স্টোকসই কি লিখে দিলেন টেস্টের ভাগ্য?

ওহে সাকিব, কী ভেবে তুমি দিনের দ্বিতীয় বলটাই উড়িয়ে মারার জন্য এমন তেড়েফুঁড়ে বেরিয়ে এলে?
ড্রেসিংরুমে ফেরার পর কোচ বা অধিনায়ক সাকিবকে প্রশ্নটা করেছেন কি না, জানা নেই। সন্ধ্যায় টিম হোটেলে সুযোগ পেয়েও সাকিবকে প্রশ্নটা করলাম না। উত্তর কী পাওয়া
যাবে, সেটি যে জানাই! সাকিব মৃদু হাসবেন। উত্তরটা তাঁরও জানা থাকলে তো!
সাকিবের সঙ্গে বরং কথা হলো ১৫০ উইকেটের মাইলফলক নিয়ে। যেটি ছোঁয়ার পর আরও ৪ উইকেট নিয়েছেন। ১৫তম বারের মতো ইনিংসে ৫ উইকেট। বাঁহাতি স্পিনার বললে যে নামটি সবচেয়ে সম্ভ্রম জাগায়, সেই বিষান সিং বেদি যেখানে পেছনে পড়ে গেলেন। সাকিবের চেয়ে অনেক বেশি উইকেট (২৬৬) বেদির। তবে ১৪ বারের বেশি ইনিংসে ৫ উইকেট নিতে পারেননি। বাঁহাতি স্পিনারদের মধ্যে এই কীর্তিতে সাকিবের সামনে আছেন শুধু তিনজন—রঙ্গনা হেরাথ (২৬), ড্যানিয়েল ভেট্টোরি (২০) ও ডেরেক আন্ডারউড (১৭)। প্রথম দুজনের সঙ্গে তো খেলেছেনই, তবে আন্ডারউডের নাম কাল সন্ধ্যায় সুইমিংপুলেই প্রথম শুনলেন সাকিব।
অলরাউন্ডারদের এই এক সুবিধা। বোলিংয়ের ব্যর্থতা ব্যাটিংয়ে পুষিয়ে দেওয়া যায়, ব্যাটিংয়ের ব্যর্থতা বোলিংয়ে। দিনের শুরুতে খলনায়ক সাকিবই যেমন দিন শেষে নায়ক হিসেবে আবির্ভূত। বন্ধু মঈন আলীকে যেভাবে উইকেটটা উপহার দিয়ে এসেছেন, ম্যাচের ওই পরিস্থিতিতে অন্য কাউকে তা করতে দেখলে সাকিব নিজেই অবিশ্বাসে মাথা নাড়তেন! সেই ‘অপরাধ’ কিছুটা হলেও তো ঢাকা পড়ে গেল নতুন বলে টানা ২০ ওভার বোলিং আর দিন শেষে ৩১ ওভারে ৭৯ রানে ৫ উইকেটে।
তবে এই ম্যাচে অলরাউন্ডার তো সাকিব একা নন। প্রতিপক্ষ দলেও একজন আছেন। সাকিব তাকিয়ে তাকিয়ে দেখলেন, সেই বেন স্টোকস কীভাবে একাই ম্যাচটাকে ইংল্যান্ডের করে নিলেন! পরশু পড়ন্ত বিকেলে মুশফিককে ফিরিয়ে দিয়েছিলেন। এই টেস্টে কোনো পেসারের প্রথম উইকেট। কাল সকালে সাকিবের ‘আত্মহত্যা’র পর চোখের পলকে তুলে নিলেন বাকি ৪ উইকেটের ৩টিই। এতেই ‘তাসের ঘর’ বাংলাদেশের ইনিংসের শেষ অর্ধেক। ৭২ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ লিড নেওয়ার আশা করছিল। সকালে ২৭ রানে শেষ ৫ উইকেট হারিয়ে সেই আশার গুড়ে কিচকিচে বালি। আগের দিন মুশফিকের আউটটা থেকে হিসাব করলে আসলে ২৭ রানে ‘৫’ নয়, পড়েছে শেষ ৬ উইকেট!
তৃতীয় দিনের প্রথম সেশনটাকেই বলতে পারেন ‘উইকেট-প্রপাত’! লাঞ্চ আসতে আসতে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসেরও ৩ উইকেট নেই। প্রথম দুদিনে যেখানে ১৫ উইকেট পড়েছিল, এদিন এক সেশনেই পড়ল ৮টি! সেটিও মাত্র ৫৫ রানে।
এটা এমন এক উইকেট, যেখানে প্রথম ইনিংসে ৪৫ রানের ঘাটতি অন্য অনেক টেস্টে ১০০ রানের সমান। অথচ ৬২ রানে ইংল্যান্ডের ৫ উইকেট ফেলে দিয়ে দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখতে শুরু করেছিল বাংলাদেশ। এই ৫ উইকেটের ৩টিই নিয়ে সাকিবের ওই মাইলফলক ছোঁয়া। সেই আনন্দকে ‘হাওয়াই মিঠাই’ বানিয়ে দিল স্টোকস-বীরত্বের দ্বিতীয় অধ্যায়। বেয়ারস্টোকে সঙ্গে নিয়ে ১২৭ রানের জুটি। এই টেস্টে প্রথম সেঞ্চুরি পার্টনারশিপ। যেটিতে স্টোকস দেখালেন, ব্যাটিংটা তিনি শুধু একভাবেই করতে জানেন না। গত জানুয়ারিতেই ইংল্যান্ডের পক্ষে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ডটি কেড়ে নিয়েছেন ইয়ান বোথামের কাছ থেকে। যে স্টোকসের ব্যাটিংয়ের কথা উঠলেই তাঁর নামের শুরুতে একটা ‘র-ফলা’ দিয়ে নিতে হয়, তিনিই এদিন অন্যরূপে আবির্ভূত। ৮৫ রানের ইনিংসে ৩টি ছক্কা আছে, তবে এর কোনোটিই উচ্চাভিলাষী কোনো শটে নয়। যা দেখে সাকিবের নিজের কাছেও হয়তো আরও বড় হয়ে উঠেছে সকালের ওই পাগলামি!
