স্টেইনের মনে শুধুই দক্ষিণ আফ্রিকা

মাঠের ডেল স্টেইনকে দেখেছেন। মাঠের বাইরের ডেল স্টেইনকে কি দেখেছেন কখনো? বল হাতে আগ্রাসীভাবটা সীমানাদড়ি পার হলেই উধাও! ২০০৮-এর শুরুতে প্রথম বাংলাদেশে আসা স্টেইন, ওই বছরই দক্ষিণ আফ্রিকা সফরে দেখা স্টেইন কিংবা কালকের সংবাদ সম্মেলনের স্টেইন—মাঠের বাইরে সব সময়ই সৌম্য-শান্ত এক চরিত্র। টেস্টে ৪০০ উইকেটের মাইলফলক পেরিয়ে এসেও যিনি বলতে পারেন, এ আর এমন কী!
ঠিক এভাবে কথাটা বলেননি। তবে ৪০০ উইকেট পাওয়ার গৌরবমাল্যটাও যেন লুকিয়েই রাখতে চাইলেন কাল দিন শেষের সংবাদ সম্মেলনে, ‘সত্যি বলতে কি অন্য উইকেটগুলোর সঙ্গে এটির আসলে খুব বেশি পার্থক্য নেই। এটাই সত্যি।’ পরিসংখ্যানে খুব একটা আগ্রহ নেই। দেশের হয়ে ভালো কিছু করতে পারাটাই আসল স্টেইনের কাছে, ‘আমার ক্যারিয়ারে এর চেয়েও অনেক ভালো মুহূর্ত এসেছে। দেশের হয়ে ম্যাচ জেতাই সব সময় অগ্রাধিকার পেয়েছে আমার কাছে।’
তারও আগে চাওয়া, দেশের হয়ে প্রতিটা ম্যাচ খেলা, দেশের জন্য বল করা। স্টেইনের ভাষায়, ‘দক্ষিণ আফ্রিকা যখনই আমাকে দলে নেবে, আমি বল করতে চাই। আমার আর কোনো লক্ষ্য নেই। আন্তর্জাতিক ক্যারিয়ারে একটা মাত্র উইকেট পেলেও আমি খুশি থাকতাম। দক্ষিণ আফ্রিকার হয়ে খেলাটাই আমার কাছে যথেষ্ট।’ বোলার যেহেতু বোলিং করাই তাঁর কাজ। কিন্তু স্টেইনের কথা শুনে মনে হলো এটা তাঁর শখও, ‘শুনতে ভাঙা রেকর্ডের মতো মনে হতে পারে। তবু আবার বলছি, আমি শুধু বল করে যেতে চাই। ফিট থাকলে সারা দিন বল করতে পারব। ৫০০ উইকেট পেতে চাই, ১০০ টেস্ট খেলতে চাই, এসব আমার লক্ষ্য নয়। আমি শুধু বল করতে চাই।’
তামিম ইকবালকে স্লিপে হাশিম আমলার ক্যাচ বানিয়ে পেয়েছেন ৪০০তম উইকেট। সতীথর্রা তাঁকে নিয়ে উৎসবে মাতলেও স্টেইনের স্বাভাবিক উদ্যাপন বলে দিচ্ছিল এটি তাঁর কাছে আর দশটি উইকেটের মতোই। হেডব্যান্ড খুলে চুলে একটা ঝাঁকি দিলেন, এই তো! এর চেয়েও সহজ-সরল তাঁর প্রতিক্রিয়া, ‘একটা মিশ্র অনুভূতি হয়েছিল আসলে...। উইকেটটা পেয়ে ভালো লাগছিল।’
অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মতো গতিময় নয় বাংলাদেশের উইকেট। চট্টগ্রামের পর ঢাকায়ও গতির ঝড় তুলতে সংগ্রাম করতে হচ্ছে প্রোটিয়া পেসারদের। তারপরও ঢাকা টেস্টের প্রথম দিনটা দক্ষিণ আফ্রিকার হয়ে গেল। ৪০০ উইকেট পাওয়ার চেয়ে দিন শেষে যেন সেটাই বেশি তৃপ্তির স্টেইনের কাছে, ‘আমরা কখনোই আমাদের হাত থেকে খেলাটা ছুটে যেতে দিইনি। সে জন্য তারাও পারেনি নিজেদের বেশি দূর এগিয়ে নিতে।’ অবশ্য শেরেবাংলা স্টেডিয়ামের কন্ডিশনকে ব্যাটিং-বোলিং দুটোর জন্যই কঠিন মানছেন বিশ্বসেরা পেসার।
বাংলাদেশে এসে যে পেসাররা একটু প্রতিকূল পরিস্থিতিতে পড়তে পারেন, সেটা আগেই জানা ছিল দক্ষিণ আফ্রিকার। তবে বাংলাদেশ দলের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের বোলিং আশা জাগিয়েছিল তাদের মনে। শেষ পর্যন্ত অবশ্য সে ধারণা ভুল প্রমাণিত হয়েছে। কাল স্টেইনই বলছিলেন, ‘আমরা দেখেছি বাংলাদেশের তরুণ বাঁহাতি পেসারের বল ভালোই মুভমেন্ট পাচ্ছে। ওটা দেখে মনে হয়েছিল এটা আমাদেরও শক্তি হতে পারে। কিন্তু বাস্তবে বল অতটা সুইং করেনি।’
স্টেইনের ৪০০ উইকেটের দিনেই এজবাস্টনে ৩০০ টেস্ট উইকেটের মাইলফলক ছুঁয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল জনসন। মজার ব্যাপার, বিশ্বের সব ব্যাটসম্যানই যে স্টেইনের ভয়ে কাঁপে, তাঁর দৃষ্টিতে আবার ভীতি-জাগানিয়া বোলারের প্রতিমূর্তি নাকি জনসন! অস্ট্রেলিয়ান এই পেসারকে রীতিমতো প্রশংসার স্রোতে ভাসালেন স্টেইন, ‘সে জোরে বল করে এবং সেটা আপনাকে ভয় পাইয়ে দেবে। আর ওই ভয়েই ব্যাটসম্যানরা ভুল করে বসে। এটাই তার শক্তি। এ জন্যই সে এত ভালো বোলার।’ তবে জনসনের সঙ্গে নিজের তুলনাটা কৌশলে এড়িয়ে গেলেন। ব্যাটসম্যানদের মনে ভয় ধরানোর কাজে তাঁর আর জনসনের মধ্যে কে এগিয়ে, সেই রহস্য আড়াল করলেন মুচকি হাসিতে। মজা করে বলে দিলেন আরেকটা নাম, ‘ভারনন ফিল্যান্ডার।’
মাঠে যতই ‘স্টেইনগান’ হয়ে উঠুন, মাঠের বাইরে ডেল স্টেইনের এই চেহারাটাই সত্যি। কখনো কৌতুকপ্রিয়, কখনো দেশপ্রেমিক, কখনো একজন সাধারণ মানুষ। বিশ্বসেরারা বুঝি এমনই হয়!