স্টোকসের আউট নিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেন স্টোকসের আউট নিয়ে স্টিভ স্মিথের সঙ্গে এউইন মরগানের তর্ক l এএফপি
বেন স্টোকসের আউট নিয়ে স্টিভ স্মিথের সঙ্গে এউইন মরগানের তর্ক l এএফপি

আইনে আছে ঠিকই। কিন্তু ক্রিকেট মাঠে দৃশ্যটা একটু বিরল। পরশু লর্ডসে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সেই বিরল ঘটনারই সাক্ষী হলো দর্শকেরা। ওয়ানডের ইতিহাসে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হলেন বেন স্টোকস। ম্যাচে জয়-হার ছাপিয়ে যে আউটই হয়ে উঠেছে বিতর্কের কেন্দ্রবিন্দু।
ঘটনাটি ইংল্যান্ডের ইনিংসে ২৬তম ওভারের। মিচেল স্টার্কের একটি বল খেলে ক্রিজ থেকে বেরিয়ে এসেছিলেন স্টোকস। স্টার্ক রানআউটের সুযোগ দেখে বল ছুড়ে মারেন স্টাম্পের দিকে। নিজেকে সামলাতে সামলাতে স্টাম্পের দিকে ছুটে যাওয়া স্টোকস বলের দিকে হাত বাড়িয়ে দেন। সঙ্গে সঙ্গেই আউটের আবেদন করেন অস্ট্রেলীয় খেলোয়াড়েরা। মাঠের দুই আম্পায়ার টিভি আম্পায়ারের শরণাপন্ন হলে আউট ঘোষণা করা হয় স্টোকসকে।
মাঠেই স্টিভ স্মিথ ও আম্পায়ারদের সঙ্গে তর্ক করেছেন এ নিয়ে। ম্যাচ শেষে আরও সরব ইংলিশ অধিনায়ক এউইন মরগান। তাঁর দাবি, স্টোকস ইচ্ছে করে হাত দিয়ে বল থামাননি, ‘ওর তো ভাবারই সময় ছিল না। ছুটে আসা বল থেকে বাঁচতে এটাই স্বাভাবিক প্রতিক্রিয়া ছিল। স্টার্ক তো ৫ গজের মতো দূরে ছিল স্টোকসের।’ অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ অবশ্য উল্টোটাই মনে করেন, ‘আপনি যদি ভালো করে দেখেন, বলটা স্টাম্পের দিকে যাচ্ছিল, স্টোকসের গায়েই লাগত না। সুতরাং আমার মনে হয়, সে বলটা থামানোর জন্যই হাত বাড়িয়েছে।’
অস্ট্রেলিয়ার আবেদনের পর মাঠের দুই আম্পায়ার কুমার ধর্মসেনা ও টিম রবিনসন সিদ্ধান্ত ছেড়ে দেন টিভি আম্পায়ারের ওপর। রিপ্লে দেখে স্টোকসকে আউট দেন টিভি আম্পায়ার ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন। তবে মরগানের দাবি, মাঠের আম্পায়াররা নাকি ‘নট আউট’ই ভেবেছিলেন, ‘কুমার (ধর্মসেনা) আমাকে বলেছেন, তাঁরা মনে করেন না যে, এটি আউট। কিন্তু টিভি আম্পায়ার তাঁদের সঙ্গে একমত হননি।’
ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মরগান বলেছিলেন, তিনি হলে এ আউটের জন্য আবেদন করতেন না। পরে যেটার জবাব দিয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান জর্জ বেইলি, ‘যদি এমন হতো যে, বলটা স্টাম্পের ৪ মিটার পাশ দিয়ে চলে যাচ্ছে, তাহলে আমরাও আবেদন করতাম না। কিন্তু আমরা মনে করি, স্টোকস যদি হাত দিয়ে বল না থামাত, তাহলে সেটা স্টাম্পে আঘাত হানত।’
শুধু দুই দলের খেলোয়াড়দের মধ্যেই নয়, স্টোকসের আউট বিতর্ক ছড়িয়ে দিয়েছে সাবেক ক্রিকেটারদের মধ্যেও। তবে সবচেয়ে মজার মন্তব্যটি করেছেন ইয়ান ও’ব্রায়েন। টুইটারে সাবেক নিউজিল্যান্ড পেসার রসিকতা করে লিখেছেন—‘হ্যান্ডবল এবং পেনাল্টি!’ রয়টার্স।