শেষ পর্যন্ত সাকিবই ফিরিয়েছেন স্টোকসকে। কিন্তু ততক্ষণে তো সর্বনাশ যা হওয়ার হয়েই গেছে। ইংল্যান্ডের লিড হয়ে গেছে ২৪২। দিন শেষে যা ২৭৩। দুটি উইকেট এখনো আছে। এই টেস্টের সম্ভাব্য ফলের তালিকা থেকে ড্র তো প্রথম দিনই উধাও, ম্যাচ বাঁচানোর প্রশ্ন তাই উঠছেই না। বাংলাদেশের জয়ের প্রশ্নও কি আদৌ উঠছে?
ক্রিকেটে অসম্ভব বলে কিছু নেই। চতুর্থ ইনিংসে এই টেস্টের সর্বোচ্চ ইনিংস গড়ে বাংলাদেশ জিতে যাবে—এটিকেই বা তাহলে উড়িয়ে দেওয়া কেন? ক্রিকেটে এমন যে কখনো হয়নি, তা তো নয়। এই মাঠেই হয়েছে, সাকিবেরও যেটি ভালোই মনে আছে। এখন পর্যন্ত ২০০৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওই টেস্টটির সঙ্গে এই টেস্টের আশ্চর্য মিল। এখানে প্রথম ইনিংসে ২৪৮ করেছে বাংলাদেশ, সেবার করেছিল ২৪৫। পার্থক্য বলতে সেবার প্রথম ব্যাটিং করেছিল বাংলাদেশ এবং ওই ২৪৫ করেই প্রথম ইনিংসে ৭৪ রানের লিড। আট বছর আগে-পরের দুই টেস্টে তৃতীয় দিন শেষের চিত্রটাও প্রায়ই একই রকম। সেবার হাতে ২ উইকেট নিয়ে বাংলাদেশ ২৫৮ রানে এগিয়ে। এবারও ইংল্যান্ডের হাতে ২ উইকেট, এগিয়ে তারা ২৭৩ রানে।
কিন্তু আট বছর আগে যে অদ্ভুতুড়ে ঘটনা ঘটেছিল, এবারও কি তা ঘটবে? চতুর্থ ও পঞ্চম দিনে উইকেট ভোজবাজির মতো রূপ বদলে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল ব্যাটসম্যানদের দিকে। দেশের বাইরে যে নিউজিল্যান্ড এর আগে কখনো ১৬৪ রানের বেশি তাড়া করে টেস্ট জেতেনি, উপমহাদেশে ৮২ রানের বেশি করে নয়, তারাই কিনা ৭ উইকেট হারিয়ে পৌঁছে গেল ৩১৭ রানের আপাত-অসম্ভব লক্ষ্যে! এখানে যদি ‘সাকিব বনাম স্টোকস’ দেখেন, সেই টেস্টটিও ছিল দুই অলরাউন্ডারের লড়াই। সাকিব আল হাসান বনাম ড্যানিয়েল ভেট্টোরি। দ্বিতীয় ইনিংসে ৪ নম্বরে নেমে ভেট্টোরির ৭৬ রানের ইনিংসটিই কেড়ে নিয়েছিল বাংলাদেশের মুখের গ্রাস। প্রথম ইনিংসের প্রায়শ্চিত্তটা তো তাহলে ‘ভেট্টোরি’ হয়েই করে ফেলতে পারেন সাকিব!
গল্পটা একটু অবাস্তব রকম রোমান্টিক হয়ে যাচ্ছে! উইকেট অমন রূপ বদলাবে কি না, কোটি টাকার এই প্রশ্ন তো থাকছেই। সঙ্গে ইংলিশ পেস বোলারদের রিভার্স সুইং করার ক্ষমতাকেও ভুলে যাবেন না। এ এক আশ্চর্য টেস্ট ম্যাচ, যেখানে নতুন বলে স্পিনারদের প্রবল প্রতাপ। পেসারদের গল্প শুরু হচ্ছে বল পুরোনো হয়ে যাওয়ার পর। বাংলাদেশ শিবিরে কান পাতলে ইংলিশ স্পিনারদের চেয়ে অনেক বেশি শোনা যাচ্ছে পেসারদের নাম। মঈন আলী প্রথম ইনিংসে যতই ঝামেলা করে থাকুন না কেন, সাকিব নিশ্চিত, প্রথম ৪-৫ ওভারে উইকেট পেয়ে না গেলে তাঁর বন্ধু এমন কোনো জাতের স্পিনার নন।
বাংলাদেশ যদি কোনো স্বপ্ন দেখে, সেই স্বপ্নের হন্তারক কে হতে পারেন, সেটিও তাঁর ভালোই জানা।
ইংল্যান্ডের তিন স্পিনারের কেউ নন, তিন পেসারের কোনো একজন!