
আসল নায়ক হতে পারতেন অ্যালিস্টার কুক। কিন্তু সেঞ্চুরি করে তাঁকে ছাপিয়ে গেলেন বেন স্টোকস। দিন শেষে অবশ্য পাদপ্রদীপের আলো গিয়ে পড়ল টবি রোল্যান্ড-জোন্সের ওপর। অভিষেক টেস্টে নিজের প্রথম স্পেলে ৪ উইকেট নিয়ে ভেঙে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটিং মেরুদণ্ড। ইংল্যান্ডের ৩৫৩ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা দিনের খেলা শেষ করেছে ৮ উইকেটে ১২৬ রানে। দ্বিতীয় দিন শেষেই ওভাল টেস্টের নিয়ন্ত্রণ উঠে গেছে ইংল্যান্ডের হাতে।
অধিনায়ক জো রুট সপ্তম ওভারেই আক্রমণে আনেন অভিষিক্ত রোল্যান্ড-জোন্সকে। প্রথম ওভারে ৫ রান দিয়ে উইকেট পাননি। কিন্তু এরপর যা করলেন সেটা যেন স্বপ্নের মতো। ৮-৩-২২-৪; যেকোনো বোলারের জন্যই মনে রাখার মতো এক স্পেল। অভিষিক্ত কারও জন্য তো স্বপ্নের। বাউন্স, সুইং আর ইয়র্কারে দিশেহারা করে দক্ষিণ আফ্রিকার প্রথম চারটি উইকেটই নিয়েছেন রোল্যান্ড-জোন্স। তাও আবার ২৪ বলের মধ্যে, ১৫ রান দিয়ে। পেতে পারতেন আরও একটি। টেম্বা বাভুমার বিপক্ষে এলবিডব্লুর আবেদন করেছিলেন। আম্পায়ার সাড়া দেননি, রুটও রিভিউ নেননি। পরে রিপ্লেতে দেখা যায়, রিভিউ নিলে উইকেটটি পেতেন রোল্যান্ড-জোন্স। এলবিডব্লু নয়, বল ব্যাটে লেগেছিল আর গালিতে ক্যাচ নিয়েছিলেন স্টোকস। রোল্যান্ড-জোন্সের ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি সফরকারীরা।
এর আগে ইংল্যান্ড সাড়ে তিন শ পার করে কুক আর স্টোকসের ব্যাটে। ক্যারিয়ারের ৩১তম সেঞ্চুরিটি পাননি কুক। মরকেলের এলবিডব্লুর আবেদনে আম্পায়ার আঙুল তুলে দেন। কুক রিভিউ নিয়েও রক্ষা পাননি, ফিরে গেছেন ৮৮ রানে। স্টোকসের সেঞ্চুরিটি এসেছে নাটকীয়ভাবে। ৮৪ থেকে নব্বইয়ের ঘরে ঢোকেন কেশব মহারাজের বলে ছক্কা মেরে। ৯১ রান নিয়ে স্টোকস যখন নন-স্ট্রাইক প্রান্তে, ব্যাটিংয়ে ‘নাম্বার টেন’ স্টুয়ার্ট ব্রড। উইকেটের মাঝে দাঁড়িয়ে ব্রডের সঙ্গে কথা বললেন স্টোক। লাভ হয়নি তাতে। ব্রড ফিরে গেলেন স্লিপে ক্যাচ দিয়ে। সবার মনে তখন একটাই প্রশ্ন—স্টোকস সেঞ্চুরি পাবেন তো?
রাবাদার পরের তিনটি বল ঠেকিয়ে দিয়েছেন ‘এগারো নম্বর’ জেমস অ্যান্ডারসন। স্টোকসও আর সময় নিতে চাননি। মহারাজের পরের ওভারের দ্বিতীয় বলটি উড়িয়ে মারলেন। টাইমিং ঠিকঠাক হয়নি। লং অনে ফাফ ডু প্লেসি বল তালুবন্দীও করলেন। কিন্তু ক্যাচটি নিয়ে ভারসাম্য রাখতে পারেননি দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। পড়ে গেলেন দড়ির ওপর, ছয়। স্টোকস ৯৭। পরের বলে লং অন দিয়েই বিশাল এক ছয়ে ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি। পরের বলে ছক্কার ‘হ্যাটট্রিক’। এরপর করলেন আর ৩ রান। সূত্র: স্টার স্পোর্টস, ক্রিকইনফো।