স্টোকসের জরিমানা, হতাশ কুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় দিন সকালে একপশলা বাক্যবিনিময় হয়েছিল দুজনের। সেটা নিশ্চয়ই খুব প্রীতিকর কিছু ছিল না। সাব্বির রহমান ও বেন স্টোকসকে নিরস্ত করতে তখন মাঝে এসেছিলেন দুই আম্পায়ার। তবে পরে তাঁরা মনে করেছেন, স্টোকস কিছু ক্ষেত্রে সীমা ছাড়িয়ে গেছেন। ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে ইংলিশ অলরাউন্ডারকে। ব্যাপারটা নিয়ে আরও বেশি হতাশ ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক।
পরশু মিরপুর টেস্টের তৃতীয় দিনে সাব্বিরকে বল করছিলেন স্টোকস। ইংলিশ অলরাউন্ডারের করা প্রথম বলের পরই কিছু বাক্যবিনিময় হয়েছিল দুজনের। ওই ওভারেই অবশ্য সাব্বির জবাব দিয়েছিলেন ব্যাটে—দুটি চার মেরেছিলেন। তবে স্টোকসও বেশ কয়েকবার সাব্বিরকে ভুগিয়েছেন। দুজনের মধ্যে তখন আরও কিছু ‘কথা’ হয়েছে। তখন অবশ্য দুই আম্পায়ার কুমার ধর্মসেনা ও সুন্দরম রবি তাঁদের থামতে অনুরোধ করেন। কিন্তু ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের প্রতিবেদনে জানা যাচ্ছে, স্টোকস সেই অনুরোধ রাখেননি। আম্পায়ারদের উপদেশও অগ্রাহ্য করেছেন। আইসিসির ২.১.১ ধারা ভঙ্গ করার জন্য স্টোকসকে তাই জরিমানা করা হয়েছে। শৃঙ্খলাগত রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে। ২৪ মাসের মধ্যে যদি এ রকম চার বা তার চেয়ে বেশি পয়েন্ট যোগ হয়, তাহলে অন্তত এক টেস্ট বা দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টিতে নিষিদ্ধ হতে পারেন। স্টোকসও ব্যাপারটা মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানিরও দরকার পড়েনি।
কিন্তু কুক এতে একটু হতাশ। ইংল্যান্ড অধিনায়ক মনে করেন, সাব্বির-স্টোকসের মধ্যে সীমা লঙ্ঘন করার মতো কিছু হয়নি, ‘আমি আসলে একটু হতাশ। সাব্বির ও স্টোকস দুজনই নিজেদের সেরাটাই দেওয়ার চেষ্টা করে।’ কুকের চোখে ব্যাপারটি বরং দর্শকদের জন্য উপভোগ্যই ছিল, ‘আমার তো মনে হয়েছে, সবাই ব্যাপারটা উপভোগই করেছে। মানুষ তো এটাই দেখতে চায়। আম্পায়াররা জড়িয়ে পড়লে এতে একটু বেশিই রং চড়ে যায়।’ ক্রিকইনফো।