স্টোকসের জ্বালাময়ী বাণীতেই বদলে গিয়েছিল ইংল্যান্ড!

‘অভাবনীয়’ এক জয়ে দারুণ খুশি ইংলিশরা। ইমরুল কায়েস আর সাকিব আল হাসান যখন পঞ্চম উইকেট জুটিতে ১১৮ রান তুলে ফেললেন, তখন পরাজয়কে খুব কাছেই দেখছিল জস বাটলারের দল। ৪২তম ওভারে জ্যাক বলের তৃতীয় বলে সাকিব যখন মিড উইকেটে ডেভিড উইলিকে ক্যাচ দিলেন, তখনো জয়টা ইংল্যান্ডের জন্য অনেক দূরে। কিন্তু পরের বলেই মোসাদ্দেককে বোল্ড করে বল ম্যাচে ফিরিয়ে আনেন দলকে। এরপর আদিল রশিদ মাশরাফি আর সেঞ্চুরিয়ান ইমরুলের উইকেট তুলে নিলে অভাবনীয় এক জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় ইংল্যান্ড।
সাকিব-ইমরুলের জুটির সময় একটি ‘আলোচনা’ই বদলে দিয়েছিল দৃশ্যপট। ইংলিশ পত্রিকা ডেইলি টেলিগ্রাফের মতে, দুর্দান্ত এই জুটির একপর্যায়ে বেন স্টোকস সতীর্থদের উদ্দেশে উজ্জীবনী বাণী দেন। সতীর্থদের অনেকেরই শরীরী ভাষা বলছিল, এই ম্যাচে পরাজয় তাঁরা মেনেই নিয়েছেন। কিন্তু স্টোকস বলেছিলেন, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে। শেষ পর্যন্ত সবটুকু উজাড় করে দিয়ে লড়াই করতে। আর এই ‘মোটিভেশনাল স্পিচে’ই নাকি নাকি পুরো দলের শরীরী ভাষা পাল্টে যায়। পরের ইতিহাস তো সবারই জানা।
টেলিগ্রাফকে স্টোকসের এই উদ্দীপনামূলক বক্তব্যের কথা জানিয়েছেন অধিনায়ক জস বাটলারই, ‘একজন খেলোয়াড়ের মাংসপেশিতে টান লাগায় শুশ্রূষা নিতে হচ্ছিল। সে সময়ই স্টোকসি আমাদের সবাইকে ডেকে এক জায়গায় জড়ো করল। সে বলল লড়াই চালিয়ে যেতে। একেবারে শেষ পর্যন্ত লড়াই করতে নিজেদের সর্বোচ্চটা দিয়ে।’ বেশ উদ্দীপনা নিয়েই সতীর্থদের শরীর ঝেড়ে উঠে দাঁড়ানোর তাগাদা দিয়েছিলেন এই ম্যাচের সেঞ্চুরিয়ান। সতীর্থরাও প্রস্তুত হলেন, যা প্রাণশক্তি আছে, সবটুকু দিয়ে শেষ চেষ্টাটা করে দেখা যাক।
হয়তো এ কারণেই কোচ ট্রেভর বেলিস স্টোকসকে বলেছেন দলের ‘হৃৎস্পন্দন’। জস বাটলারেরও প্রশংসা করেছেন গুরুত্বপূর্ণ সময়ে বুদ্ধিদীপ্ত বোলিং পরিবর্তনের জন্য। ব্যাট হাতে বাটলারের ভূমিকাও বলতে ভোলেননি বেলিস। ইংল্যান্ড কোচ বলেছেন, ‘দুর্দান্তভাবেই ম্যাচে ফিরেছে ইংল্যান্ড। এই কন্ডিশনে ৩১০ রান করাটা অনেক কঠিন। তীব্র গরম ও আর্দ্রতার মধ্যে ৩১০ রান করা ৩৪০ রান তাড়া করার মতোই। আমাদের ব্যাটিংয়ের সময় দুই “বেন”—বেন স্টোকস ও বেন ডাকেটের জুটিটা ছিল দারুণ। এমন একটা জুটি ওই পরিস্থিতিতে দারুণ প্রার্থিত ছিল। ৬৩ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর দুই “বেন” যেভাবে খেলেছিল, ঠিক একইভাবে একটা জুটি গড়ে বাংলাদেশ খেলাটা নিজেদের দিকে টেনে নিয়েছিল।’