স্টেডিয়াম দেখে খুশি সিডন্স দেখছেন ক্রিকেটারদেরও
ঢাকায় আসার পর থেকে বিপিএলের সব ম্যাচই মাঠে বসে দেখছেন বিসিবির ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স। বাদ যাচ্ছে না সিলেটের ম্যাচও। আজ সকালে দুই নির্বাচক মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশারের সঙ্গে সিলেটে এসেছেন এই অস্ট্রেলিয়ান কোচ। মাঠে বসেই দেখেছেন ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের ম্যাচটি। ম্যাচ শেষে হাবিবুল বাশারের সঙ্গে ঘুরে দেখেছেন সিলেট স্টেডিয়ামের ইনডোর ও একাডেমি মাঠ।
সিডন্স বাংলাদেশে এসেছেন বিসিবির ব্যাটিং পরামর্শকের দায়িত্ব নিয়ে। যত দূর জানা গেছে, জাতীয় দলের সঙ্গেই তিনি কাজ করবেন। তবে বিষয়টি যেহেতু এখনো চূড়ান্ত নয়, স্বাভাবিকভাবেই সংবাদমাধ্যমের সঙ্গে খুব বেশি কথা বলতে চাইছেন না বাংলাদেশ দলের সাবেক এই কোচ। তারপরও সিলেট সম্পর্কে দু-একটি ছোটখাটো প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। সিডন্স বলছিলেন, ‘মাঠটা সুন্দর। আশপাশের পরিবেশ মিলে খেলার আবহটা দারুণ। এখানে সব সুযোগ-সুবিধাও আছে। সব মিলিয়ে আমার ভালো লেগেছে।’
স্টেডিয়াম দেখে তিনি খুশি, কিন্তু জেমি সিডন্সের সিলেটে আসার উদ্দেশ্য তো আর স্টেডিয়াম দেখা নয়! তিনি ঘুরে ঘুরে বিপিএল দেখছেন যাঁদের নিয়ে কাজ করবেন, সেই খেলোয়াড়দের সম্পর্কে ধারণা পেতে। শুধু স্কোরকার্ডের ওপর নির্ভরশীল না হয়ে ম্যাচে কে কেমন খেলছেন, সেটি দেখতে চেয়েছেন নিজ চোখে। সেই জায়গায় কতটা সন্তুষ্ট হতে পারছেন সিডন্স, সেটি অবশ্য এখনই জানা যাচ্ছে না।
সিডন্সের সঙ্গে থাকা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলছিলেন, ‘সিডন্সকে একটা পরিকল্পনা দেওয়া হয়েছে। সেখানে তিন সংস্করণের বেশ কিছু ক্রিকেটারের নাম আছে। সিনিয়র ও জুনিয়র অনেক ক্রিকেটারই আছেন তালিকায়। বিপিএলের পর আফগানিস্তান সিরিজ থেকেই তিনি কাজ শুরু করবেন।’
আফগানিস্তান সিরিজের দল ঘোষণার সম্ভাব্য তারিখও জানিয়েছেন মিনহাজুল, ‘১১ বা ১২ তারিখের দিকে চূড়ান্ত দল ঠিক করা হবে। এরপর আমরা সেটা বোর্ডে জমা দেব।’