স্টোকস হোয়াইট ওয়াশের লজ্জা বাঁচিয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টোকসই আরও বড় লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন ইংল্যান্ডকে। ছবি: রয়টার্স।
স্টোকসই আরও বড় লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন ইংল্যান্ডকে। ছবি: রয়টার্স।

গোটা সিরিজে ইংল্যান্ডের হয়ে যেন একাই লড়ে গেলেন বেন স্টোকস। ব্যাট-বল হাতে লড়াই করলেনই, লড়াই করলেন নিজের আগ্রাসী অভিব্যক্তি দিয়েও। কখনো কখনো স্টোকসের আচরণ হয়তো মাত্রা ছাড়িয়ে গেছে, ধৈর্যচ্যুতির কারণ হয়েছে। কিন্তু স্টোকস না থাকলে কী হতো ইংল্যান্ডের অবস্থা, একবার ভাবুন তো!
সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেনের ভাবনাও এমনই। বাংলাদেশের মাটিতে ধারাভাষ্যকার হিসেবে খুব কাছ থেকেই তিনি দেখেন স্টোকসের পারফরম্যান্স। কি ওয়ানডে সিরিজ, কি টেস্ট—দুই জায়গাতেই স্টোকস যেন সবাইকে ছাড়িয়ে গেছেন। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে জনি বেয়ারস্টোকে সঙ্গে নিয়ে তাঁর ৮৫ রানের ইনিংস, কিংবা বল হাতে রিভার্স সুইংয়েরে পসরা সাজিয়ে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেওয়ার ঘটনার মহিমা এমনই যে নাসের হুসেনের মতো বিশেষজ্ঞও ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চান স্টোকসের যাবতীয় ঔদ্ধত্য!
ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইলকে নাসের হুসেন খোলামেলাই জানিয়েছেন, ‘এই সফরে স্টোকস না থাকলে টেস্ট সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের লজ্জা পেতে হতো।’
চট্টগ্রাম টেস্টের প্রসঙ্গ টেনেই তাঁর মন্তব্য, ‘ব্যাটে-বলে চট্টগ্রামে স্টোকস ছিল অনবদ্য। সে যদি না থাকত, তাহলে ওই টেস্টেও হারতে হতো ইংল্যান্ডকে। ঢাকা টেস্টে অতটা ভালো হয়তো সে করেনি, কিন্তু সে ইংল্যান্ডের জন্য ভবিষ্যতের গুরুত্বপূর্ণ সম্পদ। তার পারফরম্যান্স এমনই, তার মাথা গরমেও আমার আপত্তি নেই।’