স্টোকসের ওপরই যত আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেডিংলি টেস্ট
হেডিংলি টেস্ট

বেঞ্জামিন অ্যান্ড্রু স্টোকস অলরাউন্ডার। টি-টোয়েন্টি যুগের একটু ব্যাটিং, একটু বোলিং করতে পারা অলরাউন্ডার যে নন, সেটি নিউজিল্যান্ডকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন। স্টোকসের ব্যাটিং-বোলিংয়েই তো তাল হারিয়ে অবিশ্বাস্যভাবে লর্ডস টেস্টটা হারল কিউইরা। আজ হেডিংলিতে দুই টেস্টের সিরিজের শেষ ম্যাচটা শুরু হওয়ার আগে তাই নিউজিল্যান্ডে জন্ম নেওয়া এই ইংলিশ ক্রিকেটারের ওপরই সব আলো।
প্রথম ইনিংসের ৯২ রানের পর দ্বিতীয় ইনিংসে ৮৫ বলে সেঞ্চুরি। লর্ডসের দ্রুততম টেস্ট সেঞ্চুরির তালিকার শীর্ষ থেকে মোহাম্মদ আজহারউদ্দিনকে সরিয়ে দেওয়া স্টোকস শেষ দিনে দেখালেন বোলিংয়েও তিনি কম যান না। পরপর দুই বলে নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের বড় দুই নাম কেন উইলিয়ামসন ও ব্রেন্ডন ম্যাককালামকে আউট, ইনিংসে ৩ উইকেট। লর্ডস টেস্টের ‘লর্ড অব দ্য ম্যাচ’ সন্দেহাতীতভাবেই স্টোকস।
হেডিংলি টেস্ট শুরুর আগে কাল ইংল্যান্ডের সহ-অধিনায়ক জো রুটসের সংবাদ সম্মেলনেও ফিরে ফিরে এলেন স্টোকস। প্রথম ইনিংসে ৩০ রানে ৪ উইকেট হারিয়ে ফেলার পর স্টোকসের সঙ্গে ১৬১ রানের জুটি গড়েছেন। স্টোকসকে নিয়ে মুগ্ধতাও প্রকাশ করেছেন, ‘সে যখন বোলিং করে, যতক্ষণ শক্তি অবশিষ্ট আছে, ততক্ষণই বোলিং করে যাবে। সে যখন ব্যাটিং করে, প্রাণ খুলেই করে। সে নিজের মতো ব্যাটিং করেই প্রতিপক্ষকে চাপে ফেলে দেয়। এমনকি যখন ৩০ রানে ৪ উইকেট নেই, তখনো সে নিজের ব্যাটিং করে যায়।’
লর্ডসে অমন পারফরম্যান্সের পর স্টোকসকে নিয়ে আলাদা পরিকল্পনাও করতে হচ্ছে নিউজিল্যান্ডকে। কিউই ব্যাটসম্যান মার্টিন গাপটিল তা স্বীকারও করলেন, ‘সে নিজেকে ইংল্যান্ডের অন্যতম সেরা অলরাউন্ডারে পরিণত করেছে, অন্তত গত কয়েক বছরের মধ্যে তো সে-ই সেরা। তবে ওকে থামানোর জন্য আমরা কিছু পরিকল্পনা নিয়ে আসছি।’
কিউই পরিকল্পনা ভেস্তে দিয়ে হেডিংলিতেও স্টোকসকে দেখা যাবে স্বমূর্তিতে, রুটের চাওয়া সেটাই। লর্ডসে দুই ইনিংসে ৯৮ ও ৮৪ রান করা রুট অবশ্য চাইবেন নিজের ফর্মও ধরে রাখতে। হেডিংলি টেস্টটাকে সারা জীবন মনে রাখার উপলক্ষ করতে পারেন অধিনায়ক অ্যালিস্টার কুকও। গ্রাহাম গুচকে (৮৯০০) টপকে ইংল্যান্ডের সর্বকালের সেরা টেস্ট রান সংগ্রহকারী হতে আর মাত্র ৩২ রান দরকার কুকের। পেসার জেমস অ্যান্ডারসনও দাঁড়িয়ে ৪০০ উইকেটের মাইলফলক হতে মাত্র ১ উইকেটের দূরত্বে।
কোরি অ্যান্ডারসন ও বিজে ওয়াটলিংয়ের চোট নিয়ে নিউজিল্যান্ড একটু দুশ্চিন্তায় আছে। শেষ পর্যন্ত ওয়াটলিং না খেললে টেস্ট অভিষেক হয়ে যেতে পারে ৩৪ বছর বয়সী লুক রনকির। এএফপি।