স্টেইনের ৪০০তম শিকার তামিম

আগের ওভারেই ডেল স্টেইন বঞ্চিত হয়েছিলেন নিজের ৪০০ তম টেস্ট উইকেটের মাইলফলক ছুঁতে। অফ স্টাম্পের বাইরে পিচ করা বলটি তামিম ইকবালের ব্যাট স্পর্শ করে চলে গিয়েছিল স্লিপে দাঁড়ান ডিন এলগারের কাছে। কিন্তু এলগার কেন যেন তা তালুবন্দী করতে পারলেন না।
স্টেইনের হতাশা অবশ্য বেশিক্ষণ স্থায়ী হলো না। বলা ভালো তামিম তা হতে দিলেন না। পরের ওভারেই অফ স্টাম্পের আরও বাইরে বল ফেলে মাইলফলকটি ছুঁয়ে ফেললেন তিনি। তামিম যেন নিজেকে গর্বিতই মনে করলেন স্টেইনের ৪০০ তম শিকার হয়ে।
শন পোলকের পর দ্বিতীয় প্রোটিয়া হিসেবে ৪০০ টেস্ট উইকেট নিজের করে নেওয়ার কীর্তি গড়লেন স্টেইন। ক্রিকেট ইতিহাসে চারশ টেস্ট উইকেট পাওয়া ত্রয়োদশ খেলোয়াড় তিনি। চারশ উইকেট শিকারিদের তালিকায় যৌথভাবে দ্বিতীয় দ্রুততম বোলার তিনি। তালিকার শীর্ষে অবশ্যই মুত্তিয়া মুরালিধরন। মাত্র ৭২ টেস্টে ৪০০ উইকেট তুলে নিয়েছেন শ্রীলঙ্কান স্পিন জাদুকর। ৮০ টেস্টে এই তালিকায় নিজের নাম লিখেছেন স্টেইন। সঙ্গী পেয়েছেন ‘৪০০ ক্লাবের’ প্রথম সদস্য রিচার্ড হ্যাডলিকে। অবশ্য বল সংখ্যার বিচারে পূর্বসূরিকে পেছনেই ফেলেছেন স্টেইন। কিউই কিংবদন্তি থেকে হাজার চারেক বল কম করেই মাইলফলক ছুঁয়েছেন ‘স্টেইন-গান’। এই তালিকায় সবার চেয়ে পিছিয়ে আছেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। ৪০০ উইকেট তুলে নিতে তাঁকে খেলতে হয়েছে ১১৫টি টেস্ট।
টেস্টে একজন বোলারের ভালো-মন্দ বিবেচনা করা হয় তাঁর স্ট্রাইক-রেটকে তুল্যমূল্য ধরেই। সে হিসেবে তাঁর পূর্বসূরিদের চেয়ে যোজন যোজন এগিয়ে ডেল স্টেইন। টেস্টে প্রতি ৪২ বল খরচ করে তিনি নিয়েছেন একটি উইকেট। এই বিচারে দ্বিতীয় স্থানে আছেন ‘স্যার’ হ্যাডলি। তাঁর প্রতিটি উইকেট ৫০.৮ বল খরচ করে। অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা ৫১.৯ স্ট্রাইক রেট নিয়ে তৃতীয় স্থানে। এই তালিকায় সবার নিচের তিনটি স্থান তিন ভারতীয় বোলারের। অফ স্পিনার হরভজন সিং ৬৮.৩ স্ট্রাইকরেট নিয়ে তালিকায় সবার নিচে। অন্য দুই ভারতীয় অনিল কুম্বলে ও কপিল দেবের স্ট্রাইক রেটও ৬০-এর ওপরে।
চারশ উইকেট শিকারিদের তালিকায় ভারতীয়দের সংখ্যাই অবশ্য সবচেয়ে বেশি—তিনজন। অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকান আছেন দুজন করে। আর নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান ও ইংল্যান্ডে থেকে একজন করে আছেন এই কীর্তিমান তালিকায়।
চারশত উইকেট শিকারিদের তালিকা:
| খেলোয়াড় (দেশ) | টেস্ট সংখ্যা | স্ট্রাইকরেট |
| মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা) | ৭২ | ৫৫.০ |
| রিচার্ড হ্যাডলি (নিউজিল্যান্ড) | ৮০ | ৫০.৮ |
| ডেল স্টেইন ( দক্ষিণ আফ্রিকা) | ৮০ | ৪১.৬ |
| অনিল কুম্বলে ( ভারত) | ৮৫ | ৬৫.৯ |
| গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া) | ৮৭ | ৫১.৯ |
| শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া) | ৯২ | ৫৭.৪ |
| ওয়াসিম আকরাম (পাকিস্তান) | ৯৬ | ৫৪.৬ |
| হরভজন সিং (ভারত) | ৯৬ | ৬৮.৩ |
| কার্টলি অ্যামব্রোস (ওয়েস্ট ইন্ডিজ) | ৯৭ | ৫৪.৫ |
| শন পোলক ( দক্ষিণ আফ্রিকা) | ১০৩ | ৫৭.৮ |
| জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড) | ১০৪ | ৫৭.৭ |
| কোর্টনি ওয়ালশ (ওয়েস্ট ইন্ডিজ) | ১০৭ | ৫৭.৮ |
| কপিল দেব (ভারত) | ১১৫ | ৬৩.৯ |