিতটি জানিয়ে দেয়।
মুশফিকের বিদায় একটা বড় ধাক্কাই দিয়ে গিয়েছিল বাংলাদেশকে। দক্ষিণ আফ্রিকার সংগ্রহ থেকে তখনো দল ৫৩ রানে পিছিয়ে। কিন্তু মুশফিকের জায়গায় মাঠে নেমে সবে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা লিটন দাস দিলেন নির্ভরতা। সাকিবের ছায়ার তলায় থেকেই ভিত্তি গড়লেন নিজের অগ্রযাত্রার। লিটনের ব্যাটিং অপরপ্রান্তে দাঁড়ান সাকিবকেও দিল নির্ভরতা। ষষ্ঠ উইকেট জুটিতে এই যুগল ৮২ রান তুলে বাংলাদেশকে এনে দেন প্রথমবারের মতো টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলার তৃপ্তি।
সাকিব ১১৪ বল খেলে ৪৭ রান করে আউট হন হারমারকে উড়িয়ে মারতে গিয়ে। আউট হওয়ার কিছুক্ষণ আগেই একই ধরনের শট খেলেও আউট হওয়ার থেকে বেঁচে গিয়েছিলেন সাকিব। কিন্তু নিজেকে সংযত রাখতে না পারার কারণে নিজের উইকেটটি এক প্রকার বিলিয়েই দিয়ে আসেন তিনি।
সাকিবের বিদায়ের পর বাংলাদেশের ‘আনসাং হিরো’ মোহাম্মদ শহীদ নিজের ব্যাটিং প্রতিভার জানান দেন দারুণ কার্যকর এক ইনিংস খেলে। ১৯ বলে ৪টি চার আর একটি ছয়ের মারে ২৫ রান করে শহীদ বাংলাদেশের লিডটাকে স্ফীত করতে রাখেন দারুণ গুরুত্বপূর্ণ অবদান।
লিটন দান ক্যারিয়ারের প্রথম ফিফটি পান দারুণ আত্মপ্রত্যয়ের সঙ্গে খেলেই। একটু নির্দিষ্ট করে বললে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের ইনিংসে সবচেয়ে আত্মবিশ্বাসী ব্যাটিংটা করেছেন এই লিটনই। ১০২ বলে ৭ চারে পঞ্চাশ ছুঁয়ে তিনি আউট হন হারমারের বলে। বলটি তাঁর ব্যাটের ভেতরের দিকের কানায় লেগে উইকেটের পেছনে দাঁড়ান উইকেটরক্ষক কুইন্টন ডি ককের গ্লাভসে আশ্রয় নেয় সরাসরিই।
লিটন আউট হয়ে ফেরার পর শতরানের লিড দূর দিগন্তের স্বপ্নই হয়ে যায়। বাংলাদেশের ইনিংসের শেষ ভাগটা ডেল স্টেইনের উইকেট সংখ্যা বাড়ানোর কাজেই ব্যয় হয়েছে বলা যায়। তাইজুল ইসলাম আর মুস্তাফিজুর রহমান একে একে শিকার হন চারশ টেস্ট উইকেটের অপেক্ষায় থাকা এই প্রোটিয়া ফাস্ট বোলারের।