স্টোকসে সর্বকালের সেরার ছায়া!

বাংলাদেশের জন্য বড় মাথাব্যথা হয়ে উঠছেন বেন স্টোকস। ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড, সিরিজ-সেরা স্টোকস। প্রথম টেস্টেও স্বাগতিকদের হতাশায় ডুবিয়ে ম্যাচ বের করে নিয়েছেন। তবে কোচ ট্রেভর বেলিসের ধারণা, শুধু বাংলাদেশ নয়, পুরো ক্রিকেট-বিশ্বের জন্যই বড় যন্ত্রণা হয়ে উঠতে যাচ্ছেন এই ইংলিশ অলরাউন্ডার। স্টোকসের মধ্যে সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন হওয়ার সব ছাপই দেখছেন কোচ।
২০১৩ সালে অভিষেকের পর এখন পর্যন্ত ২৬টি টেস্ট খেলেছেন স্টোকস। ২৬ টেস্টে যে তাঁর সাফল্য অনেক বেশি, তা নয়। ৩৪ গড়ে ১৫৩২ রান ও ৩৪.৮৬ গড়ে ৬৬ উইকেট। কিন্তু বেলিস মনে করেন চেষ্টা করলেই সর্বকালের সেরা হতে পারেন স্টোকস, ‘যে প্রতিশ্রুতি সে দেখাচ্ছে তাতে সর্বকালের সেরা অলরাউন্ডারদের মধ্যে জায়গা করে নেব। তবে এখনো সে তরুণ, আরও কিছুদিন খেলার পর এটা বলা সহজ হবে।’
অ্যান্ড্রু ফ্লিনটফের অবসরের পর থেকেই একজন পরিপূর্ণ পেস বোলিং অলরাউন্ডার খুঁজে ফিরছে ইংল্যান্ড দল। স্টোকসের আবির্ভাবে সে শূন্যস্থান পূরণের আশা দেখছে ইংল্যান্ড, ‘সময়ই বলে দেবে সেটা হবে কি না। তবে উপমহাদেশে স্পিন খেলার ব্যাপারে যে উন্নতিটা করেছে সেটা আসলেই দারুণ। খুব বেশি না, কদিন আগেই স্পিনবান্ধব উইকেটে স্টোকস কেমন করবে সেটা নিয়ে চিন্তায় ছিলাম আমরা। কিন্তু সে এমন একজন যে নেটে কঠোর পরিশ্রম করে। স্পিনের বিপক্ষে তাঁর রক্ষণাত্মক খেলাটির উন্নতি হয়েছে সবচেয়ে বেশি।’
ব্যাটিংটা যে ভালোই পারেন স্টোকস, সেটা জানা। বছরের শুরুতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইতিহাসের দ্বিতীয় দ্রুততম ডাবল সেঞ্চুরি করেছেন এই অলরাউন্ডার। তবু স্পিনে তাঁর দুর্বলতা নিয়ে চিন্তিত ছিল ইংল্যান্ড দল, ‘আমরা সবাই জানি সে খারাপ বল মারতে পারে। সে যেকোনো বল সীমানার বাইরে পাঠাতে পারে, কিন্তু খারাপ বল খেলার জন্য তো আপনাকে টিকে থাকতে হবে। অতীতে তার ফুটওয়ার্কে সমস্যা ছিল। ক্রিজে দাঁড়িয়েই বেশি খেলত। চোখ ও হাতের ওপরই জোর দিত। কিন্তু এ সফরে ওয়ানডে ও প্রথম টেস্টে সে সামনের পায়েও ভালো ডিফেন্স করল। বল ঘোরার আগেই সে এগিয়ে এসে শট খেলেছে যাতে ব্যাটের কানায় লাগার সুযোগ না থাকে।’
শুধু ব্যাট হাতেই নয়, বল হাতেও তো দারুণ করছেন স্টোকস। চট্টগ্রামের স্পিনবান্ধব পিচেও ৬ উইকেট নিয়েছেন। শেষ দিনে ৩ বলে ২ উইকেট নিয়ে বাংলাদেশকে তো আসলে হারিয়ে দিয়েছেন এই অলরাউন্ডারই। এ সফরের পর ভারতেও বেশ লম্বা একটা সফর কাটবে ইংল্যান্ডের। এত ব্যস্ত সূচিতে দলের এমন সম্পদকে বিশ্রাম দেওয়ার কথা ভাবতেই পারছেন না বেলিস। একটু মজা করেই কারণটা জানালেন ইংল্যান্ড কোচ, ‘তাকে বসিয়ে রাখা সম্ভব কি না আমি নিশ্চিত নই। সে চেষ্টা করলে মাথায় বাড়ি খাওয়া লাগতে পারে!’ এএফপি, রয়টার্স।