স্টেইনের বিশ্বকাপ শেষ!

>আইপিএলে বেঙ্গালুরুর হয়ে খেলার সময় কাঁধে চোট পান ডেল স্টেইন। চোট নিয়েই খেলতে এসেছিলেন বিশ্বকাপ। কিন্তু কাঁধের চোট শেষতক বিশ্বকাপটাই শেষ করে দিল তাঁর
টানা দুই ম্যাচ হেরে বিশ্বকাপ মিশনটা এরই মধ্যে দুঃসহ হয়ে উঠেছে দক্ষিণ আফ্রিকার। পরের ম্যাচে বিশ্বকাপের অন্যতম ফেবারিট ভারতের বিপক্ষে মাঠে নামতে হবে। আর এমন এক সময়ে একের পর এক চোটের খবরে প্রোটিয়াদের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটছে। দলের পেস আক্রমণে সবচেয়ে অভিজ্ঞ নাম ডেল স্টেইন এবার ইনজুরির কবলে পড়ে বিশ্বকাপ ক্রিকেট থেকেই বিদায় নিলেন।
আইপিএল খেলতে গিয়ে পাওয়া কাঁধের চোট নিয়েই এসেছিলেন বিশ্বকাপে। প্রথম দুই ম্যাচে ইংল্যান্ড এবং বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে পারেননি, তবে ধারণা করা হচ্ছিল ইনজুরি কাটিয়ে ভারতের বিপক্ষে মূল একাদশে ফিরবেন তিনি। কিন্তু কাঁধে দ্বিতীয় আরেকটি চোট তাঁকে এবার বিশ্বকাপ দল থেকেই ছিটকে দিল।
স্টেইনের বিশ্বকাপ ২০১৯ শেষ হওয়া নিয়ে অধিনায়ক ফাফ ডু প্লেসিও আশাহত, ‘গত দুই বছর ধরে একের পর এক ইনজুরির কবলে পরেও দলে ফিরে আসার জন্য সে অনেক পরিশ্রম করেছে। বিশেষভাবে এবারের বিশ্বকাপে খেলতে সে প্রাণপণ চেষ্টা করেছে, এটি হয়তো ওর শেষ বিশ্বকাপ হতো। এখন সবার ওর পাশে থাকাটা জরুরি।’ অবশ্য এরই মধ্যে স্টেইনের বদলে বাঁহাতি পেসার বুরান হেন্ড্রিকসকে দলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
এদিকে বাংলাদেশের সঙ্গে বোলিংয়ের সময় দলের আরেক পেসার লুঙ্গি এনগিডি হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে মাঠের বাইরে চলে যান। ভারতের বিপক্ষে তাঁর খেলা অনিশ্চিত। ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাই অনেকটা জোড়াতালি দেওয়া বোলিং আক্রমণ নিয়েই মাঠে নামবে প্রোটিয়ারা।
টানা দুই হারে অনেকটাই বিপর্যস্ত দক্ষিণ আফ্রিকা আগামীকাল বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় সাউদাম্পটনের রোজ বোলে ভারতের বিপক্ষে মাঠে নামবে।