স্টোকস হলে চুপচাপ মাঠ ছাড়তেন না, বললেন হার্মিসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের খেলোয়াড়দের দিকে তেড়ে গিয়েছিলেন বাটলার। ছবি: প্রথম আলো
বাংলাদেশের খেলোয়াড়দের দিকে তেড়ে গিয়েছিলেন বাটলার। ছবি: প্রথম আলো

জস বাটলারের আউটের ঘটনার জের ম্যাচের মধ্যেই শেষ হয়নি। সেটি গড়িয়েছে ম্যাচের পর দুই দলের খেলোয়াড়দের হাত মেলানোর সময়ও। তামিম ইকবালের সঙ্গে রীতিমতো লেগে গিয়েছিল বেন স্টোকসের। ব্রিটিশ সংবাদমাধ্যমে এ দুটি ঘটনা নিয়ে আলোচনার ঝড়। তবে সবচেয়ে মজার কথাটি বললেন স্টিভ হার্মিসন। সাবেক এই ইংলিশ ফাস্ট বোলারের মতে, বাটলার না হয়ে স্টোকস থাকলে ব্যাট হাতে মাঠ ছাড়তেন না তিনি!

কাল ডিআরএসের সুবিধা নিয়ে বাটলারকে ফিরিয়েছে বাংলাদেশ। অমন গুরুত্বপূর্ণ সময়ে ম্যাচের ফল বদলে দেওয়া সে সিদ্ধান্তের পর বাংলাদেশের খেলোয়াড়দের উদ্‌যাপন ছিল একটু মাত্রাছাড়া। সেটি ভালো লাগেনি বাটলারের। উদ্‌যাপন করতে থাকা বাংলাদেশের খেলোয়াড়দের দিকে ফিরে কিছু একটা বলতে তেড়ে এসেছিলেন ইংল্যান্ড অধিনায়ক। আম্পায়াররা তাঁকে থামিয়ে দেওয়ায় ব্যাপারটি আর বেশি দূর গড়ায়নি।
হার্মিসনের ধারণা, ব্যাটসম্যান হিসেবে তখন স্টোকস থাকলে ঘটনা অন্য রকম হতো, ‘অন্তত পাঁচজন বাংলাদেশি খেলোয়াড় বাটলারের দিকে তেড়ে আসার ভঙ্গি করছিল। এটার দরকার ছিল না। আমি খুশি যে তারা এটা স্টোকসের সঙ্গে করেনি। কারণ, আমার মনে হয় না তাহলে ব্যাটটা ওর হাতে থাকত! আমার তো মনে হয় আমিও ও রকম কিছু করতাম। যা দেখলাম সেটা আমার পছন্দ হয়নি।’
তবে ম্যাচের অমন সময়ে বাড়তি উদ্‌যাপনটা স্বাভাবিকই মনে করেন হার্মিসন। বড় পর্দায় এভাবে নিজেদের পক্ষে সিদ্ধান্ত যেতে দেখলে সমবেত উদ্‌যাপনটা একটু বাড়তি রং পায়। কিন্তু কালকের ম্যাচে বাংলাদেশ একটু বাড়াবাড়ি করেছে বলেই হার্মিসনের ধারণা, ‘তাদের আবেগটা দারুণ ছিল, “আমরা উইকেট পেয়েছি।” কিন্তু বাটলারের সঙ্গে তারা যেটা করল, সেটা ঠিক নয়। তারা তো ওর মুখের ওপর এসে পড়েছিল।’
এ ঘটনার রেশ যে সহজেই শেষ হচ্ছে না, তা বোঝা যাচ্ছে। তৃতীয় ওয়ানডের আগেই দুই দিকে সলতে আর বারুদ যেন প্রস্তুত!